Tag: ঢাকা রাজনীতি

  • কড়াইল বস্তিবাসীর ভাগ্য বদলের প্রতিশ্রুতি: বহুতল ভবনে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা তারেক রহমানের

    কড়াইল বস্তিবাসীর ভাগ্য বদলের প্রতিশ্রুতি: বহুতল ভবনে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা তারেক রহমানের

    এবিএনএ: রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের জন্য নিরাপদ ও মর্যাদাসম্পন্ন আবাসনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, কড়াইল এলাকায় বহুতল ভবন নির্মাণ করে বসবাসকারীদের জন্য ছোট আকারের ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে এবং অতীতে রাষ্ট্র পরিচালনার সময় দল মানুষের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক চেষ্টা করেছে।

    ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, কড়াইলের মানুষের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হবে। এলাকার বাসিন্দাদের নাম তালিকাভুক্ত করে তাদের প্রত্যেকের জন্য পৃথক ফ্ল্যাট নির্মাণ করে মালিকানা হস্তান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।

    তিনি আরও বলেন, যারা বছরের পর বছর ধরে কড়াইলে বসবাস করছেন—বিশেষ করে আদিবাসী ও পুরোনো বাসিন্দারা—তারাই এসব ফ্ল্যাটের অগ্রাধিকার পাবেন, যাতে রাজধানীর প্রাণকেন্দ্রে তাদের স্থায়ী ঠিকানা নিশ্চিত হয়।

    শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, কড়াইল এলাকার ভেতরেই শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলা হবে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বিএনপির অন্যতম লক্ষ্য।

    নারীদের উন্নয়ন নিয়ে তিনি বলেন, অতীতে বিনা খরচে শিক্ষার সুযোগ চালু করা হয়েছিল। ভবিষ্যতে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।

    ব্যক্তিগত স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, তিনি নিজেও এই এলাকারই সন্তান এবং কড়াইলবাসীর সুখ-দুঃখের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। এ সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • জামায়াতের রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত: বরকতউল্লা বুলুর কঠোর সমালোচনা

    জামায়াতের রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত: বরকতউল্লা বুলুর কঠোর সমালোচনা

    এবিএনএ:  বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু অভিযোগ করেছেন, জামায়াত ইসলামী সবসময় মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করে এসেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিপক্ষে থাকা এই দলটি বর্তমানে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মতো অপ্রাসঙ্গিক বিষয় সামনে এনে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। দেশের মানুষ কোনোভাবেই এসব ষড়যন্ত্র মেনে নেবে না, বরং যথাসময়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

    শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বীর সন্তানদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।

    বরকতউল্লা বুলু আরও বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধ ও বায়ান্নর ভাষা আন্দোলন অস্বীকার করেছে, তাদের ভোটে অংশগ্রহণের নৈতিক অধিকার নেই। বর্তমানে তারা নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া ৩১ দফা কর্মসূচি দেশের সংস্কার প্রক্রিয়ার মূল ভিত্তি। সেই পথ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু জামায়াত তাকে কলঙ্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত। এজন্য দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা একাত্তরে স্বাধীনতাকে অস্বীকার করেছিল, তারাই এখন জুলাই-আগস্ট আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে প্রচার করছে। কিন্তু প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়েছে ১৯৭১ সালে। তিনি আরও বলেন, গণতন্ত্রকে বিপথে ঠেলে দেওয়ার জন্য একটি মহল সক্রিয়, যাদের মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া সরকার টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, জামায়াত আসলে নির্বাচন চায় না। এমনকি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলে শিবির সংশ্লিষ্ট অনেক নেতাকেও নিষিদ্ধ করতে হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন। আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া, লাকী বরকতউল্লাহ, অ্যাডভোকেট আবেদ রাজা, শামীমা ইয়াসমীন মিথিলা, শাহজান মিয়া সম্রাট ও কামাল হোসেন প্রমুখ।

  • বিজয়নগরে উত্তেজনা: জাপা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সংঘর্ষ

    বিজয়নগরে উত্তেজনা: জাপা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সংঘর্ষ

    এবিএনএ:  রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎই একদল লোক কার্যালয়ে হামলা চালিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেল পৌনে ৪টার দিকে গণঅধিকার পরিষদের কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে কাকরাইলের দিকে অগ্রসর হতে থাকেন তারা। মিছিলটি জাপা কার্যালয়ের সামনে এলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। মুহূর্তেই সংঘর্ষ শুরু হয় উভয়পক্ষের মধ্যে। একপর্যায়ে বিক্ষোভকারীরা জাপা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

    এর আগে শনিবার বিকেলে জাপা একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শুক্রবারও মশাল মিছিলের আড়ালে জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তখন সেনা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দিয়েছিলেন। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সেনাবাহিনীর আরও সক্রিয় থাকা জরুরি।

    প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ জাপা নিষিদ্ধের দাবিতে মিছিল করলে জাপা কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ আহত হন। এরপরই তারা মশাল মিছিল বের করে জাপা অফিসের সামনে এসে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে হামলার সময় এক পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এদিকে শনিবার রাতেও গণঅধিকার পরিষদ জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ধাওয়া দিলে নুরুল হক নুরসহ শীর্ষ নেতাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।