Tag: মঞ্চ ৭১

  • লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের গ্রেপ্তার নিয়ে ডেভিড বার্গম্যানের তীব্র সমালোচনা

    লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের গ্রেপ্তার নিয়ে ডেভিড বার্গম্যানের তীব্র সমালোচনা

    এবিএনএ:  সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি বলেন, এটি শুধু অযৌক্তিক পদক্ষেপ নয়, বরং দেশের স্বার্থবিরোধী।

    শুক্রবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বার্গম্যান লিখেছেন, “মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠানে বাধা দেওয়ার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে সাবেক মন্ত্রীসহ আয়োজক ও অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত সরকার না পুলিশ—কেউ নিয়েছে তা স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবেই এটি দেশের স্বার্থে নেওয়া পদক্ষেপ নয়।”

    তিনি আরও উল্লেখ করেন, সভায় যা বলা হয়েছিল বা বলা হতে পারত, তা কিছু মহলের কাছে উসকানিমূলক মনে হতে পারে। তবে গ্রেপ্তার হওয়া ১৬ জন কোনো অপরাধ করেননি, তারা কেবল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

    বার্গম্যানের মতে, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যদি সত্যিই দেশকে নতুন পথে এগিয়ে নিতে চায়, তাহলে তাদের বুঝতে হবে—রাজনৈতিক সুবিধার জন্য কাউকে গ্রেপ্তার বা মানবাধিকার হরণ কোনো সমাধান নয়। আওয়ামী লীগের অতীত ভুলগুলোর একটি বড় কারণও ছিল এই ধরনের দমননীতি।

    তিনি আরও সতর্ক করে বলেন, এভাবে নির্বিচারে গ্রেপ্তার কেবল বিচার প্রক্রিয়ার পরিপন্থীই নয়, বরং এটি মব বা বিশৃঙ্খলাকারীদের উৎসাহিত করে। ফলে ভবিষ্যতে একই ধরনের সভা-সমাবেশে বাধা দেওয়া স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াতে পারে।

  • ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাটকীয়তা: লতিফ সিদ্দিকীসহ ১৫ জনকে ডিবি কার্যালয়ে নিয়ে গেল পুলিশ

    ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাটকীয়তা: লতিফ সিদ্দিকীসহ ১৫ জনকে ডিবি কার্যালয়ে নিয়ে গেল পুলিশ

    এবিএনএ: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠক থেকে সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)সহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। পরে তাঁদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম।

    বৃহস্পতিবার দুপুরের দিকে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল ব্যক্তি অনুষ্ঠানস্থলে প্রবেশ করে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে। এরপর তাঁরা স্লোগান দিতে দিতে আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে এবং অবরুদ্ধদের পুলিশের হাতে তুলে দেয়।

    সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বৈঠকটি শুরু হয় বেলা ১১টার দিকে। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। যদিও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ড. কামাল হোসেন অনুষ্ঠানে আসেননি।

    প্রথম বক্তৃতায় অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, দেশের সংবিধানকে বিপথে নেয়ার চেষ্টা চলছে এবং এর সঙ্গে যুক্ত জামায়াত, এনসিপি ও অধ্যাপক ইউনূসের অনুসারীরা। তাঁর বক্তব্যের কিছুক্ষণ পরই হট্টগোল শুরু হয়।

    অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসাদুজ্জামান জানান, দুপুর সোয়া ১২টার দিকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

    এ প্রসঙ্গে লতিফ সিদ্দিকী বলেন, “আমি কোনো সমস্যা হবে জানতাম না। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দাওয়াত পেয়েই অনুষ্ঠানে এসেছিলাম।”

    অন্যদিকে, পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়ে আল আমিন রাসেল নামে এক ব্যক্তি দাবি করেন, “এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ষড়যন্ত্র করছিল। জুলাই যোদ্ধারা জীবিত থাকতে এটা হতে দেওয়া হবে না।”