Tag: বিনোদন সংবাদ

  • প্রিন্স রূপে ফিরছেন শাকিব খান, ঢাকাই সিনেমায় শুরু নতুন অধ্যায়

    প্রিন্স রূপে ফিরছেন শাকিব খান, ঢাকাই সিনেমায় শুরু নতুন অধ্যায়

    এবিএনএ:  আবারও ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। বহুল প্রতীক্ষিত তারকা-অভিনীত সিনেমা প্রিন্স আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির প্রথম পোস্টার শেয়ার করেন শাকিব খান। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে।

    পোস্টারে দেখা যাচ্ছে—ঢাকার ব্যাকড্রপে বন্দুক হাতে একদল মানুষ দাঁড়িয়ে আছে। আর তাদের মাঝে দুহাতে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছেন মূল চরিত্র। পোস্টারের ট্যাগলাইন— Once Upon a Time in Dhaka। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন ঘোষণাও—“শহর চিনবে তার আসল নায়ককে।”

    ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি শতাধিক নাটক ও ডকু-ফিল্ম নির্মাণ করেছেন।

    ঘোষণা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। এ কারণে ঢালিউডে শাকিব ভক্তদের মধ্যে ইতিমধ্যেই বাড়ছে আগ্রহ।

  • অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী প্রভা

    অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী প্রভা

    এবিএনএ: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছবি ও ভিডিও অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ব্যবহার করার ঘটনায়। মঙ্গলবার বিকেলে ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, একটি ভ্রমণ এজেন্সি ‘ট্রাভেল ট্রাকারস’ তার ব্যক্তিগত ভ্রমণের ছবি ও ভিডিও অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে প্রচার করছে।

    প্রভা স্পষ্টভাবে জানান, ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো ধরনের চুক্তি বা সম্পর্ক নেই। তিনি বলেন, “ট্রাভেল ট্রাকারসের কোনো সেবা আমি গ্রহণ করিনি। আমি যখন ভ্রমণে যাই, নিজের অর্থ খরচ করেই যাই। তারপরও তারা আমার ছবি-ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটা অনৈতিক এবং মেনে নেওয়া যায় না।”

    এছাড়া তিনি কড়া সতর্কবার্তাও দেন, “আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি ব্যবহার করছেন? আমি তো কখনো অনুমতি দিইনি। এটা করবেন না, সাবধান হোন।”

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ট্রাভেল ট্রাকারসের এক কর্মকর্তা কবির ইসলাম বলেন, তিনি বিষয়টি জানেন না এবং এটি তাদের সোশ্যাল মিডিয়া টিম দেখছে। তবে পরে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

    উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। জনপ্রিয় এ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও সুনাম অর্জন করেছেন। তিনি নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

  • নায়িকার চরিত্রে প্রথমবার রুনা খান, আসছে নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’

    নায়িকার চরিত্রে প্রথমবার রুনা খান, আসছে নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’

    এবিএনএ:  ছোটপর্দা থেকে বড়পর্দা— দুই মাধ্যমেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এবার প্রথমবারের মতো তিনি অভিনয় করতে যাচ্ছেন সিনেমার নায়িকা চরিত্রে। ছবিটির নাম ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। নির্মাণের দায়িত্বে আছেন পরিচালক আলী জুলফিকার জাহেদী।

    পরিচালক জানিয়েছেন, ছবির কেন্দ্রীয় চরিত্রে রুনা খানকে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। অন্য শিল্পীদের চূড়ান্ত করার কাজও প্রায় শেষ পর্যায়ে। বছরের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে, আর তার আগে সব ধরনের প্রস্তুতি শেষ করবেন তিনি।

    রুনা খান বলেন, “দর্শক সবসময় আমাকে নানা ধরনের চরিত্রে দেখে অভ্যস্ত। এবার ভিন্নভাবে পর্দায় হাজির হওয়ার ইচ্ছে থেকেই নায়িকা চরিত্রে অভিনয় করছি। চাই দর্শক নতুনভাবে আমাকে আবিষ্কার করুক।”

