Tag: নৈতিক শিক্ষা

  • শিক্ষার পাশাপাশি নৈতিকতা না থাকলে সাফল্য অসম্পূর্ণ: ডিএমপি কমিশনারের গুরুত্বপূর্ণ বার্তা

    শিক্ষার পাশাপাশি নৈতিকতা না থাকলে সাফল্য অসম্পূর্ণ: ডিএমপি কমিশনারের গুরুত্বপূর্ণ বার্তা

    এবিএনএ: শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না—সন্তানদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাও সমান জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

    শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বিভিন্ন ক্যাটাগরিতে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

    ডিএমপি কমিশনার বলেন, নৈতিকতা ছাড়া শিক্ষিত মানুষ দিয়ে কোনো দেশ বা সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিশু বয়স থেকেই নীতি-নৈতিকতার শিক্ষা দিতে হবে এবং সমাজের প্রতিটি স্তরে সেই মূল্যবোধ চর্চা করতে হবে।

    শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন ভবিষ্যতের জন্য অপরিহার্য। তিনি বলেন, একজন ভালো মানুষ হতে পারলেই বাবা-মায়ের প্রকৃত গর্ব হওয়া যায়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ। তিনি বলেন, ডিএমপির এই শিক্ষাবৃত্তি উদ্যোগ একটি উন্নত ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদর্শ ও দেশপ্রেমিক মানুষ তৈরি না হলে রাষ্ট্রের অগ্রগতি সম্ভব নয়।

    বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বলেন, এমন সম্মানজনক অনুষ্ঠানের অংশ হতে পেরে তারা গর্বিত এবং এই উদ্যোগের জন্য ডিএমপির প্রতি কৃতজ্ঞ।

    অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাগত বক্তব্য দেন। উল্লেখ্য, ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করতে ২০১৭ সাল থেকে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু রয়েছে।

    এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • ভালো মানুষ না হলে উন্নয়ন সম্ভব নয়: মিলিটারি সম্মেলনে সেনাপ্রধানের শক্ত বার্তা

    ভালো মানুষ না হলে উন্নয়ন সম্ভব নয়: মিলিটারি সম্মেলনে সেনাপ্রধানের শক্ত বার্তা

    এবিএনএ: দেশ ও জাতির টেকসই উন্নয়নের জন্য শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, প্রয়োজন নৈতিকতা ও মানবিক গুণাবলির—এমন বার্তাই দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, “ভালো মানুষ না হলে জাতি উপকৃত হয় না। আমরা শুধু ভালো প্রকৌশলী, ডাক্তার বা প্রশাসক তৈরি করলেই হবে না—তাদের হতে হবে সৎ, শৃঙ্খলাবান এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন। তাহলেই দেশের প্রকৃত উপকার হবে।”

    সেনাপ্রধান আরও বলেন, “এই সম্মেলন কেবল জ্ঞানচর্চা নয়, প্রযুক্তির বাস্তব প্রয়োগে নতুন দৃষ্টিভঙ্গি আনবে। তরুণ গবেষক ও শিক্ষার্থীদের আমি বলব—সীমারেখা ভাঙো, উদ্ভাবনের পথে এগিয়ে চলো। এমন সম্মেলন জীবনের একটি সোপান হতে পারে।”

    এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়া, চীন, মিশরসহ ১৪টির বেশি দেশের গবেষক ও পেশাজীবীরা। তারা যন্ত্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি, তাপপ্রকৌশল, ডিজাইন ও উৎপাদন, মেকাট্রনিক্সসহ বিভিন্ন শাখায় সাম্প্রতিক গবেষণা ও উদ্ভাবনী প্রবন্ধ উপস্থাপন করেন।

    এ সম্মেলন প্রযুক্তি, গবেষণা ও নৈতিক নেতৃত্বের এক ব্যতিক্রমধর্মী মঞ্চ হিসেবে প্রশংসা অর্জন করে। সেনাপ্রধান সকল অংশগ্রহণকারী ও অতিথিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন সম্মেলনের ধারাবাহিকতা কামনা করেন।