Tag: রাজনৈতিক বিশ্লেষণ

  • নির্বাচন পিছিয়ে ক্ষমতা ধরে রাখার ছক? তিন উপদেষ্টার গোপন কৌশল নিয়ে ফাঁস হওয়া নানা তথ্য

    নির্বাচন পিছিয়ে ক্ষমতা ধরে রাখার ছক? তিন উপদেষ্টার গোপন কৌশল নিয়ে ফাঁস হওয়া নানা তথ্য

    এবিএনএ: অন্তর্বর্তী সরকারের ভেতরে অন্তত তিনজন উপদেষ্টা নির্বাচন পেছানোর নানা কৌশলে সক্রিয় ছিলেন—এমন অভিযোগ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। আরেকজন উপদেষ্টার ভূমিকা ছিল পরিস্থিতিনির্ভর; তিনি দুই পক্ষের সঙ্গে সমঝোতা রেখে সময় পার করেছেন বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, এই গোষ্ঠীর কৌশলের অংশ হিসেবে মব সন্ত্রাসকে উসকে দিয়ে প্রশাসনিক সিদ্ধান্তে চাপ তৈরির চেষ্টা চলেছিল।

    শুরুর দিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে ইতিবাচক ছিলেন। পরে সংস্কারের বিস্তৃত প্রস্তাব সামনে এলে দ্রুত ভোটের পথ থেকে তিনি সরে আসেন। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে—এই সংস্কার-আলোচনার আড়ালে ক্ষমতার সময় বাড়ানোর হিসাব-নিকাশ ছিল, যেখানে তিন উপদেষ্টার চাপ বড় ভূমিকা রাখে।

    উপদেষ্টাদের যুক্তি ছিল, দ্রুত ভোট হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে এবং অপ্রত্যাশিত শক্তি সুবিধা নিতে পারে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই যুক্তির পেছনে ছিল নিজেদের প্রভাব দীর্ঘায়িত করা এবং নির্দিষ্ট শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের কৌশল। জনচাপ ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় শেষ পর্যন্ত এই পরিকল্পনা ধাক্কা খায়। আঞ্চলিক শক্তিগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার চাপও সিদ্ধান্ত বদলে প্রভাব ফেলে।

    পর্দার আড়ালে নিয়মিত বৈঠক, প্রশাসনের ওপর প্রভাব বিস্তার এবং বিদেশি কূটনৈতিক মহলে বার্তা দেওয়ার চেষ্টা—সব মিলিয়ে উপদেষ্টাদের প্রভাব একসময় এতটাই বেড়ে যায় যে প্রধান উপদেষ্টা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন। লন্ডনে হওয়া বৈঠককে কেন্দ্র করে নির্বাচনমুখী হওয়ার প্রক্রিয়া এগোলেও তা ভেস্তে দিতে নানা মহলের তৎপরতা ছিল বলে অভিযোগ রয়েছে। এতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ে।

    দেশের ভেতর থেকেও নির্বাচন ছাড়া বিকল্প নেই—এমন চাপ আসতে থাকে। তবু নির্বাচনবিরোধী তৎপরতা থামে না। প্রশাসনিক শৈথিল্য ও সহিংসতার ঘটনায় সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ কয়েকটি ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর দেরিতে পৌঁছানো নিয়ে রহস্যের কথাও উঠে আসে।

    রাজনৈতিক মহলের দাবি, প্রধান রাজনৈতিক শক্তিগুলো শুরু থেকেই নির্বাচনমুখী অবস্থান নেয় এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। সেনাবাহিনী সতর্ক ছিল, সোশ্যাল মিডিয়ায়ও নানা আলামত দেখা যায়। অভিযোগ রয়েছে—উপদেষ্টাদের কেউ কেউ বিদেশ সফরে গিয়ে কূটকৌশলে যুক্ত ছিলেন, জনমত জরিপ প্রভাবিত করার চেষ্টাও হয়েছে।

    নির্বাচনের দিনেও নির্দিষ্ট আসনের দিকে নজর ছিল একটি গোষ্ঠীর। তবে ফলাফল আসতে শুরু করলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে আসে তারা। এসব ঘটনায় স্পষ্ট হয়েছে—নির্বাচন বিলম্বের পেছনে কেবল প্রশাসনিক অজুহাত নয়, ছিল ক্ষমতার হিসাব-নিকাশ ও পর্দার আড়ালের রাজনীতি।

  • ১৭ বছরের অপেক্ষার অবসান: কেন ভোটের জোয়ারে ভেসে গেল বিএনপি—নেপথ্যের হিসাব-নিকাশ

    ১৭ বছরের অপেক্ষার অবসান: কেন ভোটের জোয়ারে ভেসে গেল বিএনপি—নেপথ্যের হিসাব-নিকাশ

    এবিএনএ: দীর্ঘ বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনীতিতে বড় মোড় নেয়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ, প্রতিদ্বন্দ্বী দলগুলোর সহাবস্থান এবং বড় ধরনের সহিংসতা না থাকায় নির্বাচনী পরিবেশ ছিল তুলনামূলক স্বস্তিকর। এই প্রেক্ষাপটে ২৯৯ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় তুলে নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ভূমিধস জয়ের পেছনে একাধিক সমীকরণ একসঙ্গে কাজ করেছে।

    নেতৃত্বের রূপান্তর ও ঐক্যের কৌশল
    দলের চেয়ারম্যান তারেক রহমান-এর কৌশলী নেতৃত্বকে বিশ্লেষকেরা প্রধান চালিকাশক্তি হিসেবে দেখছেন। সময়মতো দেশে ফেরা, বিদ্রোহী প্রার্থীদের সংযতভাবে সামাল দেওয়া এবং তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগ দলীয় ঐক্য জোরদার করেছে। প্রতিপক্ষের প্রতি সহনশীল ভাষা ও সময়োপযোগী বার্তা তরুণ ভোটার ও নাগরিক সমাজে ইতিবাচক সাড়া ফেলে।

    সহমর্মিতার ঢেউ ও সাংগঠনিক ত্যাগ
    গত দেড় দশকে দলের বহু নেতাকর্মীর নিপীড়ন ও কারাবরণের স্মৃতি ভোটারদের মধ্যে সহমর্মিতা জাগিয়েছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া আবেগও ব্যালটে প্রভাব ফেলেছে বলে মত বিশ্লেষকদের। মাঠপর্যায়ের সংগঠকরা বলছেন, দীর্ঘদিনের ত্যাগের হিসাব ভোটের দিনে ফিরেছে।

    বিরোধী শূন্যতা ও কৌশলগত ভোট
    ৫ আগস্টের পর বিরোধী শিবিরের রাজনৈতিক অনুপস্থিতি বিএনপিকে মূলধারার ‘নিরাপদ বিকল্প’ হিসেবে দাঁড় করায়। সংখ্যালঘু ভোটের একটি অংশ ঐতিহ্যগত ধারা ভেঙে বিএনপির দিকে ঝুঁকে পড়ে। অনেকে আবার শক্তিশালী ডানপন্থার উত্থান ঠেকাতে কৌশলগতভাবে বিএনপিকে বেছে নেন—এতে আসনসংখ্যা ২০০ ছাড়াতে সহায়তা পায় দলটি।

    ইশতেহার ও তরুণ ভোটার
    কর্মসংস্থান, কৃষক-সহায়তা, সামাজিক সুরক্ষা—এসব প্রতিশ্রুতি শহর ও গ্রামে গ্রহণযোগ্যতা পায়। ‘জেন-জি’ ভোটারদের বড় অংশ সংস্কারমুখী বার্তায় সাড়া দেয়। মাঠের প্রচারে প্রতিহিংসার বদলে সমঝোতার সুর বিএনপির পুরনো ভাবমূর্তি বদলাতে ভূমিকা রাখে।

    জয়ের আনন্দের পাশে পাহাড়সম চ্যালেঞ্জ
    বিপুল ম্যান্ডেটের সঙ্গে সঙ্গে নতুন সরকারের সামনে রয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে সুশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফেরানো ও প্রশাসনিক সংস্কারের কঠিন কাজ। বিশ্লেষকেরা সতর্ক করছেন—সংখ্যাগরিষ্ঠতার শক্তি যেন ‘একচ্ছত্রতার লাইসেন্স’ না হয়ে ওঠে। বিরোধী কণ্ঠকে জায়গা দেওয়া ও জবাবদিহি নিশ্চিত করাই হবে গণতান্ত্রিক পুনরুদ্ধারের আসল পরীক্ষা।

    নেতৃত্বের বার্তা
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফলকে আনন্দের পাশাপাশি দায়িত্বের বোঝা হিসেবেই দেখছেন। তাঁর ভাষায়, এই জনসমর্থন একটি ‘আমানত’। দলীয় নীতিনির্ধারকদের মতে, প্রতিহিংসার রাজনীতি নয়—অন্তর্ভুক্তিমূলক শাসনই এই জয়ের সার্থকতা টিকিয়ে রাখবে।

    সব মিলিয়ে, সহনশীল নেতৃত্ব, কৌশলগত ভোট ও বিরোধী শূন্যতার যুগল প্রভাবে বিএনপির ভূমিধস জয় এসেছে। তবে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র মেরামতের কাজ সহজ নয়—আগামী দিনগুলোতেই বোঝা যাবে, এই ম্যান্ডেট কতটা কাজে লাগাতে পারে নতুন সরকার।

  • “আই হ্যাভ অ্যা প্ল্যান”: জনাব তারেক রহমানের ভাষণ ও নতুন বাংলাদেশের রূপরেখা

    “আই হ্যাভ অ্যা প্ল্যান”: জনাব তারেক রহমানের ভাষণ ও নতুন বাংলাদেশের রূপরেখা

    এবিএনএ: ১৯৬৩ সালের ২৮ আগস্ট আমেরিকার ওয়াশিংটন ডিসিতে লিংকন মেমোরিয়ালের সামনে দুই লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আমেরিকার বর্ণবৈষম্য বিরোধী নেতা মার্টিন লুথার কিং জুনিয়র তাঁর ঐতিহাসিক ভাষণে উচ্চারণ করেছিলেন “আই হ্যাভ অ্যা ড্রিম।” এই উক্তিটি কেবল একটি আবেগঘন বাক্য ছিল না; এটি ছিল ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা, নিপীড়নের বিরুদ্ধে ন্যায় এবং সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের এক চূড়ান্ত প্রকাশ।

    এই ভাষণের মাধ্যমে আমেরিকার সর্বজনীন মানবাধিকার ও সমতার পক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ে সেদেশের সিভিল রাইটস অ্যাক্ট (১৯৬৪) ও ভোটিং রাইটস অ্যাক্ট (১৯৬৫) প্রণয়নে। রাজনীতির ইতিহাসে এটি এমন একটি ভাষণ, যেখানে নৈতিক আবেদন ও রাজনৈতিক লক্ষ্যের এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটেছিল।

    এই ঐতিহাসিক ঘটনার বাষট্টি বছর পর, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর, বাংলাদেশের রাজধানী ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে কয়েক মিলিয়ন মানুষের উপস্থিতিতে নিজের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উচ্চারণ করলেন “আই হ্যাভ অ্যা প্ল্যান।” অনুষ্ঠানটি ছিল একটি বরণ অনুষ্ঠান—কোন প্রতিবাদ সভা বা রাজনৈতিক সমাবেশ নয়। সঙ্গত কারণেই তিনি তাঁর এই “প্ল্যান”-এর বিস্তারিত বিবরণ এই ভাষণে দেননি। তবু তাঁর সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এই ভাষণের প্রতিটি শব্দ ও উচ্চারণ গভীরভাবে বিশ্লেষণ করলে নতুন বাংলাদেশের একটি রাজনৈতিক-নৈতিক রূপরেখার অভাস পাওয়া যায়।