    তিনি আরও জানান, ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ মূলত এক নায়িকার বাস্তব জীবনের গল্প ঘিরেই তৈরি হচ্ছে। পর্দার আড়ালে অভিনেতাদের সুখ-দুঃখ, সংগ্রাম ও আবেগ— সেসব দিক দর্শকের সামনে তুলে ধরাই ছবিটির মূল উদ্দেশ্য। তাঁর বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী কাজটি শেষ করতে পারলে এটি হবে দর্শকের মনে দাগ কেটে যাওয়ার মতো একটি চলচ্চিত্র।

  • ঢাবিতে ছবিতে জুতা নিক্ষেপের ঘোষণায় খায়রুল বাসারের আবেগঘন প্রতিক্রিয়া

    ঢাবিতে ছবিতে জুতা নিক্ষেপের ঘোষণায় খায়রুল বাসারের আবেগঘন প্রতিক্রিয়া

    এবিএনএ:  ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার আবারও আলোচনায়। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রশংসা পেলেও, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোয় এবার সমালোচনার মুখে পড়েছেন তিনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী তার ও কয়েকজন তারকার বিরুদ্ধে ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দিয়েছে। বিষয়টি নিয়ে নিজ বিশ্ববিদ্যালয়ের অনুজদের উদ্দেশে সামাজিক মাধ্যমে খোলামেলা বার্তা দিয়েছেন বাসার।

    তিনি লেখেন, “আজ নাকি ঢাবি ক্যাম্পাসে আমার ছবিতে জুতা নিক্ষেপ হবে? আমি কোন অপরাধ করেছি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি বলে, নাকি বঙ্গবন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছি বলে?”

    নিজের আবেগ প্রকাশ করে তিনি আরও লেখেন, “আমার ভাইয়েরা, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা ছুঁড়ে মারো। আমি হাসিমুখে তা গ্রহণ করবো। কারণ আমি বুঝেছি, তোমরা রাজনৈতিক পথে নেমেছো। মানুষের আবেগ এখন তোমাদের কাছে গুরুত্বহীন। তবুও ভালোবাসা আর শুভকামনা রইলো।”

    এর আগে ১৫ আগস্ট বাসার তার সামাজিক মাধ্যমে আল মাহমুদের একটি কবিতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে নির্মলেন্দু গুণের ‘বাংলার ধ্রুবতারা’ কবিতার অংশ শেয়ার করেন। পোস্টটিতে তিনি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

  • শোকাবহ দিনে বঙ্গবন্ধুকে নিয়ে আবেগঘন বার্তা শাকিব খানের

    শোকাবহ দিনে বঙ্গবন্ধুকে নিয়ে আবেগঘন বার্তা শাকিব খানের

    এবিএনএ:  আজ ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তাঁকে। বহু বছর ধরে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

    প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, এদিনকে ঘিরে কোনো ব্যক্তি বা সংগঠন কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদিও সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ ও বিভিন্ন পেশার মানুষ নানা উপায়ে শোক প্রকাশ করছেন—ছবি, লেখা ও স্মৃতিচারণের মাধ্যমে। বিনোদন জগতের শিল্পীরাও সেই শোকের অংশীদার।

    ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানও এদিন বঙ্গবন্ধুর প্রতি তাঁর শ্রদ্ধা জানাতে ভুলেননি। শুক্রবার নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে তিনি লেখেন— “শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।”

    রাজনৈতিক ব্যানারে সরাসরি যুক্ত না থাকা সত্ত্বেও শাকিব খান ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এবং চলতি মাসেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

  • শাকিবের নায়িকা নাবিলার সঙ্গে নিশোর নতুন ওটিটি সিরিজ ‘আকা’

    শাকিবের নায়িকা নাবিলার সঙ্গে নিশোর নতুন ওটিটি সিরিজ ‘আকা’

    এবিএনএ:  ওটিটি দুনিয়ায় জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদ ও অভিনেতা আফরান নিশোর বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটছে নতুন সিরিজ ‘আকা’ দিয়ে। হইচইতে মুক্তি পেতে যাওয়া এই সামাজিক থ্রিলারে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এটি নাবিলার প্রথম পূর্ণাঙ্গ ওটিটি সিরিজ, যেখানে তিনি অভিনয় করছেন নিশোর বিপরীতে। এর আগে তিনি বড় পর্দায় শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন।

