Tag: নেপাল বিক্ষোভ

  • বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, বাতিল হলো জামালদের অনুশীলন—দ্বিতীয় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

    বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, বাতিল হলো জামালদের অনুশীলন—দ্বিতীয় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

    এবিএনএ:  নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে শুরু হওয়া সহিংস বিক্ষোভে রাজধানী কাঠমান্ডু অচল হয়ে পড়েছে। এই অস্থিরতার মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে দেশটিতে অবস্থান করছে।

    সোমবার নির্ধারিত সময়ের অনুশীলন করতে পারেনি জামাল ভূঁইয়া–তপু বর্মণরা। নিরাপত্তার কারণে টিম ম্যানেজম্যান্ট অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেয়। খেলোয়াড়রা আপাতত হোটেলেই অবস্থান করছেন।

    আগামীকাল মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সহিংস বিক্ষোভে ইতোমধ্যেই অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

    টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তাই এখন প্রধান অগ্রাধিকার। দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে তবেই ম্যাচ আয়োজন সম্ভব হবে। তবে আপাতত দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা কাটছে না।

  • নেপালে জেন–জির বিক্ষোভে রণক্ষেত্র কাঠমান্ডু, সহিংসতায় নিহত বেড়ে ১৬

    নেপালে জেন–জির বিক্ষোভে রণক্ষেত্র কাঠমান্ডু, সহিংসতায় নিহত বেড়ে ১৬

    এবিএনএ:  নেপালে সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে তরুণ প্রজন্ম। রাজধানী কাঠমান্ডুতে জেন–জিদের নেতৃত্বে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। সোমবারের ওই ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

    প্রথমে বাণেশ্বর এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। হাজারো মানুষ সংসদ ভবনের সামনে জড়ো হয়ে দেয়াল টপকানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। পুলিশ ও সেনারা জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। অপরদিকে বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও বোতল হাতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছেন।

    স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিকমাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসে। তাদের কণ্ঠে দুর্নীতি বিরোধী ও গণতন্ত্র রক্ষার স্লোগান শোনা যায়।

    সহিংসতার মধ্যে কয়েকজন বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনেও প্রবেশ করে। এসময় আহতদের উদ্ধার করে সড়কের পাশে আশ্রয় নেওয়ার দৃশ্যও চোখে পড়ে।

    কাঠমান্ডুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে প্রশাসন। তবে হাজারো বিক্ষুব্ধ মানুষ কারফিউ উপেক্ষা করে রাস্তায় অবস্থান করছেন।

    কারফিউয়ের আওতায় আনা হয়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘শীতল নিবাস’, ভাইস প্রেসিডেন্টের কার্যালয়, রাজপ্রাসাদ সিংহ দরবার ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। আপাতত বিক্ষোভ রাজধানী কাঠমান্ডুতেই সীমাবদ্ধ রয়েছে, তবে পরিস্থিতি আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।