Tag: টি-টোয়েন্টি ক্রিকেট

  • মন্থর পিচেও পাকিস্তানকে কাবু: জয়ের নায়ক কী বললেন ম্যাচ শেষে?

    মন্থর পিচেও পাকিস্তানকে কাবু: জয়ের নায়ক কী বললেন ম্যাচ শেষে?

    এবিএনএ: কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম–এ ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাট করা ছিল বেশ চ্যালেঞ্জিং। মন্থর পিচে পাকিস্তানের বোলাররা শুরুতে চাপে রাখলেও পাল্টা আক্রমণে ম্যাচের রং বদলে দেন ঈশান কিশান। ওপেনার ব্যর্থ হলেও দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন।

    ম্যাচ শেষে ঈশান বলেন, উইকেটের গতি কম থাকায় শুরুতে মানিয়ে নিতে সময় লেগেছে। তবে নিজের সামর্থ্যের ওপর ভরসা রেখেই খেলেছেন তিনি। অফ-সাইডে শট খেলার অনুশীলনের সুফল ম্যাচে কাজে লেগেছে বলে জানান এই বাঁহাতি ব্যাটার।

    বড় মাঠে ফিল্ডিংয়ের ফাঁক গলে রান নেওয়াই ছিল ভারতের কৌশল। চার-ছক্কার পাশাপাশি এক-দুই রানকে বড় রানে রূপ দেওয়ার দিকেও নজর ছিল দলের। ঈশানের ভাষ্য, লক্ষ্য ছিল এমন পিচে ১৬০–১৭০ রান তোলা—যা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং স্কোর।

    ভারত-পাকিস্তান দ্বৈরথের চাপ নিয়েও কথা বলেন তিনি। ঈশানের মতে, পাকিস্তানের স্পিন আক্রমণ ছিল শক্তিশালী, তবু এই জয় দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। পরের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাসই ভারতের বড় শক্তি হয়ে উঠবে বলে মনে করছেন ম্যাচের নায়ক।

  • শেষ মুহূর্তের নাটকে সহজ ম্যাচ কঠিন করে জিতল ইংল্যান্ড

    শেষ মুহূর্তের নাটকে সহজ ম্যাচ কঠিন করে জিতল ইংল্যান্ড

    এবিএনএ: মিডল অর্ডারের দৃঢ়তায় বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল স্কটল্যান্ড। শেষ দিকে রান তুলতে না পারায় নির্ধারিত ২০ ওভারের আগেই তাদের ইনিংস থামে। তবু অল্প পুঁজি নিয়েও বোলাররা লড়াই জমিয়ে তোলে। শেষ পর্যন্ত নাটকীয়তায় ভরা ম্যাচে ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল

    কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনস-এ টস হেরে আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। মিডল অর্ডারের কয়েকটি কার্যকর জুটিতে ইনিংস দাঁড়ালেও শেষ দিকে ছন্দপতন ঘটে।

    লক্ষ্য তাড়ায় শুরুতে স্বচ্ছন্দ দেখালেও মাঝপথে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। তবে শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮ ওভার ২ বলেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

  • বিশ্বসেরা বোলিং গড়ের পুরস্কার! উইজডেনের বর্ষসেরা একাদশে বাংলাদেশের মোস্তাফিজ

    বিশ্বসেরা বোলিং গড়ের পুরস্কার! উইজডেনের বর্ষসেরা একাদশে বাংলাদেশের মোস্তাফিজ

    এবিএনএ: ২০২৫ সালজুড়ে দুর্দান্ত বোলিং নৈপুণ্যের স্বীকৃতি পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের বিশ্বস্ত মানদণ্ড হিসেবে পরিচিত উইজডেন প্রকাশ করেছে বছরের সেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশ, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নিয়েছেন তিনি।

    শুধু একাদশে অন্তর্ভুক্তিই নয়, পরিসংখ্যানের বিচারে ২০২৫ সালে বিশ্বের শীর্ষ বোলারদেরও ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। উইজডেনের বিশ্লেষণ অনুযায়ী, অন্তত ১৫০ ওভার বোলিং করা ক্রিকেটারদের মধ্যে তার বোলিং গড় ছিল সবার চেয়ে কম—মাত্র ১৮.০৩। পুরো বছরে তিনি শিকার করেছেন ৫৯টি উইকেট, যেখানে তার ইকোনমি রেট ছিল ৬.৭৮, যা পেসারদের মধ্যে সর্বনিম্নের অন্যতম।

    বিশেষ করে রান আটকে রাখার ক্ষেত্রে মোস্তাফিজ ছিলেন অনন্য। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছেন তিনি। উইকেট শিকারের তালিকায় জেসন হোল্ডারের পর পেসারদের মধ্যে মোস্তাফিজের অবস্থান ছিল শীর্ষ সারিতে।

    ২০২৫ সালটি ছিল মোস্তাফিজের জন্য ব্যস্ততায় ভরা। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি খেলেছেন বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের হয়ে। এছাড়া আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং আইএলটি-২০ আসরে দুবাই ক্যাপিটালসের জার্সিতেও ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেন এই বাঁহাতি তারকা।

    উইজডেন ঘোষিত বর্ষসেরা একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। মিডল অর্ডারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ও ডোনোভান ফেরেরা। অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন স্যাম কারান, জেসন হোল্ডার ও সুনীল নারিন।

    এছাড়া এই দলে আরও আছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড, নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি এবং ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী।

  • টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন সুনিল নারিন, ছুঁলেন অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড

    টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন সুনিল নারিন, ছুঁলেন অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড

    এবিএনএ:  ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)–তে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে জয় পেয়েছে আবু ধাবি নাইট রাইডার্স। আর সেই ম্যাচেই নতুন এক বিশ্ব রেকর্ড গড়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সুনিল নারিন।

    ম্যাচের ষষ্ঠ ওভারেই বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই টম অ্যাবিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অভিজ্ঞ এই ক্যারিবীয় স্পিনার। আর সেই উইকেটেই স্পর্শ করেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ উইকেটের অসাধারণ মাইলফলক। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন নারিন।

    দীর্ঘ প্রায় ১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইতোমধ্যে ৫৬৮টি ম্যাচ খেলেছেন তিনি। চলতি আইএলটি২০ শুরুর সময়ই নারিন ছিলেন এই ঐতিহাসিক অর্জন থেকে মাত্র একটি উইকেট দূরে। অবশেষে শারজাহর মাটিতেই পূর্ণ হলো সেই বহু প্রতীক্ষিত অপেক্ষা।

    নারিনের আগে মাত্র দুইজন বোলার এই ল্যান্ডমার্কে পৌঁছাতে পেরেছেন—রশিদ খান ও ডোয়াইন ব্রাভো। রশিদ ৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়ে শীর্ষে, আর ব্রাভো সংগ্রহ করেছেন ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট।

    টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ জেতানো স্পেল ও ধারাবাহিক পারফরম্যান্সে পরিচিত নারিনের জন্য এই অর্জন তার লম্বা ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

  • ‘বাবরের ব্যাটিং নয়, আমি তার অদম্য পরিশ্রমের ভক্ত’ — প্রশংসায় মুখর সালমান আগা

    ‘বাবরের ব্যাটিং নয়, আমি তার অদম্য পরিশ্রমের ভক্ত’ — প্রশংসায় মুখর সালমান আগা

    এবিএনএ:  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দীর্ঘ ১৮ মাস পর টি-টোয়েন্টিতে অর্ধশতক হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন তিনি। তার এই প্রত্যাবর্তনে প্রশংসায় ভাসছেন বাবর, আর এবার সেই প্রশংসার সারিতে যোগ দিলেন তার শৈশবের বন্ধু ও সতীর্থ সালমান আগা।

    বাবরকে নিয়ে আগা বলেন, “অনেকে হয়তো তার ব্যাটিংয়ের ভক্ত, কিন্তু আমি তার পরিশ্রমের ভক্ত। আন্তর্জাতিক ক্রিকেটে এমনভাবে কেউ প্রস্তুতি নেয়, তা আমি খুব কমই দেখেছি। সে পারফর্ম করুক বা না করুক, তার প্রস্তুতি সবসময় নিখুঁত।”

    সর্বশেষ ম্যাচে বাবরকে বারবার সুইপ শট খেলতে দেখা গেছে, যা তার পরিচিত শট নয়। এই পরিবর্তনকেই বড় করে দেখছেন সালমান আগা। তার মতে, “বাবর জানে সময়ের সঙ্গে খেলার ধরণে নতুনত্ব আনতে হয়। সেই কারণেই সে নতুন শট আয়ত্ত করছে। এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে।”

    আগা আরও বলেন, “বাবর এমন এক খেলোয়াড়, যে নিজের সীমাবদ্ধতা জানে এবং তা কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করে। আমি নিশ্চিত, আগামী দিনে আরও পরিণত এক বাবরকে আমরা দেখতে পাব। কারণ বাবর পারফর্ম করলেই পাকিস্তান জেতে— এটাই বাস্তব।”

