Tag: জালিয়াতি

  • চিতলমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর  অভিযোগ, এলাকায় উত্তেজনা ও আতঙ্ক

    চিতলমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, এলাকায় উত্তেজনা ও আতঙ্ক

    এবিএনএ: বাগেরহাটের চিতলমারী উপজেলায় স্থানীয় বিএনপি নেতাকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও বাড়ছে ক্ষোভ।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজের প্রভাব বিস্তার করে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করেছেন। তার কর্মকাণ্ডে অনেকেই আতঙ্কে থাকেন এবং প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও দাবি উঠেছে।

    এলাকায় এমন গুঞ্জনও রয়েছে যে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পরাজয়ের পেছনেও তার ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন।

    স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতিকে কাজে লাগিয়ে উপজেলা বিএনপির নেতা মো. আহসান হাবিবের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে। সময়ের সঙ্গে এসব অভিযোগ আরও বিস্তৃত আকার ধারণ করে।

    তার বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ জুয়ার আসর পরিচালনা, প্রতারণা এবং অন্যের সম্পত্তি দখলের মতো অভিযোগ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

    শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে। জানা গেছে, চিতলমারী শেরেবাংলা ডিগ্রি কলেজে একটি পদে থাকতে তিনি স্নাতক পাসের একটি ভুয়া সনদ জমা দেন। পরে যাচাইয়ে সেটি জাল বলে প্রমাণিত হয়।

    এছাড়া জমি সংক্রান্ত অভিযোগে বলা হয়, অল্প পরিমাণ জমির মালিক হওয়া সত্ত্বেও তিনি বিপুল পরিমাণ জমির ভুয়া কাগজপত্র তৈরি করে নিজের নামে নথিভুক্ত করার চেষ্টা করেন। বিষয়টি পরবর্তীতে ধরা পড়ে।

    এসব ঘটনার জেরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ে এলাকায় অস্থিরতা ও আতঙ্ক বাড়ছে বলে জানা গেছে।

    তবে অভিযোগগুলো সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা মো. আহসান হাবিব। তিনি বলেন, “অ্যাডভোকেট লাভলু নামে এক ব্যক্তি ভুয়া আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি রাজনীতি করি বলেই প্রতিপক্ষরা আমাকে হেয় করতে এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।”

  • সঞ্চয়পত্র জালিয়াতি কাণ্ড: সাবেক ছাত্রদল নেতা রনিসহ চারজনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা

    সঞ্চয়পত্র জালিয়াতি কাণ্ড: সাবেক ছাত্রদল নেতা রনিসহ চারজনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা

    এবিএনএ: সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে কোটি টাকার জালিয়াতির ঘটনায় সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ এলাহী রনিসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এক আসামিকে।

    আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল খায়ের মো. খালিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তি এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার গ্রাহক মো. আরিফুর রহমান মিম।

    এজাহার সূত্রে জানা যায়, আসামিরা জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে বাংলাদেশ ব্যাংককে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে গোপনে সিস্টেমে প্রবেশ করেন এবং জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের হিসাব তথ্য ও মোবাইল নম্বর পরিবর্তন করেন। এর মাধ্যমে তারা কয়েকটি সঞ্চয়পত্রের বিপরীতে লাখো টাকার অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেন।

    এ ঘটনায় ডাচ্-বাংলা ব্যাংকের কারওয়ান বাজার শাখার সাবেক ছাত্রদল নেতা মারুফ এলাহী রনির হিসাবে দুইটি সঞ্চয়পত্রের বিপরীতে ৫০ লাখ টাকা স্থানান্তর করা হয়। তবে বাংলাদেশ ব্যাংকের দ্রুত পদক্ষেপে অর্থটি আটকে যায় এবং পরে সরকারি খাতে ফেরত দেওয়া হয়।

    অন্যদিকে মহাহিসাব নিরীক্ষণ কার্যালয়ের কর্মকর্তা এস এম রেজভীর ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র জালিয়াতির মাধ্যমে নগদায়ন করে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের রানীগঞ্জ উপশাখায় আরিফুর রহমানের হিসাবে স্থানান্তর করা হয়। পরবর্তীতে টাকাটি ঢাকার দুটি শাখা থেকে উত্তোলন করা হয়।

    মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আরিফুর রহমান প্রাথমিকভাবে ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে এবং তার সঙ্গে অন্য আসামিদের যোগাযোগের তথ্য অনুসন্ধান চলছে।

    মোহাম্মদ মারুফ এলাহী রনি দাবি করেন, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাঁর ডাচ্-বাংলা ব্যাংক হিসাবটি ছাত্রজীবনে খোলা, যার লেনদেন সীমা পাঁচ লাখ টাকা এবং বর্তমানে স্থিতি মাত্র ৩৫ হাজার। তিনি সন্দেহ প্রকাশ করেন, রাজনৈতিকভাবে তাঁকে ফাঁসানোর জন্যই এমন অপচেষ্টা হতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, মতিঝিল অফিসের তিনজন কর্মকর্তাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত কম্পিউটার। ঘটনাটি তদন্তে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও এনআরবিসি ব্যাংকের পৃথক কমিটি কাজ করছে।

    এই ঘটনার পর থেকে সঞ্চয়পত্রের অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে গ্রাহকেরা সুদ বা আসল নগদায়নে ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা জোরদারের পর আগামী রোববার থেকে কার্যক্রম পুনরায় শুরু হতে পারে।

  • ডাকসু-জাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ, রিজভীর বিস্ফোরক মন্তব্য

    ডাকসু-জাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ, রিজভীর বিস্ফোরক মন্তব্য

    এবিএনএ:  ডাকসু ও জাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরিকল্পিত কারসাজি ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে।

    রিজভী অভিযোগ করেন, সরকারের প্রভাবশালী মহলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচেতনভাবে একচেটিয়া ফল নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। তিনি আরও প্রশ্ন তোলেন, জাকসু নির্বাচনের ব্যালট পেপার কেন একটি রাজনৈতিকভাবে সম্পৃক্ত প্রতিষ্ঠানে ছাপানো হলো।

    রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

    তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যারা নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা এখন জামায়াতে যোগ দিচ্ছেন। তার মতে, জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে সরকারের গভীর নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে।

    রিজভী সতর্ক করেন, দেশের যে নতুন শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রাণ মানুষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশ সরাসরি জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে।