এবিএনএ: প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ঘোষিত তপশিল বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তপশিল ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে—সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মত এবং জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে আগ্রহী।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসির তপশিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “তপশিল ঘোষণায় আমরা মোটামুটি সন্তুষ্ট। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ ঘোষণা হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে—এটি দেশের রাজনীতিতে বড় একটি পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।
ফখরুল আরও বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করা। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন একটি অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে এবং সব প্রার্থী এ প্রক্রিয়াকে উৎসবমুখর করতে সহযোগিতা করবেন।
বিএনপি মহাসচিব মনে করেন, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের দিন।”
