Tag: বুয়েট

  • তিন দফা দাবিতে মৎস্য ভবনের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী

    তিন দফা দাবিতে মৎস্য ভবনের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী

    এবিএনএ:  রাজধানীর ব্যস্ত সড়ক মৎস্য ভবনের সামনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় জটলার সৃষ্টি করেন বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে তারা হঠাৎ সড়ক অবরোধ করে বসেন, ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

    শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি ও ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার নিয়ে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করতে হবে, কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং সরকারি চাকরিতে দশম গ্রেডে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের যোগ্যতা বিবেচনা করতে হবে।

    বৃহস্পতিবারের এ কর্মসূচির আগে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন হয়ে প্রেসক্লাব ও হাইকোর্টের সামনে দিয়ে এগিয়ে যান। পরে তারা মৎস্য ভবন এলাকায় গিয়ে অবস্থান নেন।

    এর আগেও শিক্ষার্থীরা গত মঙ্গলবার (২৬ আগস্ট) পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। আর বুধবার (২৭ আগস্ট) পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেন তারা, যার ফলে ওই এলাকা এবং আশপাশের সড়ক কয়েক ঘণ্টা বন্ধ থাকে।

    আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে।

  • তিন দফা দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন: বুয়েটসহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

    তিন দফা দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন: বুয়েটসহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

    এবিএনএ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার চলছে ‘কমপ্লিট শাটডাউন’। তিন দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন।

    বুয়েটে সাধারণত বৃহস্পতিবার কোনো ক্লাস না থাকলেও বিভিন্ন পরীক্ষার আয়োজন হয়ে থাকে। তবে আজকের কর্মসূচির কারণে সব পরীক্ষা স্থগিত রয়েছে। শুধু কর্মকর্তা-কর্মচারীরাই কয়েকটি বিভাগে উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের দেখা মেলেনি।

    শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ বুধবার রাতেই সংবাদ সম্মেলন করে দেশব্যাপী শাটডাউনের ঘোষণা দেয়। ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি কার্যকর হয়।

    এর আগে, মঙ্গলবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা। গতকাল সকাল ১১টার দিকে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এ সময় লাঠিচার্জে বহু শিক্ষার্থী আহত হন।

    তবে আহত হয়েও বিকেল সাড়ে পাঁচটার দিকে পুনরায় শাহবাগে অবস্থান নেন তাঁরা। রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সরে গেলেও আন্দোলনের ডাক আরও জোরদার হয়।

    প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ রাতের সংবাদ ব্রিফিংয়ে জানান, আজ বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সভা হবে এবং সেখানেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

    এসময় বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ঘোষণা দেন— দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

  • প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা অগ্রহণযোগ্য: উপদেষ্টা ফাওজুল কবির

    প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা অগ্রহণযোগ্য: উপদেষ্টা ফাওজুল কবির

    এবিএনএ:  রাজধানীতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, “শিক্ষার্থীদের ওপর যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য।”

    বুধবার সন্ধ্যায় রেলভবনে শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সরকারের তিন উপদেষ্টার বৈঠক হয়। তবে প্রায় এক ঘণ্টার এই বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফাওজুল কবির ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    ফাওজুল কবির জানান, সমস্যা সমাধানে গঠিত সাত সদস্যের কমিটির পাঁচজন অনুপস্থিত থাকায় আলোচনা পূর্ণতা পায়নি। তিনি আশ্বাস দেন, বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও প্রকৌশলীদের সঙ্গে আলোচনায় বসা হবে।

    তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতি পুলিশের আচরণ অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবেন।”

    অন্যদিকে বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিনিধি জানায়, আন্দোলনের সার্বিক বিষয় আলোচনা করে সহপাঠীদের সঙ্গে মিলিত সিদ্ধান্ত জানানো হবে।

    শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

    ১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও জবাবদিহি করতে হবে।
    ২. গঠিত কমিটি বাতিল করে নতুনভাবে শিক্ষক-প্রকৌশলী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে এবং দাবিগুলো দ্রুত কার্যকর করতে হবে।
    ৩. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে ও আন্দোলন চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
    ৪. শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
    ৫. আন্দোলনে পুলিশের ভূমিকার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।

    উল্লেখ্য, ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডে নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগে সম্প্রতি ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামক প্ল্যাটফর্ম তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে। এতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

    বুধবার রাজধানীতে “লং মার্চ টু ঢাকা” কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ ঘটে। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখে।