Tag: লন্ডনে চিকিৎসা

  • ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে দীর্ঘ চিকিৎসা

    ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে দীর্ঘ চিকিৎসা

    এবিএনএ:  চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।

    বুধবার (১ অক্টোবর) রাজধানীতে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিনেতার ছেলে মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিষয়টি জানান। তিনি বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ বছরের শুরুতে অবস্থার অবনতি হলে গত ৯ এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার এমআরআই রিপোর্টে তার মাথায় টিউমার ধরা পড়ে।”

    পরবর্তী সময়ে ডাক্তারদের পরামর্শে ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। ২৬ এপ্রিল তিনি ঢাকাকে বিদায় জানিয়ে লন্ডনে যান। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরো সার্জনের কাছে চিকিৎসা নেন। দীর্ঘ তিন মাসের পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

    অপারেশনে টিউমারের একটি অংশ অপসারণ করা সম্ভব হলেও পুরোটা সরানো যায়নি। ডাক্তাররা জানান, সম্পূর্ণ টিউমার অপসারণ করলে প্রাণহানির ঝুঁকি বা স্থায়ীভাবে প্যারালাইসড হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

    বর্তমানে বাকি অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চিকিৎসা চলছে। ছেলে জয় জানিয়েছেন, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে সুস্থ হতে সময় লাগবে।