Tag: রাজনীতি ও বাণিজ্য

  • শীর্ষ ব্যবসায়ী-শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

    শীর্ষ ব্যবসায়ী-শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

    এবিএনএ: দেশের অর্থনীতি ও শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু ।

    বৈঠকের শুরুতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন উপস্থিত ব্যবসায়ী নেতাদের পরিচয় তুলে ধরেন। আলোচনায় দেশের শিল্প, বিনিয়োগ পরিবেশ, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    এই বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

    এছাড়া বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআই, বিসিআই, ডিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক নেতারাও বৈঠকে অংশ নেন। ব্যাংকিং, স্টিল, টেক্সটাইল, গার্মেন্টস, ওষুধ শিল্প এবং অটোমোবাইল খাতের প্রতিনিধিত্বও ছিল চোখে পড়ার মতো।

    বৈঠকে অংশগ্রহণকারীরা দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান বাস্তবতা তুলে ধরেন এবং অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করতে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন। তারেক রহমান ব্যবসায়ীদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে অর্থনীতি-বান্ধব নীতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

    রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে আসন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।