এবিএনএ: মালয়েশিয়ায় ব্যাপক অভিযানে বাংলাদেশিসহ মোট ১৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কুয়ালালামপুর ও জোহর বাহরুতে আলাদা অভিযানে এরা ধরা পড়েন।
বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরের সেতাপাক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ১২৫ জনকে আটক করা হয়। ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন ৮১ জন পুরুষ ও ৪৪ জন নারী, যাদের বয়স ১৬ থেকে ৭০ বছরের মধ্যে।
তাদের মধ্যে মিয়ানমারের ৬৯ জন, ভারতের ২৫ জন, পাকিস্তানের ১৪ জন, ইন্দোনেশিয়ার ১২ জন এবং বাংলাদেশের ৫ জন নাগরিক আছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে টানা দুই সপ্তাহ নজরদারির পর ভবনের ৬৪ ইউনিটে অভিযান চালানো হয়। প্রায় ৪০০ জনের কাগজপত্র যাচাই শেষে বৈধ কাগজ না থাকা ও মেয়াদোত্তীর্ণ ভিসার কারণে অনেককে আটক করা হয়। পালানোর চেষ্টা করলেও অধিকাংশকেই ধরা হয়।
এ ছাড়া বুধবার রাতে জোহরের উলু তিরম এলাকায় ‘অপস সাপু’ নামে অভিযানে আরও ৪৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার ২৩ জন, মিয়ানমারের ১৬ জন, বাংলাদেশের ৪ জন, একজন নেপালি এবং দুই শিশু রয়েছে।
জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, আটক ব্যক্তিদের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা নিয়োগদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

