এবিএনএ: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো)-এর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্যারিসে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা বিপুল ব্যবধানে জাপানের প্রার্থীকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।
বাংলাদেশের ইউনেস্কো সদস্যপদ অর্জনের পর দীর্ঘ ৫৩ বছরে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন। এই অর্জন বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার গভীর আনন্দ প্রকাশ করে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ড. আবরার বলেন, “ইউনেস্কোতে বাংলাদেশের সভাপতি পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক অসাধারণ সাফল্য। এটি শুধু বাংলাদেশের কূটনৈতিক অর্জন নয়, বরং দেশের আন্তর্জাতিক মর্যাদা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। এই সাফল্য বাংলাদেশের সফট পাওয়ারকে আরও জোরদার করবে।”
তিনি আরও যোগ করেন, “১৯৫টি সদস্য রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা, সংহতি ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই বিজয় বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব প্রদানের সুযোগ তৈরি করবে।”
এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ শুধু কূটনৈতিক ক্ষেত্রে নয়, শিক্ষা ও সংস্কৃতির আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক নতুন যুগের সূচনা করল।


