Tag: ডন ৩

  • ডনের কোটে ফেরার রহস্য ভাঙছে? ‘ডন ৩’-তে শাহরুখ খানের প্রত্যাবর্তন নিয়ে চাঞ্চল্যকর শর্ত

    ডনের কোটে ফেরার রহস্য ভাঙছে? ‘ডন ৩’-তে শাহরুখ খানের প্রত্যাবর্তন নিয়ে চাঞ্চল্যকর শর্ত

    এবিএনএ: বলিউডের জনপ্রিয় অ্যাকশন-ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি ‘ডন ৩’ ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। শুরুতে সিনেমাটির মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শাহরুখ খানের সম্ভাব্য প্রত্যাবর্তন।

    ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্দিষ্ট একটি শর্ত পূরণ হলে ‘ডন ৩’-তে আবারও ডনের চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। জানা গেছে, সিনেমাটির পরিচালনার দায়িত্ব ‘জাওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলির হাতে থাকলে তবেই এই প্রস্তাবে আগ্রহী হতে পারেন তিনি।

    শাহরুখ খানের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হচ্ছে, অ্যাটলির পরিচালনায় ছবিটির ভিজ্যুয়াল উপস্থাপন, অ্যাকশন স্কেল এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা আরও বাড়বে—এমন বিশ্বাস থেকেই এই শর্ত আরোপ করেছেন তিনি।

    উল্লেখ্য, ‘ডন’ ও ‘ডন ২’-তে শাহরুখ খানের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিকে নতুন রূপ দিতে ‘ডন ৩’-তে রণবীর সিংকে নিয়ে পরিকল্পনা করা হলেও সময়সূচির জটিলতা, সৃজনশীল মতবিরোধসহ নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

    এখনও পর্যন্ত সিনেমাটির প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে ‘ডন’ সিরিজের পুরোনো জনপ্রিয়তা নতুন মাত্রায় ফিরে আসতে পারে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

    এদিকে, শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন।

  • বারবার পিছিয়ে যাচ্ছে ‘ডন ৩’, কী তবে বন্ধই হয়ে গেল রণবীর সিংয়ের স্বপ্নের প্রজেক্ট?

    বারবার পিছিয়ে যাচ্ছে ‘ডন ৩’, কী তবে বন্ধই হয়ে গেল রণবীর সিংয়ের স্বপ্নের প্রজেক্ট?

    এবিএনএ:  বলিউডের আলোচিত তারকা রণবীর সিং গত কয়েক মাস ধরে দুটি সিনেমা ঘিরে খবরের শিরোনামে রয়েছেন। তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রথম লুক প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি। সব কিছু ঠিকঠাক থাকলে এই ছবি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে বলে নির্মাতারা জানিয়েছেন।

    কিন্তু এর মাঝে বড় অনিশ্চয়তার মুখে পড়েছে আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা—‘ডন ৩’। সিনেমাটির শুটিং বারবার পিছিয়ে যাওয়ায় অনেকে প্রশ্ন তুলছেন—আসলে কি আদৌ এই প্রজেক্ট বাস্তবায়ন হবে?

    প্রথমে শোনা গিয়েছিল, ২০২৩ সালের আগস্টে ‘ডন ৩’-এর শুটিং শুরু হবে। কিন্তু ফারহান আখতারের নিজস্ব প্রজেক্ট ‘বাহাদুর ১২০’ শেষ না হওয়ায় ‘ডন ৩’-এর পরিকল্পনা থেমে যায়। পরে ২০২৫ সালের মে-জুন মাসে নতুন শিডিউল নির্ধারিত হলেও সেটিও বাস্তবায়ন হয়নি।

    ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘ডন ৩’ এখন একেবারেই অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে। কেউ কেউ বলছেন, প্রজেক্টটি বাতিল হয়ে গেছে—এই খবর নাকি রণবীর সিংকেও জানানো হয়েছে, যদিও তিনি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

    আরও বিপদের কথা হচ্ছে, খলনায়কের চরিত্রে চুক্তিবদ্ধ থাকা বিক্রান্ত ম্যাসি ছবিটি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। তার সরে যাওয়াও শুটিং পিছিয়ে পড়ার একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। এর আগে সিনেমা থেকে সরে যান কিয়ারা আদভানি, যিনি বর্তমানে মাতৃত্বকালীন অবসর কাটাচ্ছেন। কিয়ারার পরিবর্তে কৃতি শ্যাননের নাম শোনা গেলেও এখনো তাকে চূড়ান্ত করা হয়নি।

    সম্প্রতি বক্স অফিস ওয়ার্ল্ড ডটকম প্রকাশিত একটি প্রতিবেদনেও জানা যায়, প্রযোজক ও পরিচালকরা ‘ডন ৩’ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন, এমনকি প্রজেক্টটি বন্ধ করার কথাও আলোচনায় এসেছে।

    এখন দেখার বিষয়, রণবীর সিংয়ের ‘ডন ৩’ আদৌ আলোর মুখ দেখতে পায়, নাকি এটি বলিউডের আরেকটি অসমাপ্ত অধ্যায় হয়েই থেকে যায়।