    জনাব তারেক রহমান বেশ পরিষ্কার কন্ঠেই বলেছেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।” কোন রাজনৈতিক নেতার ক্ষেত্রে এমন কথা প্রত্যাশিত হলেও, তাঁর ভাষণের শব্দচয়ন ও ভঙ্গি ইঙ্গিত দেয় যে, এই বক্তব্য নিছক আনুষ্ঠানিক নয়। তাঁর “আই হ্যাভ অ্যা প্ল্যান” ভাষণটির অন্তর্নিহিত দর্শন বিশ্লেষণ করলে দেখা যায়, তাঁর রাজনৈতিক-নৈতিক রূপরেখা অন্তত: দশটি মৌলিক স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এগুলো হল:

    ১/ অকর্তৃত্ববাদী মনস্তত্ত্ব: সাম্প্রতিক অতীতে বাংলাদেশ ‘আমিত্বে’ ভরপুর কর্তৃত্ববাদী শাসনের তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে। জনাব তারেক রহমানের ভাষণে এই আমিত্ব ছিল অনুপস্থিত। রাজনৈতিক প্রসঙ্গে তাঁর ভাষণে তিনি “আমরা” এবং “সকলে মিলে” – এ ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, “আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব – যেখানে আমরা সকলে মিলে কাজ করব, আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব।” লক্ষণীয় যে, “আমি” শব্দটি তিনি ব্যবহার করেছেন কেবল ব্যক্তিগত অনুভূতির জায়গায়, যেমন রাব্বুল অলামীনের অশেষ রহমতে আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি” বা “এখান থেকে আমি আমার মা, দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব।” ভাষা ব্যবহারে আমিত্বের এই অনুপস্থিতি যুক্তিসঙ্গতভাবেই ইঙ্গিত দেয় যে, জনাব তারেক রহমান অকর্তৃত্ববাদী মনোভাব ধারণ করেন এবং সম্ভাব্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি একক সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার বদলে সম্মিলিত মতামত এবং অংশগ্রহণমূল রাজনীতিকে গুরুত্ব দিতে চান।

    ২/ বাকস্বাধীনতা নিশ্চিতকরণ: জনাব তারেক রহমান তাঁর ভাষণের প্রথম অংশেই বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতার প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি বলেন “আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়।” স্বৈরতান্ত্রিক সময়ের কথা স্মরণ করে তিনি আরও বলেন “শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন, জীবন দিয়েছেন।” অর্থাৎ বাকস্বাধীনতা রক্ষার জন্য দেশের মানুষের আকাঙ্খা ও আত্মত্যাগের বিষয়টিকে তিনি একটি অতি-গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখছেন। কাজেই, মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার একটি অঙ্গীকার তাঁর নতুন বাংলাদেশের রূপরেখায় থাকবে – এই প্রত্যাশা খুবই যৌক্তিক।

    ৩/ গণতান্ত্রিক-অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ: এ বিষয়টি লক্ষ্ করার মত যে, জনাব তারেক রহমানের ভাষণে গণতন্ত্র ও অর্থনীতি পরস্পর বিচ্ছিন্ন বিষয় হিসাবে আসেনি, বরং এ দু’টো বিষয় সবসময় একসাথে উচ্চারিত হয়েছে। তিনি বলেছেন “এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। এই দেশের মানুষ তাঁদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। …গণতান্ত্রিক ভিত্তি ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি।” এখান থেকে বোঝা যায়, তিনি যথার্থই উপলব্ধি করেছেন যে, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি ছাড়া কার্যকর ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র ও অর্থনীতিকে একসাথে বিবেচনা করার এই দৃষ্টিভঙ্গি তাঁর রাজনৈতিক রূপরেখাকে আরও বাস্তবমুখী করে তুলবে বলে আশা করা যায়।

