Tag: শরীফ ওসমান হাদি

  • হাদি আমাদের বিদায় নেয়নি, সে জাতির চেতনায় বেঁচে থাকবে: জানাজায় আবেগঘন বার্তা প্রধান উপদেষ্টার

    হাদি আমাদের বিদায় নেয়নি, সে জাতির চেতনায় বেঁচে থাকবে: জানাজায় আবেগঘন বার্তা প্রধান উপদেষ্টার

    এবিএনএ: শহীদ ওসমান শরীফ হাদিকে বিদায় জানাতে নয়, বরং তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করতেই মানুষ একত্র হয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “হাদি আমাদের বুকের ভেতরেই আছে। বাংলাদেশ যতদিন টিকে থাকবে, ততদিন সে আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে।”

    শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। আবেগঘন কণ্ঠে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ থেকে ঢেউয়ের মতো মানুষ এখানে এসেছে। শুধু দেশেই নয়, প্রবাসে থাকা বাংলাদেশিরাও এই মুহূর্তে হাদির কথা জানতে, তাকে অনুভব করতে চায়।

    ড. ইউনূস বলেন, “আমরা আজ হাদিকে বিদায় জানাতে আসিনি। আমরা তার কাছে ওয়াদা করতে এসেছি। সে যে স্বপ্ন, যে দায়িত্ব আমাদের দিয়ে গেছে—সেগুলো পূরণ করার অঙ্গীকার করতেই আমরা একত্র হয়েছি।” তিনি বলেন, এই অঙ্গীকার শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মও বহন করবে।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির মানবিক রাজনীতি, মানুষের সঙ্গে বিনীত আচরণ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সংগ্রামী ভাষা আজ সবাইকে অনুপ্রাণিত করছে। এসব গুণ যেন জাতির চেতনায় স্থায়ীভাবে জাগ্রত থাকে—সে আহ্বান জানান তিনি।

    হাদির রেখে যাওয়া আদর্শকে “জাতির মন্ত্র” আখ্যা দিয়ে ড. ইউনূস বলেন, “সে আমাদের মাথা উঁচু করে চলার সাহস দিয়ে গেছে। কারও কাছে মাথা নত না করার শিক্ষা দিয়ে গেছে।” এই শিক্ষা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবনে প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি বলেন, নির্বাচনী রাজনীতিতে অংশ নিতে গিয়ে হাদি একটি শুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত রেখে গেছে। কীভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে কষ্ট না দিয়ে নিজের কথা বলতে হয়, কীভাবে বিনয়ের সঙ্গে রাজনীতি করতে হয়—সবকিছুই সে শিখিয়ে গেছে।

    শেষে প্রধান উপদেষ্টা বলেন, “হাদি হারিয়ে যায়নি। সে যুগের পর যুগ আমাদের সঙ্গে থাকবে। আজ আমরা তাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। তার আদর্শ স্মরণ করেই আমরা জাতির অগ্রগতির পথে এগিয়ে যাব।”