এবিএনএ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে আবারও তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। ভোটের মাত্র একদিন আগে, ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না।
যদিও প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিক সময়সীমা পেরিয়ে গেছে গত বুধবার, তবুও রেদুয়ানের নাম থাকবে ভোটের ব্যালটে।
রোববার বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন রেদুয়ান। তিনি বলেন,
“রাতের ভোট তো মানুষ দেখেছে, কিন্তু এরা যেভাবে ই-ব্যালটের নামে কাজ করছে, তাতে সেই ভোটকেও হার মানিয়েছে!”
রেদুয়ান অভিযোগ করেন, ই–ব্যালট ভোটে অনিয়ম হচ্ছে। তাঁর দাবি,
“আমি একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা দেখা করেননি। আমি আবেদন করেছিলাম যেন ই-ব্যালট ভোট শুধু বিদেশে থাকা বা হাসপাতালে ভর্তি ব্যক্তিরা দিতে পারেন। কিন্তু যারা দেশে আছেন, তারাও ই-ব্যালট দিচ্ছেন—এটা স্বচ্ছ নয়।”
রেদুয়ানের সরে দাঁড়ানোর ফলে ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিসিবির এই নির্বাচন ঘিরে আগেই নানা প্রশ্ন উঠেছিল। তবে রেদুয়ানের বক্তব্যে নতুন করে বিতর্কের আগুন জ্বলে উঠেছে ক্রিকেট অঙ্গনে। অনেকের মতে, এই ঘটনা নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।