    বড় পর্দায় অভিষেকের পর থেকেই গুঞ্জন ছিল, নিশো আবার ওটিটিতে ফিরবেন। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো প্রায় তিন বছর পর। ‘আকা’ প্রসঙ্গে নিশো বলেন, “সিরিজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। দর্শকরা এখানে একেবারে ভিন্ন স্বাদের কনটেন্ট পাবেন।”

    পরিচালক ভিকি জাহেদ জানান, “‘আকা’ নির্মাণ আমার কাছে ছিল এক আবেগময় যাত্রা। এটি আমার প্রথম সামাজিক থ্রিলার এবং দর্শকদের সঙ্গে ভিন্নধর্মী এক্সপেরিমেন্ট করেছি। নিশো ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও ছিল, তবে সিরিজে এটাই প্রথমবার। নাবিলার অভিনয়ও চমৎকার লেগেছে।”

    নিজের অভিজ্ঞতা নিয়ে নাবিলা বলেন, “‘আকা’ আমার জন্য অত্যন্ত বিশেষ একটি কাজ। প্রথমবার সিরিজে কাজ করছি বলে বাড়তি আনন্দ লাগছে। আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রই নয়, পুরো গল্পটিকে পছন্দ করবেন।”

    ন্যায়–অন্যায়, শোধ–প্রতিশোধ, রহস্য ও সাসপেন্সের মিশেলে তৈরি হয়েছে ‘আকা’। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এই সিরিজটি হইচইতে মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরেই।

  • ‘শালিক বালিকা’ দিয়ে ফের দর্শক মাতালেন ইয়াশ-তটিনী

    ‘শালিক বালিকা’ দিয়ে ফের দর্শক মাতালেন ইয়াশ-তটিনী

    এবিএনএ: জনপ্রিয় তারকা জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে ‘ভালো থেকো’ নাটকে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তারা। সেই সাফল্যের রেশ থাকতেই এবার নতুন নাটক ‘শালিক বালিকা’ নিয়ে ফিরেছেন এই জুটি, যা ইতোমধ্যে দর্শকের মনোযোগ কেড়ে নিচ্ছে।

    মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে ‘শালিক বালিকা’ নাটকটি নির্মাণ করেছেন পরিচালক মাহমুদ মাহিন। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই।

    অভিনেতা ইয়াশ রোহান বলেন, “দর্শক আমাদের জুটিকে ভালোবাসেন বলেই এতগুলো নাটকে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। শুরু থেকেই তারা আমাদের ভিন্ন ভিন্ন গল্পে দেখতে চান, তাই নির্মাতারাও আমাদের নিয়ে নতুন চরিত্রের পরিকল্পনা করেন। এবারও দর্শকের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি।”

    একইভাবে অভিনেত্রী তটিনীও জানিয়েছেন, ‘শালিক বালিকা’ নাটকে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং দর্শকের ইতিবাচক সাড়া পেয়ে তারা উৎসাহিত।

    নাটকটিতে ইয়াশ-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর ও সাব্বির আহমেদ। টেলিভিশনে প্রচারের পর সম্প্রতি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই অনলাইনে দর্শকের প্রশংসা ও সাড়া পাচ্ছে এই জনপ্রিয় জুটি।

  • “আমি কারো সঙ্গে পাল্লা দিতে আসিনি, নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি”—অপু বিশ্বাস

    “আমি কারো সঙ্গে পাল্লা দিতে আসিনি, নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি”—অপু বিশ্বাস

    এবিএনএ:   শাকিব খান ও বুবলীর যুক্তরাষ্ট্র সফরের ছবিগুলো ভাইরাল হতেই শোবিজ অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। সবার নজর তখন অপু বিশ্বাসের দিকে। নেটিজেনরা অপেক্ষায় ছিলেন, তিনি কী বলেন!

    অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এক পুরনো ফেসবুক পোস্টকে সামনে এনে জানিয়ে দিলেন—তিনি কোনো অসুস্থ প্রতিযোগিতায় নেই। বরং নিজের জায়গাতেই তিনি শান্তিতে আছেন।

    ২০২৫ সালের ১৫ জুন অপু বিশ্বাস তার ফেসবুক পোস্টে লেখেন,
    “আমার কোনো ব্যক্তিগত মুহূর্ত বা সন্তানের সঙ্গে কাটানো সময় যখন শেয়ার করি, তখন দেখি অকারণে একটি প্রতিযোগিতা তৈরি হয়ে যায়। আমি একজন মা, অভিনেত্রী এবং উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব রয়েছে। আমি কাউকে কিছু প্রমাণ করতে আসিনি।”

    তিনি আরো লেখেন,
    “ক্যামেরার পেছনে আমি একজন সাধারণ নারী। আমার জীবনেও পরিকল্পনা, সংগ্রাম, এবং ভালোবাসা আছে। আমার সন্তানের জন্য আমি সময় দেই, তার মানসিক বিকাশ ও সুন্দর শৈশব নিশ্চিত করতে চাই।”

    অপু বিশ্বাস আরও বলেন, “আমি দেখেছি, আমার পারিবারিক কোনো পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার রিঅ্যাকশন’ আসে। কিন্তু আমি জানাতে চাই, এই প্রতিযোগিতায় আমি নেই। সম্মান অর্জন করতে হয়—অন্যকে ছোট করে নয়।”

    সবশেষে অপু লেখেন,
    “কারো সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি আমার জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন এবং পাশে থাকেন—তাদের প্রতি কৃতজ্ঞতা। নিজের আত্মমর্যাদা নষ্ট করে কারো সঙ্গে তাল মিলিয়ে চলার ইচ্ছে নেই। ভালোবাসা থাকুক স্বচ্ছ, স্থায়ী এবং সম্মানজনক।”

    অপুর এই স্পষ্ট বক্তব্যে তার ভক্তরা যেমন প্রশংসা করছেন, তেমনি শোবিজ অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

  • জাতীয় স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত শাহরুখ: ‘এটা কেবল পুরস্কার নয়, এগিয়ে যাওয়ার প্রেরণা’

    জাতীয় স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত শাহরুখ: ‘এটা কেবল পুরস্কার নয়, এগিয়ে যাওয়ার প্রেরণা’

    এবিএনএ:  বলিউডের বাদশা শাহরুখ খান অভিনয়ে পা রেখেছেন ৩৩ বছর আগে। অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও এতদিন পর্যন্ত তার প্রাপ্তির খাতায় ছিল না ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এবার ভাঙল সেই অপেক্ষার প্রাচীর। ‘জাওয়ান’ ছবির অনবদ্য অভিনয়ের জন্য শাহরুখ পেলেন জীবনের প্রথম জাতীয় সম্মান।

    শুক্রবার সন্ধ্যায় ঘোষিত ২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পান তিনি। সম্মান পাওয়ার পরই শাহরুখ এক আবেগঘন ভিডিও বার্তায় বলেন, “এই পুরস্কার শুধু একটি সম্মান নয়, এটা আমাকে মনে করিয়ে দেয় আমি যা করি তা গুরুত্বপূর্ণ। এটি আমাকে বলছে—এগিয়ে যাও, আরও কঠোর পরিশ্রম করো এবং নিজের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নাও।”

    তিনি আরও বলেন, “আমি কৃতজ্ঞ জুরি বোর্ড, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যাদের ভালোবাসায় এই স্বীকৃতি পেলাম তাদের প্রতি। এই মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব।”

    কিং খান তার সহকর্মীদের প্রতিও ভালোবাসা প্রকাশ করেন। “জাওয়ান”-এ কাজের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান নির্মাতা অ্যাটলি, লেখক সাইদ এবং প্রযোজক রাজু স্যারকে। নিজের টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তারা আমাকে ধৈর্য ধরে সামলায়, যেন আমি নিজেকে সর্বোচ্চভাবে তুলে ধরতে পারি।”

    এদিকে, শাহরুখ খান বর্তমানে লন্ডনে বিশ্রামে রয়েছেন। ‘কিং’ ছবির শুটিংয়ের সময় পুরোনো কাঁধের চোট আবার দেখা দেওয়ায় চিকিৎসা নিতে গেছেন তিনি।