    ৪/ নারীর অধিকার ও প্রত্যাশা সুপ্রতিষ্ঠিত করা: সাম্প্রতিক সময়ে কিছু উগ্রবাদীর কর্মকাণ্ডের কারণে নারীর অধিকার ইস্যুটি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় খুবই জাজ্বল্যমান ইস্যুতে পরিণত হয়েছে। আশার কথা হল, জনাব তারেক রহমানের ভাষণে নারীর অধিকার ইস্যুটি গতানুগতিক ধারায় আসেনি, বরং তিনি এর সাথে যুক্ত করেছেন চমৎকার একটি ধারণা ‘নারীর প্রত্যাশা’। তিনি তাঁর ভাষণে স্পষ্ট করেই উল্লেখ করেছেন, নারীর অধিকার ও উন্নয়ন হবে নারীর প্রত্যাশা অনুযায়ী; নারীর অধিকার ও উন্নয়নের ক্ষেত্রগুলো নির্ধারিত হবে তাঁদের দ্বারাই – কোন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও বিচার দিয়ে নয়। এই প্রগতির ইঙ্গিতবাহী অভিনবত্ব খুবই আশা জাগানিয়া একটি বিষয়।

    ৫/ নাগরিকের সর্বজনীন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ: স্বৈরতান্ত্রিক-ফ্যাসিস্ট শাসনামলের গুম-খুনের কথা উল্লেখ করে জনাব তারেক রহমান তাঁর ভাষণে সেই রক্তের ঋণ শোধ করতেই এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন যেখানে ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা-শ্রেণি নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা যাবে। তিনি উল্লেখ করেন যে, এই নিরাপত্তা হতে হবে এতটাই সার্বিক যতটা সার্বিক নিরাপত্তা একজন মা তাঁর সন্তানের জন্য প্রত্যাশা করেন। কাজেই, জনাব তারেক রহমানের “আই হ্যাভ অ্যা প্ল্যান” ভাষণ থেকে আমরা এই প্রত্যাশা করতে পারি যে, তাঁর রাজনৈতিক রূপরেখায় নাগরিকের সর্বজনীন এবং সার্বিক নিরাপত্তা একটি মৌলিক ও আবশ্যিক বিষয় হিসাবে বিদ্যমান আছে।

    ৬/ স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনায় উজ্জীবিত ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম: জনাব তারেক রহমান তাঁর ভাষণে ১৯৭১ সালের লাখো শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধ, ১৯৭৫ এর সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিশেষভাবে ২০২৪ এর গণঅভ্যূত্থানের কথা স্মরণ করে বলেন, এগুলোর লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিনিয়ে আনার পাশাপাশি আধিপত্যবাদের হাত থেকে দেশ ও এর জনগণকে রক্ষা করা। জনগণের এই রক্তাক্ত বিপ্লবসমূহ সম্পর্কে জনাব তারেক রহমানের দৃপ্ত উচ্চারণ থেকে স্পষ্টতই বোঝা যায়, যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি তাঁর “আই হ্যাভ অ্যা প্ল্যান” – এর অবতারণা করেছেন, তাঁর ভিত্তিমূলে রয়েছে এই বিপ্লবসমূহের চেতনা যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে প্রেরণা যোগাবে।

    ৭/ ইসলামী মূল্যবোধ ও আধুনিক-উদারনৈতিক রাষ্ট্রচিন্তার সমন্বয়: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনসাধারণ একই সাথে ধর্মপ্রাণ এবং ধর্মীয় উগ্রবাদ বিরোধী। তাঁরা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে সমতার ভিত্তিতে শান্তিতে বসবাসে আগ্রহী। তারেক রহমানের “আই হ্যাভ অ্যা প্ল্যান” ভাষণে এই জন-অভিপ্রায় প্রতিধ্বনিত হয়েছে। আল্লাহ তা’আলার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি তাঁর ভাষণ শুরু করে এক পর্যায়ে স্পষ্ট করে জানিয়েছেন, “আমরা সকলে নবী করিম (সা.) -এর যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।” ইসলামী মূল্যবোধ রক্ষা করার এই প্রতিজ্ঞার পাশাপাশি তিনি এটিও নিশ্চিত করেছেন যে, দেশ পরিচালনার সুযোগ পেলে তিনি উগ্রবাদকে প্রশ্রয় দেবেন না; বরং, সকল ধর্মের মানুষকে নিয়ে সমতা ও সম-অধিকারের ভিত্তিতে শান্তিপূর্ণ সহঅবস্থানের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবেন। তিনি তাঁর ভাষণে উল্লেখ করেছেন “এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব।” তিনি আরও উল্লেখ করেন “যেকোন ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে – এই হোক আমাদের চাওয়া আজকে।” কাজেই, তাঁর ভাষণ থেকে এমন অনুমান করা যৌক্তিক যে, ইসলামী মূল্যবোধকে ধারণ করে সকল ধর্মমতের মানুষের সমতা ও সম-অধিকারের নিশ্চয়তার ভিত্তিতে একটি আধুনিক ও উদারনৈতিক রাষ্ট্র কায়েম করা তাঁর ‘প্ল্যান’-এর অংশ।

