Tag: শিক্ষার্থী সংঘর্ষ

  • নিউমার্কেটের উত্তেজনা কাটল: শিক্ষার্থী সংঘর্ষ নিয়ন্ত্রণে, স্বাভাবিক হলো যান চলাচল

    নিউমার্কেটের উত্তেজনা কাটল: শিক্ষার্থী সংঘর্ষ নিয়ন্ত্রণে, স্বাভাবিক হলো যান চলাচল

    এবিএনএ: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে সৃষ্ট উত্তেজনা পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের সড়কে একাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়। একই সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরও সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

    আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিউমার্কেট এলাকায় যান চলাচল আবার স্বাভাবিক হয়। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলিফ্যান্ট রোডে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

    নিউমার্কেট থানার পেট্রোল ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল নির্বিঘ্নে চলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

    সংঘর্ষের সূত্রপাত নিয়ে উভয় কলেজের শিক্ষার্থীরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, তাদের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়।

    অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তাদের শিক্ষার্থীরাই ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় মারধরের শিকার হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

    এ বিষয়ে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তন্ময় অভিযোগ করেন, কোনো ধরনের উসকানি ছাড়াই আইডিয়াল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের কলেজের কয়েকজন একাদশ শ্রেণির শিক্ষার্থীকে রিকশা থেকে নামিয়ে মারধর করা হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলেও তিনি দাবি করেন।

  • সায়েন্সল্যাবে রণক্ষেত্র: ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের তীব্র সংঘর্ষ, বন্ধ মিরপুর রোড

    সায়েন্সল্যাবে রণক্ষেত্র: ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের তীব্র সংঘর্ষ, বন্ধ মিরপুর রোড

    এবিএনএ: রাজধানীর ব্যস্ততম এলাকা সায়েন্সল্যাবে বৃহস্পতিবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে উভয় কলেজের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে জড়ায়। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

    উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলেও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    সরেজমিনে দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। মিরপুর থেকে নিউমার্কেট এবং উল্টো দিকের সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

    উল্লেখ্য, এর আগেও ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার উদ্যোগে দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র এক মাসের ব্যবধানে আবারও উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

  • বাকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের আকস্মিক হামলা, উত্তেজনা তুঙ্গে

    বাকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের আকস্মিক হামলা, উত্তেজনা তুঙ্গে

    এবিএনএ:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আকস্মিকভাবে এ হামলার ঘটনা ঘটে, যা ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

    সূত্রে জানা যায়, পশু পালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছিলেন। রবিবার সকাল ১১টায় এই বিষয়ে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে।

    শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের আন্দোলনের মূল দাবি থেকে বিচ্যুতি বলে মনে করে। এরপর বিকেল থেকে তারা উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে। রাত ৭টা ৪০ মিনিটে হঠাৎ বহিরাগতরা উপাচার্যের বাসভবনের দিক থেকে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে নারী শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা আহত হয়ে আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন।

    আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার প্রতিবাদে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জব্বারের মোড়ে জড়ো হতে শুরু করেছেন। পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।