Tag: থালাপতি বিজয়

  • সেন্সর জটিলতায় থমকে গেল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’, অগ্রিম টিকিটের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল

    সেন্সর জটিলতায় থমকে গেল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’, অগ্রিম টিকিটের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল

    এবিএনএ: থালাপতি বিজয়ের অভিনীত ও বহুল প্রতীক্ষিত শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ায় সিনেমা হলে ভিড়ের আভাস মিলেছিল। তবে মুক্তির ঠিক দুই দিন আগে বড় ধাক্কা খেল ছবিটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় ভারতে সিনেমাটির নির্ধারিত মুক্তি স্থগিত করা হয়েছে।

    প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য কিছু প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে ৯ জানুয়ারি ‘জন নায়গন’ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। নতুন মুক্তির তারিখ খুব শিগগিরই জানানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

    সংস্থাটি আরও জানায়, দর্শকদের আবেগ ও প্রত্যাশার বিষয়টি তারা পুরোপুরি উপলব্ধি করছে। এই সিদ্ধান্ত সহজ ছিল না, তবে পরিস্থিতির কারণে সাময়িকভাবে অপেক্ষা করতে হচ্ছে সবাইকে।

    ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সিনেমাটি এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পায়নি। বিষয়টি নিয়ে নির্মাতারা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার আদালত চূড়ান্ত রায় স্থগিত রেখে সেন্সর বোর্ডকে নতুন করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

    তামিল সংস্করণের অনুমোদন না মিললে হিন্দি, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষার ডাব সংস্করণও মুক্তি পাবে না। ফলে মাল্টিল্যাঙ্গুয়াল রিলিজ পরিকল্পনা আপাতত অনিশ্চয়তায় পড়েছে।

    এদিকে মুক্তি বাতিল হওয়ায় কর্ণাটকের ভিক্টরি সিনেমাসে ৯ জানুয়ারির সব প্রদর্শনী বাতিল করা হয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে কেনা টিকিটের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে এবং কাউন্টার থেকে কাটা টিকিটের অর্থ নির্ধারিত প্রক্রিয়ায় ফেরত পাওয়া যাবে।

    এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়গন’ সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, গৌতম বসুদেব মেনন, প্রিয়মণি ও নারায়ণ। এখন দর্শকদের একটাই প্রশ্ন—কবে বড় পর্দায় ফিরবে বিজয়ের শেষ অধ্যায়?

  • ভক্তদের উন্মাদনায় অস্বস্তিকর মুহূর্ত: চেন্নাই বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয়

    ভক্তদের উন্মাদনায় অস্বস্তিকর মুহূর্ত: চেন্নাই বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয়

    এবিএনএ: প্রিয় তারকাকে এক ঝলক দেখার আকাঙ্ক্ষা অনেক সময় আনন্দের বদলে বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।

    ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাইয়ে ফেরেন এই সুপারস্টার। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘জন নায়াগান’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। বিজয়ের আগমনের খবর পেয়ে আগে থেকেই চেন্নাই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত।

    টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভক্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন অভিনেতা। একপর্যায়ে উন্মত্ত ভিড়ে তার পোশাক ধরে টানাটানি শুরু হয় এবং ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তার।

    দেহরক্ষীদের দ্রুত হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন বিজয়। তবে ঘটনাটি তারকা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

    শুধু বিজয়ই নন, সম্প্রতি অভিনেত্রী নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে এবং সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও ভক্তদের অতিরিক্ত উন্মাদনার কারণে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    উল্লেখ্য, রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অভিনয় জীবনকে বিদায় জানিয়েছেন থালাপতি বিজয়। সে হিসেবে ‘জন নায়াগান’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র। এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়া আরও রয়েছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও মমিতা বাইজু। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমার বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।

  • থালাপতি বিজয়ের মানবিক ঘোষণা: নিহত পরিবারকে ২০ লাখ, আহতদের ২ লাখ রুপি সহায়তা

    থালাপতি বিজয়ের মানবিক ঘোষণা: নিহত পরিবারকে ২০ লাখ, আহতদের ২ লাখ রুপি সহায়তা

    এবিএনএ:  ভারতের জনপ্রিয় অভিনেতা ও নতুন রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক জীবন শুরুই এক ভয়াবহ দুর্ঘটনায় কালো ছায়ায় ঢেকে গেল। গত শনিবার তামিলনাড়ুর কারু জেলায় তার সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৬ নারী ও ১০ শিশু ছিলেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ঘটনার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেছেন। দক্ষিণ ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। নিজেও ভেঙে পড়েছেন বিজয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি লিখেছেন— “এটি এমন এক বেদনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

    কেবল শোকপ্রকাশে সীমাবদ্ধ থাকেননি তিনি। দুর্ঘটনায় নিহত প্রতিটি পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিজয়।

    নিজের বিবৃতিতে তিনি বলেন, “এটি এক অপূরণীয় ক্ষতি। অর্থের পরিমাণ হয়তো সামান্য মনে হতে পারে, তবে পরিবারের একজন সদস্য হিসেবে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।”

    এই মানবিক ঘোষণা ভক্ত ও সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। তবে দুর্ঘটনার পর বিজয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে নতুন করে প্রশ্নও উঠছে।