  • খুলনাকে উড়িয়ে রংপুরের এনসিএলে রাজত্ব: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন উত্তরবঙ্গের দল

    খুলনাকে উড়িয়ে রংপুরের এনসিএলে রাজত্ব: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন উত্তরবঙ্গের দল

    এবিএনএ: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে আবারও সেরা প্রমাণ করল রংপুর বিভাগ। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল উত্তরবঙ্গের এই দল। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

    খুলনা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৩৬ রান। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনার ব্যাটাররা শুরু থেকেই চাপে পড়ে যায়। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেললেও বাকিরা তেমন অবদান রাখতে পারেননি। মৃত্যুঞ্জয় চৌধুরী শেষদিকে ১৩ বলে ২৪ রান করে দলের স্কোর কিছুটা এগিয়ে নেন।

    জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় রংপুর। ওপেনার নাসির হোসেন ও জাহিদ জাভেদ মিলে ৬১ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। জাভেদ ২৭ রানে আউট হলেও নাসির খেলেন ৩১ বলে ৪৬ রানের দাপুটে ইনিংস। এরপর নাঈম ইসলাম (৩২ বলে ৪০) ও অধিনায়ক আকবর আলী (১৫ বলে ১৯ অপরাজিত) বাকি কাজ সহজেই শেষ করেন।

    ১৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় রংপুর বিভাগ। এই জয়ের মধ্য দিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দুই আসরেই শিরোপা জয়ের ইতিহাস গড়ল রংপুর।

  • টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের ক্লাবে যোগ দিলেন জস বাটলার!

    টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের ক্লাবে যোগ দিলেন জস বাটলার!

    এবিএনএ: টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আরেকটি মাইলফলক গড়লেন ইংলিশ তারকা জস বাটলার। বিশ্বের সপ্তম এবং ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি ১৩ হাজার রানের ক্লাবে জায়গা করে নিলেন।

    বৃহস্পতিবার হেডিংলিতে অনুষ্ঠিত ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন বাটলার। ৪৬ বলের ঝড়ো ব্যাটিংয়ে ৮টি চার ও ৩টি ছক্কায় তিনি করেন ৭৭ রান, যা দলকে এনে দেয় জয়। এই ইনিংসের মাধ্যমেই তিনি পেরিয়ে যান ১৩ হাজার রানের মাইলফলক।

    ইনিংস শুরুর আগে বাটলারের দরকার ছিল মাত্র ৩১ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে নবম ওভারে অফ স্পিনার ডম বেসকে ছক্কা মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান ৩৪ বছর বয়সী এই তারকা। শেষ ওভারে রান আউট হয়ে শেষ হয় তাঁর ৭৭ রানের ঝড়ো ইনিংস।

    এখন পর্যন্ত ৪৩১ ইনিংসে বাটলারের সংগ্রহ ১৩,০৪৬ রান। ইংল্যান্ডের হয়ে তার আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন অ্যালেক্স হেলস। বিশ্বের বাকি সদস্যরা হলেন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, শোয়েব মালিক, কাইরন পোলার্ড ও কিংবদন্তি ক্রিস গেইল। এদের মধ্যে গেইল সবার শীর্ষে, যার টি-টোয়েন্টি রান ১৪,৫৬২।

    টি-টোয়েন্টিতে বাটলারের ৫০ ছোঁয়া ইনিংস এখন ১০১টি (৯৩টি ফিফটি ও ৮টি সেঞ্চুরি)। এই তালিকায় তাঁর ওপরে আছেন কেবল বাবর আজম (১০৪), ক্রিস গেইল (১১০), বিরাট কোহলি (১১৪) ও ডেভিড ওয়ার্নার (১১৯)।

    বাটলারের ঐতিহাসিক দিনে আলো ছড়িয়েছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও। ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। ৪২ বছর বয়সী এই ক্রিকেটার এ মৌসুমে ৯ ম্যাচে তুলে নিয়েছেন ১৭ উইকেট। দীর্ঘ বিরতির পর ভাইটালিটি ব্লাস্টের মাধ্যমে অ্যান্ডারসনের টি-টোয়েন্টি ক্যারিয়ার নতুন করে শুরু হয়েছে। এরই মধ্যে ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর জন্য তাঁকে দলে নিয়েছে ম্যানচেস্টার অরিজিনালস।