এবিএনএ: রোববার (৭ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় গাজীপুর-১ আসনের মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি নির্বাচনী ক্যাম্প ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জানা যায়, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেন। পূর্বঘোষিত কর্মসূচির সময় হঠাৎ করে অপর গ্রুপের সদস্যরা হামলা চালায়। আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরাক সিদ্দিকী অভিযোগ করেন, গাজীপুর-১ আসনের মনোনয়ন বিতর্কে দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তার ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয় বলে তিনি জানান।
অপরদিকে মজিবুর রহমান দাবি করেন, তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। কিন্তু তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। সংঘর্ষে তারও কয়েকজন কর্মী আহত হয়েছেন।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