    ৮/ অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ভাবনা: জনাব তারেক রহমান তাঁর “আই হ্যাভ অ্যা প্ল্যান” ভাষণে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলেছেন, সেখানে তিনি তাঁর ভাষায় “আরো যেসব জাতীয় নেতৃবৃন্দ আছেন” তাঁদেরকে নিয়েই সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা বলেছেন। কাজেই, তাঁর রাষ্ট্র ভাবনায় কেবল তিনি বা তাঁর দল নয়, বরং অন্তর্ভুক্ত আছে সকল দল। শুধুমাত্র যে বিভিন্ন রাজনৈতিক দলমতকেই তিনি তাঁর পরিকল্পনায় অন্তর্ভুক্ত করছেন এমন নয়, তিনি চাইছেন সকল শ্রেণি-পেশা-ধর্মের মানুষকে এই পরিকল্পনায় অন্তর্ভূক্ত করতে। তিনি যেমন রাষ্ট্র গঠনে তরুণদের অর্ন্তভূক্তি ও অংশগ্রহণের কথা জোর দিয়ে বলেছেন, তেমনই তাঁর এই অর্ন্তভূক্তিমূলক পরিকল্পনা থেকে বাদ যায়নি চল্লিশ লক্ষ প্রতিবন্ধী মানুষও। রাষ্ট্র গঠনে সকলের এই অন্তর্ভুক্তি প্রকারন্তরে রাষ্ট্রের উপর জনগণের মালিকানাকেই প্রতিফলিত করে।

    ৯/ রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা: জনাব তারেক রহমানের ভাষণে বারবার ধৈর্যধারণের কথা এসেছে। সকল সমস্যাকে তিনি ধৈর্যের সাথে মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন; উস্কানির মুখেও সকলকে ধীর এবং শান্ত থাকতে অনুরোধ করেছেন। তাঁর ভাষণও ছিল সম্পূর্ণরূপে উস্কানিমুক্ত যা বাংলাদেশের রাজনীতিতে বিরল। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, এমনকি তাঁর ও তাঁর পরিবার যে শক্তির নিপীড়নের শিকার হয়েছে, তার বিরুদ্ধেও তিনি কোন কঠোর শব্দচয়ন করেননি। এ থেকে বোঝা যায় যে, তাঁর নতুন বাংলাদেশের রূপরেখায় এমন একটি বাংলাদেশ থাকবে যেখানে পারস্পরিক হানাহানির বদলে রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাবে।

    ১০/ শান্তিই রাষ্ট্রের কেন্দ্রীয় লক্ষ্য: বাংলাদেশের জনগণের যত সংগ্রাম, যত ত্যাগ আছে, তার মূল লক্ষ্য শান্তিতে বসবাস করার চিরাচরিত প্রত্যাশা। আর জনগণের এই চিরাচরিত প্রত্যাশার প্রতিধ্বনি করে জনাব তারেক রহমান তাঁর ভাষণে দৃপ্তভাবে উচ্চারণ করেন “আমরা দেশে শান্তি চাই। আমরা দেশে শান্তি চাই। আমরা দেশে শান্তি চাই।” যে শান্তির কথা তিনি এখানে বলেছেন, তা নিরাপদ নাগরিক জীবনের প্রতিশ্রুতি বহন করে; এটি এমন এক সামাজিক অবস্থা, যেখানে নাগরিকগণ ভিন্নমত পোষণ করেও নিরাপদে থাকবেন এবং রাষ্ট্রকে ভয় নয়, বরং আস্থার জায়গা হিসাবে দেখবেন। এমন একটি শান্তিময় বাংলাদেশের প্রতিশ্রুতি জনাব তারেক রহমানের রাজনৈতিক রূপরেখায় থাকবে, সেই ইঙ্গিতই তাঁর “আই হ্যাভ অ্যা প্ল্যান” ভাষণের কেন্দ্রীয় উপজীব্য বিষয়।

