এবিএনএ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর গণমিছিলে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে দুজন সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা সদর উপজেলার সেলিমপুর ইউনিয়নের চর পাকুল্যা গ্রামের জোনাব আলী এবং একই ইউনিয়নের ছোনাট গ্রামের জিয়াউর রহমান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল শুরুর আগে একজন এবং মিছিল চলাকালে আরেকজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একজনের হার্টের জটিলতা দেখা দেয় এবং অন্যজনের ডায়াবেটিসজনিত সমস্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, প্রচারণার শেষ দিনে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও শহরের অলিগলি থেকে বিপুলসংখ্যক মানুষ মিছিলে অংশ নেয়। এ সময় দুজন কর্মী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। তাদের অকালপ্রয়াণে শোক প্রকাশ করে তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, নিহত দুজনই বয়সে প্রবীণ ছিলেন এবং আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।





