Tag: ভারত সফর

  • ১৪ বছর পর মেসির জমকালো প্রত্যাবর্তন: ‘গোট ইন্ডিয়া ট্যুরে’ ভারত মাতাতে প্রস্তুত ফুটবল জাদুকর

    ১৪ বছর পর মেসির জমকালো প্রত্যাবর্তন: ‘গোট ইন্ডিয়া ট্যুরে’ ভারত মাতাতে প্রস্তুত ফুটবল জাদুকর

    এবিএনএ: ১৪ বছর পর আবার ভারতে পা রাখতে চলেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ২০১১ সালে প্রথমবার ভারত সফর করেছিলেন তিনি। সেই সময়ের তরুণ মেসি এখন বহু সাফল্যের মালিক—দুটি কোপা আমেরিকা, বিশ্বকাপ, অগণিত শিরোপা এবং রেকর্ডসংখ্যক ব্যালন ডি’অর জিতে ঠিকই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তাই তার এ সফরের নাম দেওয়া হয়েছে—‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’, যার অর্থ ‘সর্বকালের সেরা’-র ভারত ভ্রমণ।

    এই সফরে তিনটি পূর্ণ দিন ভারতের চার শহরে নানা কর্মসূচিতে অংশ নেবেন মেসি। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লি—প্রতিটি জায়গাতেই ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে উন্মাদের উচ্ছ্বাস।

    সফরের বিভিন্ন পর্বে মেসির সঙ্গে যোগ দেবেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, বিশেষ করে মুম্বাইয়ের বেশ কিছু অনুষ্ঠান সুয়ারেজ ও ডি পলকে নিয়েই সাজানো হয়েছে।

    কলকাতা পর্ব – ১৩ ডিসেম্বর

    মেসির সফর শুরু হবে কলকাতা দিয়ে। দিবাগত রাত ১:৩০-এ পৌঁছানোর পর সকাল ৯:৩০ থেকে শুরু হবে ‘মিট অ্যান্ড গ্রিট’। নিরাপত্তাজনিত কারণে লেক টাউন মোড়ে নিজের ৭০ ফুট ভাস্কর্য অনলাইনে উদ্বোধন করবেন তিনি। দুপুরে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রীতি ম্যাচ, সম্মাননা ও আলাপচারিতায় অংশ নেওয়ার পর তিনি রওনা দেবেন হায়দরাবাদের উদ্দেশে।

    হায়দরাবাদ পর্ব – ১৩ ডিসেম্বর সন্ধ্যা

    উপ্পল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেসিকে ঘিরে প্রদর্শনী ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিকেও অংশ নেবেন মেসি, সুয়ারেজ ও ডি পল—যেখানে তারা শিশুদের সরাসরি প্রশিক্ষণ দেবেন।

    মুম্বাই পর্ব – ১৪ ডিসেম্বর

    বিকেল ৩:৩০ থেকে সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট, তারপর সেলিব্রিটি ফুটবল ম্যাচ এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে চ্যারিটি ফ্যাশন শোসহ একাধিক আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে তার সূচিতে। মুম্বাই পর্বটি হবে সফরের সবচেয়ে তারকাখচিত আয়োজন।

    নয়াদিল্লি পর্ব – ১৫ ডিসেম্বর

    দিল্লিতে মেসির সম্ভাব্য সাক্ষাৎ নির্ধারিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দুপুরে অরুণ জেটলি স্টেডিয়ামে একটি আয়োজন এবং মিনার্ভা একাডেমির তরুণ খেলোয়াড়দের সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হবে মেসির ভারত সফর।

    টিকিটের মূল্য

    • কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি

    • হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি

    • দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি

    • মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি

    ফুটবল বিশ্বের সর্বশ্রেষ্ঠ তারকাকে সামনে দেখতে আগ্রহীদের কাছে এই সফর ইতোমধ্যেই উৎসবের আবহ তৈরি করেছে।

  • দিল্লিতে আঞ্চলিক নিরাপত্তা সভায় যোগ দিতে ১৯ নভেম্বর ভারত যাচ্ছেন খলিলুর রহমান

    দিল্লিতে আঞ্চলিক নিরাপত্তা সভায় যোগ দিতে ১৯ নভেম্বর ভারত যাচ্ছেন খলিলুর রহমান

    এবিএনএ: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। তিনি দিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

    জানা যায়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক বৈঠকটি ২০ নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারত মহাসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা পাঁচ সদস্য রাষ্ট্রের এই নিরাপত্তা প্ল্যাটফর্মে সন্ত্রাস দমন, সমুদ্র নিরাপত্তা, সাইবার হুমকি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তৃত আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে গত অক্টোবর মাসে ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। সেই আমন্ত্রণের ভিত্তিতেই তিনি এবার দিল্লির গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যাচ্ছেন।

    এ বছরের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সভার আয়োজক দেশ ভারত, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা যৌথ নিরাপত্তা কৌশল নিয়ে মতবিনিময় করবেন।

  • ভারতে এক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার দাবি ১৩০ কোটি রুপি!

    ভারতে এক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার দাবি ১৩০ কোটি রুপি!

    এবিএনএ:  বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে মাঠে দেখতে হলে এবার ভারতীয় দর্শকদের খরচ করতে হবে আকাশছোঁয়া অর্থ। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজদের নিয়ে গড়া দলটির প্রীতি ম্যাচ আয়োজনেই খরচ হতে যাচ্ছে শত কোটি টাকা।

    ভারতের গণমাধ্যম দ্য হিন্দু জানায়, নভেম্বরে কেরালায় নির্ধারিত এক ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দাবি করেছে ১৩০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা। এর সঙ্গে প্রতিপক্ষ দল ও অন্যান্য আয়োজন যোগ করলে মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪০০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৫৫৬ কোটি)।

    এএফএ নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা উইন্ডোতে খেলার পরিকল্পনা রয়েছে তাদের। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে একটি ম্যাচ এবং নভেম্বরে ভারতের কেরালা ও অ্যাঙ্গোলার লুয়ান্ডায় দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

    কেরালার কোন শহরে ম্যাচ হবে কিংবা প্রতিপক্ষ কে হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি। তবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম শোনা যাচ্ছে। শর্ত অনুযায়ী, প্রতিপক্ষকে অবশ্যই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০–এর মধ্যে থাকতে হবে।

    সবশেষ ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে খেলেছিলেন তরুণ মেসিও। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন ফুটবল মহারথী।

    এছাড়া দলীয় সফরের পর ডিসেম্বর মাসে ব্যক্তিগতভাবেও ভারতে আসবেন মেসি। কলকাতা থেকে শুরু হবে তার ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’, যা পৌঁছাবে আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে। সফরে মেসির ভাস্কর্য উন্মোচন, গোট কনসার্ট এবং গোট কাপে অংশগ্রহণেরও পরিকল্পনা রয়েছে।