Tag: বিজয় দেবরকোন্ডা

  • বিয়ের রেশ কাটতেই মানবিক চমক: ৪৪ স্কুলে স্কলারশিপ ঘোষণা করে আলোচনায় বিজয় দেবরকোন্ডা-রাশমিকা মান্দান্না

    বিয়ের রেশ কাটতেই মানবিক চমক: ৪৪ স্কুলে স্কলারশিপ ঘোষণা করে আলোচনায় বিজয় দেবরকোন্ডা-রাশমিকা মান্দান্না

    এবিএনএ: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্না সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আনন্দঘন আবহ শেষ না হতেই নতুন জীবনের শুরুতেই এক মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় উঠে এলেন এই তারকা দম্পতি।

    সোমবার তেলেঙ্গানার খাম্মানপেট এলাকায় বিজয়ের পৈতৃক বাড়িতে যান নবদম্পতি। পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া আয়োজনে সত্যনারায়ণ পূজায় অংশ নেন তারা। তবে সফরটি কেবল পারিবারিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি। গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে বিজয় এমন এক ঘোষণা দেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    নিজের প্রতিষ্ঠিত চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালুর ঘোষণা দেন তিনি। মূলত আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তা করাই এই প্রকল্পের লক্ষ্য। যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়—সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।

    স্বামীর এমন সামাজিক দায়বদ্ধতায় গর্ব প্রকাশ করেন রাশমিকা। তিনি প্রকাশ্যে বিজয়ের প্রশংসা করেন। ছেলের এই মানবিক সিদ্ধান্তে আবেগাপ্লুত হয়ে পড়েন বিজয়ের মা-ও।

    শুধু আর্থিক সহায়তা নয়, নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখার প্রতিশ্রুতিও দেন বিজয়। তিনি জানান, নিয়মিতভাবে পৈতৃক গ্রামে আসবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

    এদিকে ঘোষণার ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ লিখেছেন, “এভাবেই এগিয়ে গেলে ভবিষ্যতে বড় রাজনৈতিক দায়িত্বেও দেখা যেতে পারে তাকে।” আবার অনেকে মন্তব্য করেছেন, “পর্দার নায়ক বাস্তবেও সত্যিকারের নায়ক।”

  • রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন, ফেব্রুয়ারিতে রাজকীয় বিয়ের আয়োজন!

    রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন, ফেব্রুয়ারিতে রাজকীয় বিয়ের আয়োজন!

    এবিএনএ:  দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত, এবং শুধুমাত্র খুব কাছের মানুষদেরই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এখনো পর্যন্ত বিজয় বা রাশমিকা কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে আনেননি।

    বিনোদন মহলের ধারণা, আগামী বছরের ফেব্রুয়ারিতে (২০২৬) এই জনপ্রিয় তারকা জুটির রাজকীয় বিয়ের আয়োজন হতে পারে। তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের আয়োজন হবে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আঙ্গিকে।

    সম্প্রতি রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি ঐতিহ্যবাহী পোশাকে tilak দেওয়া অবস্থায় দেখা দেন। ক্যাপশনে লেখেন, “হ্যাপি দশেরা মাই লাভস… এ বছর আমি কৃতজ্ঞ ‘থাম্মা’ ট্রেলার আর গান নিয়ে আপনাদের ভালোবাসার জন্য।” তাঁর এই পোস্টের পর থেকেই ভক্তরা ধারণা করতে থাকেন, অভিনেত্রী হয়তো ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।

    রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন কিন্তু নতুন নয়। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল ইন্ডাস্ট্রিতে।

    পেশাগতভাবে রাশমিকা বর্তমানে ব্যস্ত ‘থাম্মা’ নামের একটি হরর–কমেডি চলচ্চিত্রে, যেখানে তাঁর সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। সিনেমাটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫-এ। অন্যদিকে, বিজয়কে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় নির্মিত স্পাই–অ্যাকশন থ্রিলার ‘কিংডম’-এ।