    অন্যদিকে, ‘জাওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমার শাহরুখের পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “শাহরুখ স্যার, আপনি জাতীয় পুরস্কার পেলেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। ‘জাওয়ান’-এর সঙ্গে যুক্ত হতে পারা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। এটি আপনার জন্য আমার প্রথম প্রেমপত্র—এখনও অনেক কিছু বাকি আছে বলেই জানালেন তিনি।”

    শাহরুখের প্রতি নিঃশর্ত ভালোবাসার কথা জানিয়ে অ্যাটলি আরও লেখেন, “আপনার পাশে থাকতে পারাটাই আশীর্বাদ। আমি আপনার একজন আজীবন ভক্ত।”

  • নারী ভক্তকে কেন্দ্র করে মামলা, ডিপজলের জবাব—সবকিছুর বিচার আল্লাহ করবেন

    নারী ভক্তকে কেন্দ্র করে মামলা, ডিপজলের জবাব—সবকিছুর বিচার আল্লাহ করবেন

    এবিএনএ: ঢাকার একটি আদালতে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার একজন সহযোগীর বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ডিপজল। তিনি দাবি করেছেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত একটি অপচেষ্টা।

    ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লেখেন, “একজন মানসিকভাবে অসুস্থ ভক্তকে সামনে রেখে যেসব লোক নিজের স্বার্থে মিথ্যা মামলা ও অভিযোগ করছে, তারা সত্যিই নিন্দনীয়। আমি বিশ্বাস করি, আল্লাহ এই অপচেষ্টাকারীদের বিচার করবেন।”

    তিনি জানান, সেই নারী কয়েকবার এফডিসিতে এসে কান্নাকাটি করে টাকা নিয়েছে। একবার ৫০ হাজার টাকা, পরে আরও কয়েক দফায় ১০–২০ হাজার টাকা করে নিয়েছেন। বিষয়টির ভিডিও প্রমাণও রয়েছে বলে জানান তিনি।

    ২০২৫ সালের ২ জুন তাকে গরুর হাটে দেখা গেছে বলে যেটি অভিযোগে বলা হয়েছে, সেটিকেও ‘পুরোপুরি মিথ্যা’ বলে উল্লেখ করেছেন ডিপজল। তিনি বলেন, “আমরা ১৫ এপ্রিলেই হাটটি ঢাকা সিটি করপোরেশনকে বুঝিয়ে দিয়েছি। এরপর সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। অথচ ওই নারী দাবি করেছে, ২ জুন আমাকে সেখানে পেয়েছে!”

    ডিপজল আরও জানান, হাটের সিসিটিভি ফুটেজ ও ভিডিও প্রমাণ তার কাছে রয়েছে, যা এই অভিযোগের ভিত্তিহীনতা প্রমাণ করতে সক্ষম।

    তিনি সঠিক বিচার দাবি করে বলেন, “আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য তুলে ধরুন। যারা এই নারীকে ব্যবহার করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে, তাদেরও বিচারের আওতায় আনুন।”

    অন্যদিকে, মামলার এজাহারে বলা হয়েছে, ওই নারী ২ জুন কোরবানির গরুর হাটে ডিপজলের সঙ্গে দেখা করতে যান। তখন ডিপজলের পিএস তাকে বের করে দিতে বলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনকি তাকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে দেওয়ার সময় এক ব্যক্তির মাধ্যমে তার গলায় এক ধরনের তরল পদার্থ ছুড়ে দেওয়া হয়, যা অ্যাসিড বলে দাবি করেন ভুক্তভোগী।

    তিনি পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসা নেন। ১২ জুন মামলা করতে গেলে হুমকি দেওয়া হয় বলেও উল্লেখ রয়েছে এজাহারে।

    শেষমেশ ডিপজল এই মামলা ও ঘটনাকে “চক্রান্ত” আখ্যা দিয়ে বলেন, “মিথ্যার পেছনে লুকানো সত্য বেরিয়ে আসবে। আমি নির্দোষ, আল্লাহ সব জানেন।”