Tag: রেলওয়ে

  • ছুটি শেষে ঢাকায় ফিরছে জনস্রোত, কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী

    ছুটি শেষে ঢাকায় ফিরছে জনস্রোত, কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী

    এবিএনএ:  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চার দিনের সরকারি ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে খুলে যাচ্ছে দেশের সরকারি অফিস-আদালতসহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে আজ থেকেই কর্মজীবী মানুষরা রাজধানীতে ফিরছেন কর্মস্থলে যোগ দিতে।

    শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে বাড়তি ভিড়। পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটিয়ে গ্রাম থেকে ফেরার পথে হাজারও মানুষে মুখর হয়ে উঠেছে পুরো স্টেশন এলাকা।

    সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা প্রায় সব ট্রেনেই ছিল যাত্রীতে ঠাসা। কিছু ট্রেন দেরিতে এলেও বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই পৌঁছেছে কমলাপুরে।

    কিশোরগঞ্জ থেকে ফেরা মশিউর রহমান বলেন, “গ্রামের শান্ত পরিবেশ ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু জীবিকার টানে ঢাকায় ফিরতেই হয়। ভালো লাগছে, এবার ট্রেন ভ্রমণটা ছিল স্বস্তিদায়ক— গাদাগাদি ছিল না, সময়মতোই এসেছি।”

    জামালপুর এক্সপ্রেসের যাত্রী সোহেল রানা জানান, “ভিড় আর গরমে কষ্ট হয়েছে, তবে পরিবার নিয়ে নিরাপদে পৌঁছাতে পেরে ভালো লাগছে। ট্রেন নির্ধারিত সময়েই এসেছে।”

    রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ ছুটির পর ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও ট্রেনের প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

    কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, “আজ ছুটির শেষ দিন বলে যাত্রী কিছুটা কম। তবে ৭ ও ৮ অক্টোবর ট্রেনে ভিড় আরও বাড়বে বলে ধারণা করছি, কারণ তখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে যাবে।” তিনি আরও বলেন, “যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।”

    রেলওয়ে কর্মকর্তারা জানান, যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ট্রেনের সময়সূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ে কঠোর নজরদারি চলছে।

  • খুলনায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু, আহত একাধিক

    খুলনায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু, আহত একাধিক

    এবিএনএ:  খুলনা নগরীর আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেন ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি, যিনি এখনো অজ্ঞাতপরিচিত। আহত হয়েছেন আরও অনেক যাত্রী, যাদের মধ্যে গুরুতর আহত অন্তত ৮ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    সোমবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানন্দা এক্সপ্রেস খুলনা প্রবেশের সময়, এক সিগন্যাল অমান্যকারী ট্রাক রেললাইনে উঠে পড়ে এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখনই দ্রুতগতির ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে গিয়ে রেললাইনের পাশে একটি খালাসির ঘরের উপর পড়ে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সিগন্যাল না মেনে রেললাইনের ওপর উঠে যায় এবং স্টার্ট বন্ধ হয়ে পড়লে সরে আসতে পারেনি। এতে চলন্ত ট্রেনটি সরাসরি আঘাত হানে। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন এবং প্রথম বগির একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের অনেকেই আঘাতপ্রাপ্ত হন, যাদের তাৎক্ষণিকভাবে আশপাশের ক্লিনিক এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, “ট্রেনটিতে তখন বহু যাত্রী ছিল। সংঘর্ষে সবাই কমবেশি আহত হয়েছেন এবং একজন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।”

    ঘটনার পরপরই খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।

    এই দুর্ঘটনা রেল ক্রসিং ব্যবস্থাপনার দুর্বলতা এবং সড়ক-রেল নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির ইঙ্গিত দেয় বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।