Tag: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

  • এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশের সময়সূচি প্রকাশ, কবে কাদের মুখোমুখি টাইগাররা

    এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশের সময়সূচি প্রকাশ, কবে কাদের মুখোমুখি টাইগাররা

    এবিএনএ:  এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫–এর গ্রুপপর্ব প্রায় শেষের পথে। যদিও শুক্রবার ভারত ও ওমানের ম্যাচ বাকি রয়েছে, তবে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সুপার ফোরের চার দলের নাম ও পূর্ণাঙ্গ সূচি। ফলে আজকের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতাই বলা যায়।

    আবুধাবিতে অনুষ্ঠিত শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা। এতে আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয় এবং বাংলাদেশের সুপার ফোরে জায়গা পাকা হয়। অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান।

    সুপার ফোর পর্ব শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর এবং চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি দল অপর তিন প্রতিপক্ষের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

    লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। ২০ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা। এরপর একই ভেন্যুতে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

  • তানজিদের ফিফটির পরেই রান আউট শান্ত, চাপের মুখে বাংলাদেশ

    তানজিদের ফিফটির পরেই রান আউট শান্ত, চাপের মুখে বাংলাদেশ

    এবিএনএ:  দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২৪৪ রানে অলআউট করার পর ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেছিল বাংলাদেশ। তবে একশ’ রানের মধ্যেই বড় ধাক্কা খেতে হয় দলকে—রান আউট হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।

    চট্টগ্রামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। দলটির পক্ষে অধিনায়ক চারিথা আশালঙ্কা খেলেন অনবদ্য এক সেঞ্চুরি—১২৩ বলে ১০৪ রান। এছাড়া কুশল মেন্ডিস ৪৫ ও জানিথ লিয়ানাগে করেন ২৯ রান। শেষদিকে মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দলের স্কোরে যুক্ত করেন সমান ২২ রান।

    বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পেসার তাসকিন আহমেদ। তিনি শিকার করেন ৪টি উইকেট। তানজিম সাকিব নেন ৩ উইকেট এবং তানভীর ইসলাম ও শান্ত ভাগ করে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা মোটামুটি হলেও ওপেনার পারভেজ ইমন দ্রুতই ফেরেন সাজঘরে—১৬ বল খেলে ১৩ রান করেন তিনি। অন্যদিকে অপর ওপেনার তানজিদ তামিম দেখিয়েছেন দুর্দান্ত ব্যাটিং দক্ষতা। তিনি তুলে নিয়েছেন তার ফিফটি এবং খেলেছেন ৬১ রানের কার্যকরী ইনিংস।

    তানজিদের সঙ্গে গড়ে উঠেছিল শান্তর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জুটি। কিন্তু সেই জুটি ভাঙে এক অনাকাঙ্ক্ষিত রান আউটের মাধ্যমে। ২৬ বল খেলে ২৩ রান করে ফিরে যান শান্ত, দলের স্কোর তখন ঠিক একশ’।

    ক্রিজে এখনো রয়েছেন তানজিদ তামিম ও লিটন দাস। ম্যাচের পরবর্তী অংশে কী ঘটে, সেই অপেক্ষাতেই রয়েছে ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ দল জয়ের পথে কতটা এগোতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন।

  • গল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দাপ্যতা, লিড ছাড়াল ১৮০ রান

    গল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দাপ্যতা, লিড ছাড়াল ১৮০ রান

    এবিএনএ: গল টেস্টের চতুর্থ দিনটি ছিল পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে। শ্রীলঙ্কার তৃতীয় দিনের দাপট ম্লান করে দিয়ে টাইগাররা দিনের শুরু থেকেই দারুণভাবে ম্যাচে ফিরে আসে। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দ্বিতীয় ইনিংসে এগিয়ে যায় বাংলাদেশ।

    চতুর্থ দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৭ রান, ফলে টাইগারদের মোট লিড এখন দাঁড়িয়েছে ১৮৭ রানে।

