Tag: যমুনা ফিউচার পার্ক

  • ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম ফের শুরু

    ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম ফের শুরু

    এবিএনএ: ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ভিসা আবেদন গ্রহণসহ সব আনুষঙ্গিক সেবা চালু করা হয়।

    এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সাময়িকভাবে এই ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ওইদিন দুপুর ২টা থেকে আইভেক–জেএফসির কার্যক্রম বন্ধ থাকবে।

    বার্তায় আরও বলা হয়, যাদের ভিসা আবেদনের সময় নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন সময়সূচি বা স্লট দেওয়া হবে।

    এদিকে বাংলাদেশে ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কিছুক্ষণ আগেই ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধের ঘোষণা আসে।

    উল্লেখ্য, বুধবার জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ জোটের পক্ষ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে দুপুরের পর ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

    নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ভিসা সেন্টারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।