এবিএনএ: শোবিজ অঙ্গনে নিজের দৃঢ় অবস্থানের কথা নতুন করে জানালেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি প্রকাশ করেন, প্রায় ১৩ বছর আগে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার জন্য প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন তিনি।
ঘটনাটি ঘটে ২০১৩ সালে। সে সময় নেপালে একটি বড় কনসার্টে উপস্থাপনার দায়িত্বে ছিলেন নুসরাত ফারিয়া। অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কনা ও নগরবাউল জেমস। ফারিয়ার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে আয়োজক পক্ষের একজন কনার সঙ্গে অশোভন আচরণ করেন, যা মেনে নিতে পারেননি তিনি।
পডকাস্টে ফারিয়া বলেন, তখন বয়স কম ছিল, আবেগ ছিল প্রবল। কনার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়ে তিনি আয়োজকের কাছে ক্ষমা চাইতে বলেন। কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাকে আটকে রাখা হয় এবং শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

এছাড়া একই আলোচনায় নিজের গ্রেপ্তার ও কারাবাসের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন নুসরাত ফারিয়া। বিমানবন্দর থেকে গ্রেপ্তার এবং পরবর্তী ৪৮ ঘণ্টার জেলজীবন তাকে অনেক আপন মানুষকে নতুনভাবে চিনতে সাহায্য করেছে বলে জানান তিনি।
উপস্থাপিকা হিসেবে যাত্রা শুরু করে দুই বাংলার পরিচিত চিত্রনায়িকা হয়ে ওঠার পথটি ফারিয়ার জন্য সহজ ছিল না। দীর্ঘ এই পথচলায় প্রশংসা ও সমালোচনা—দুটোই সঙ্গী হয়েছে। তবে সব বাধা পেরিয়ে আজও তিনি শোবিজের আলোচিত ও সাহসী কণ্ঠগুলোর একটি।

