এবিএনএ: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উত্তরা পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুনিরুজ্জামান ঢাকার আদালতে এ আবেদন করেন।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ওই রাতেই জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের দায়ের করা মামলায় আনিস আলমগীরসহ চারজনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন— অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে একটি গোষ্ঠী গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়। অভিযোগ অনুযায়ী, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের বিভিন্ন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠন পুনর্বাসনের পক্ষে বিভ্রান্তিকর বক্তব্য ও প্রচারণা চালিয়ে আসছিলেন।
এ ধরনের প্রচারণার ফলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মী রাষ্ট্রবিরোধী তৎপরতা এবং সহিংস কার্যক্রমে উৎসাহিত হচ্ছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