    এর আগে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে দিনের খেলা শুরু করলেও নাঈম হাসানের স্পিন জাদুতে আর ১১৭ রানই যোগ করতে পেরেছে দলটি। ইনিংস থামে ৪৮৫ রানে। নাঈম একাই তুলে নিয়েছেন ৫টি উইকেট, তার সঙ্গে হাসান মাহমুদ নেন ৩ উইকেট এবং তাইজুল ইসলাম ও মুমিনুল হক ভাগাভাগি করেন একটি করে উইকেট।

    শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ওপেনার পাথুম নিশাঙ্কার ১৮৭ রানের ইনিংস। এছাড়া কামিন্দু মেন্ডিস করেন ৮৭ এবং দিনেশ চান্দিমাল ৫৪ রান। বাকিরা ব্যর্থ হন।

    দ্বিতীয় ইনিংসে ১০ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও এনামুল হক বিজয় ৪ রানে কুশল মেন্ডিসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেন। এরপর মুমিনুল হক থিতু হলেও ইনিংস লম্বা করতে পারেননি—১৪ রানে থারিন্দু রত্নায়েকের বলে ধরা পড়েন ফিল্ডারে।

    চা-বিরতির সময় স্কোর ছিল ২ উইকেটে ৬৫। এরপর মাঠে নেমে সাদমান ইসলাম দারুণ ব্যাটিং করে পৌঁছান নিজের ষষ্ঠ ফিফটিতে, শেষ পর্যন্ত তিনি আউট হন ৭৬ রানে।

    দিনের শেষ দিকে ব্যাটিং চালিয়ে যান প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান শান্ত ও মুশফিক। শান্ত ৫৬ রানে অপরাজিত থেকে পৌঁছেছেন তার ফিফটিতে, মুশফিক রয়েছেন ২২ রানে অপরাজিত।

    চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচের লাগাম এখনো বাংলাদেশের হাতে, পঞ্চম দিনেও ফলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

  • অবসরের ঘোষণা ম্যাথুসের, বাংলাদেশের বিপক্ষে শেষবারের মতো টেস্ট খেলবেন

    অবসরের ঘোষণা ম্যাথুসের, বাংলাদেশের বিপক্ষে শেষবারের মতো টেস্ট খেলবেন

    এবিএনএ: 

    শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক এবং অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ঘোষণা দিয়েছেন যে, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। আগামী জুনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে তার শেষ টেস্ট।

    ১৭ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৯টি টেস্ট খেলেছেন ম্যাথুস। শ্রীলঙ্কার ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সংগ্রহে রয়েছে ৮১৬৭ রান, ১৬টি সেঞ্চুরি এবং গড় ৪৪.৬২। শুধুমাত্র কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে তার উপরে অবস্থান করছেন।

    বিদায়ী বার্তায় ম্যাথুস বলেন, “দেশের হয়ে খেলা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি এবং ক্রিকেট থেকেও পেয়েছি অনেক কিছু। আমি আজ যা কিছু হয়েছি, সবই ক্রিকেটের কারণে।”

    ম্যাথুস আরও জানান, তিনি সাদা বলের ক্রিকেটে এখনই অবসর নিচ্ছেন না। নির্বাচকরা চাইলে ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটে খেলার জন্য প্রস্তুত আছেন। বিশেষ করে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

    ২০০৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ম্যাথুসের। ২০১৩-১৫ সালের সময়কাল ছিল তার টেস্ট ক্যারিয়ারের সেরা সময়। সে সময়ে ৫ ও ৬ নম্বরে ব্যাটিং করে প্রায় ৬০ গড়ে রান করেছেন তিনি।

    ২০২২-২৩ মৌসুমেও ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে করা সেঞ্চুরিই ছিল তার শেষ শতরান।

    আগামী মাসে ৩৮ বছরে পা রাখতে যাওয়া ম্যাথুস বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। এরপর শ্রীলঙ্কার টেস্ট সূচিতে দীর্ঘ বিরতি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    ম্যাথুসের মতো অভিজ্ঞ একজন খেলোয়াড়ের বিদায় শ্রীলঙ্কা দলে একটি বড় শূন্যতা তৈরি করবে নিঃসন্দেহে, তবে তার অবদান ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন রয়ে যাবে।