Tag: কানাডা বিশ্বকাপ

  • ২৪ ঘণ্টায় বিশ্বকাপ টিকিটের আবেদন দেড় মিলিয়ন, ফিফার রেকর্ড ভাঙা চাহিদা

    ২৪ ঘণ্টায় বিশ্বকাপ টিকিটের আবেদন দেড় মিলিয়ন, ফিফার রেকর্ড ভাঙা চাহিদা

    এবিএনএ:  ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও ৯ মাস বাকি। তবে ইতোমধ্যেই ভক্তদের উচ্ছ্বাসে তৈরি হয়েছে টিকিটের রেকর্ড চাহিদা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রাথমিক টিকিট আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আবেদন সংখ্যা ছাড়িয়েছে দেড় মিলিয়ন, এমন তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

    সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। এরপর আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা আবেদন করেছেন।

    বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, “এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে ফুটবল বিশ্বকাপ ২০২৬ বিশ্বজুড়ে কী পরিমাণ উত্তেজনা সৃষ্টি করেছে। এটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম মাইলফলক হবে।”

    প্রাথমিক আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর নির্বাচিতদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে, এবং ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী টিকিট কেনার সুযোগ পাবেন ভক্তরা। এই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে, সরাসরি টিকিট কেনার সুযোগ নেই। প্রথম ধাপে আসন ফাঁকা থাকলে ফিফার ওয়েবসাইটে পুনরায় বিক্রির ঘোষণা দেওয়া হবে।

    ফিফার নিয়ম অনুযায়ী, ভক্তদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং রেজিস্ট্রেশনের সময় ফিফা আইডি তৈরি করতে হবে। গ্রুপপর্বের ম্যাচের টিকিট শুরু হবে মাত্র ৬০ মার্কিন ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে। একক ম্যাচের টিকিট ছাড়াও দলভিত্তিক ও ভেন্যু-ভিত্তিক টিকিট পাওয়া যাবে।

    আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ্বকাপ। ৪৮ দলের অংশগ্রহণে মোট ১০৪ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬টি ভেন্যুতে—এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি ও কানাডায় ২টি। ফিফার প্রত্যাশা, এবারের আসরে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শক মাঠে বসে খেলা উপভোগ করবেন।