    দোদুল্যমানতা ও বিশৃঙ্খলায় জর্জরিত ২০২৫ সাল শেষ হল দেশের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, দেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক, জাতির সর্বোচ্চ অভিভাবক বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে। বাংলাদেশে ২০২৬ এর শুরুটা তাই কেবল বেদনা বিধুর নয়, ভয় এবং আশঙ্কারও বটে। সন্দেহ নেই, এই ভয় এবং আশঙ্কার সময়ে জনাব তারেক রহমানের “আই হ্যাভ অ্যা প্ল্যান” ভাষণটি খুবই প্রাসঙ্গিক হয়ে বারবার ফিরে আসবে। এ ধারণা অমূলক নয় যে, বাষট্টি বছর আগে দেয়া মার্টিন লুথার কিং জুনিয়র -এর ভাষণটির মতই জনাব তারেক রহমানের “আই হ্যাভ এ প্ল্যান” খ্যাত ভাষণটিও ঐতিহাসিক এবং কালোত্তীর্ণ একটি ভাষণ হিসাবে ভবিষ্যতে বিবেচিত হবে।

    লেখক:- প্রফেসর ড. মোস্তফা নাজমুল মানছুর
    দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

  • মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হলে জাতির অস্তিত্বই বিপন্ন হবে: ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সতর্ক বিশিষ্টজনরা

    মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হলে জাতির অস্তিত্বই বিপন্ন হবে: ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সতর্ক বিশিষ্টজনরা

    এবিএনএ: সাম্প্রতিক সময়ে মহান মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য ও ইতিহাস বিকৃতির প্রচেষ্টা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন মহলের মতে, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার অর্থ স্বাধীন বাংলাদেশের ভিত্তিকেই অস্বীকার করা। বিশ্লেষকরা বলছেন, বিতর্ক নয়—মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ও সত্য ইতিহাস চর্চাই জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

    তাঁদের মতে, স্বাধীনতা বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। এর চেয়ে বড় কোনো প্রাপ্তি জাতির ইতিহাসে নেই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বস্তরের জনযুদ্ধ, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যার সশস্ত্র সূচনা ঘটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। এই যুদ্ধে আত্মদানকারী শহীদদের যথাযথ সম্মান জানানো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

    বিশেষজ্ঞরা আরও মনে করেন, মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৯৯০-এর গণ অভ্যুত্থান এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনও ইতিহাসে নিজ নিজ গুরুত্ব নিয়ে স্থান পাবে। কোনো ব্যক্তি বা দলকে অস্বীকার করতে গিয়ে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধকে বিকৃত করার সুযোগ নেই।

    সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের প্রতিচ্ছবি। এ নিয়ে প্রশ্ন তোলার মানে রাষ্ট্রের ভিত্তিকে নড়িয়ে দেওয়া। মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ কল্পনাই করা যায় না। এটি বাদ দিলে জাতির পরিচয়ও মুছে যাবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন বেপারী বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর যে প্রশ্নগুলো উঠছে, তা মূলত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হওয়ার ফল। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গড়া। কিন্তু দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা সেই স্বপ্নকে বাধাগ্রস্ত করেছে।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের চেতনা একই সূত্রে গাঁথা। উভয় আন্দোলনের লক্ষ্য ছিল মানবিক মর্যাদা, সাম্য, ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। একাত্তরের বিজয় ছিল পরাধীনতার বিরুদ্ধে, আর চব্বিশের বিজয় কর্তৃত্ববাদ ও দুর্নীতির বিরুদ্ধে—এই লড়াই এখনও চলমান।

    বিশিষ্টজনদের মতে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের সূচনাবিন্দু হতে হবে মুক্তিযুদ্ধ। ইতিহাস বিকৃতি নয়, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নই জাতিকে সামনে এগিয়ে নিতে পারে।