Tag: রমজান প্রস্তুতি

  • শাবানের চাঁদ দেখা গেল না সৌদিতে, মধ্যপ্রাচ্যে কবে থেকে শুরু হচ্ছে পবিত্র মাস?

    শাবানের চাঁদ দেখা গেল না সৌদিতে, মধ্যপ্রাচ্যে কবে থেকে শুরু হচ্ছে পবিত্র মাস?

    এবিএনএ: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদের দেখা মেলেনি। ফলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে এবং আগামী মঙ্গলবার থেকে শাবান মাস শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।

    রোববার সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে স্থাপিত চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে নতুন চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও তা নিশ্চিত করা যায়নি। নির্ভরযোগ্য সাক্ষ্য না পাওয়ায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত নেয়।

    সৌদি প্রেস এজেন্সিসহ দেশটির সরকারি গণমাধ্যমে প্রকাশিত ঘোষণায় জানানো হয়, সোমবার রজব মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং পরদিন মঙ্গলবার থেকে শাবান মাসের সূচনা হবে।

    ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান রমজানুল মুবারকের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত। এ মাসে মুসলমানরা বেশি বেশি নফল রোজা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধিতে মনোযোগ দেন। হাদিস শরিফে এসেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে অধিক নফল রোজা পালন করতেন।

    সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণাকে ভিত্তি করে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ তাদের হিজরি মাস নির্ধারণ করে থাকে। ফলে এসব দেশেও একই দিনে শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে মাসের সূচনা নির্ধারণ করা হয়। সে কারণে সৌদি আরবের সঙ্গে একদিনের পার্থক্য দেখা দিতে পারে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে শাবান মাস শুরুর তারিখ ঘোষণা করবে।

    শাবান মাস মুসলমানদের জন্য তওবা, আত্মসমালোচনা এবং পবিত্র রমজানের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতির এক বিশেষ সময়।