Tag: কলকাতা পুলিশ

  • বারবার চুরির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী রূপা দত্ত, বলিউড ক্যারিয়ার ছেড়ে অপরাধজগতে!

    বারবার চুরির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী রূপা দত্ত, বলিউড ক্যারিয়ার ছেড়ে অপরাধজগতে!

    এবিএনএ:  একসময় বলিউডে নিজের অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী রূপা দত্ত। কিন্তু আজ তিনি আলোচনায় একেবারে ভিন্ন কারণে— বারবার চুরি ও পকেটমারির ঘটনায় তার নাম জড়িয়ে পড়ছে। সর্বশেষ, কলকাতার বড়বাজার এলাকা থেকে সোনার গয়না চুরির অভিযোগে আবারও গ্রেপ্তার হয়েছেন এই অভিনেত্রী।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ ওঠে রূপার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গত বৃহস্পতিবার রাতে নন্দরাম মার্কেট এলাকা থেকে তাকে আটক করে কলকাতা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৬৩ গ্রাম সোনার গয়না।

    রূপা দত্ত যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর টলিউডে অভিনয়ের সুযোগ না পেয়ে মুম্বাই যান। সেখানে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘জয় মা বৈষ্ণো দেবী’তে অভিনয় করে পরিচিতি পান। এছাড়া অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ সিনেমায়ও কাজ করেন তিনি। কিন্তু অভিনয় জীবনের সেই উজ্জ্বল অধ্যায় ম্লান হয়ে যায় তার অপরাধ প্রবণতায়।

    এর আগেও ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারির ঘটনায় হাতেনাতে ধরা পড়েছিলেন রূপা। তখন তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় তাকে কারাভোগও করতে হয়।

    শুধু তাই নয়, ২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন রূপা দত্ত, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। পুলিশের তদন্তে জানা যায়, তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগকে ভুলবশত কশ্যপের বলে দাবি করেছিলেন।

    বর্তমানে সোনার গয়না চুরির মামলায় রূপাকে আদালতে তোলা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে এবং তিনি পেশাদার চোরচক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

  • কলকাতায় ধরা পড়লেন বাংলাদেশি মডেল শান্তা পাল, একাধিক নথি জালিয়াতির অভিযোগ

    কলকাতায় ধরা পড়লেন বাংলাদেশি মডেল শান্তা পাল, একাধিক নথি জালিয়াতির অভিযোগ

    এবিএনএ:  কলকাতায় অবৈধভাবে বসবাস ও জাল নথিপত্র ব্যবহারের অভিযোগে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে দক্ষিণ কলকাতার যাদবপুরের বিজয়গড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, শান্তা পাল ক্যাবের ব্যবসার আড়ালে বেশ কিছু বছর ধরে কলকাতায় বসবাস করছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড পাওয়া যায়। তবে তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বহু আগেই, যা তিনি আর নবায়ন করেননি।

    ২০২৩ সাল থেকে যাদবপুরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন শান্তা। শুধু তাই নয়, কলকাতার বিভিন্ন এলাকায় ভিন্ন নাম ও পরিচয়ে বেশ কয়েকবার বাসস্থান পরিবর্তন করেছেন তিনি।

    তদন্তে উঠে আসে, ২০২০ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি ঠিকানা ব্যবহার করে তিনি ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেন। দক্ষিণ কলকাতার বিক্রমগড়েও তিনি একটি ফ্ল্যাট ভাড়া নেন, যার ঠিকানায় প্রতি মাসেই ইলেকট্রিক বিল আসে শান্তা পালের নামে।

    শান্তা পাল বাংলাদেশের একটি বিউটি পেজেন্টে ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ খেতাব অর্জন করেছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিমানসেবিকার কাজও করেছেন। এছাড়া ২০২০ সালে তিনি টালিউডের পরিচালক ও শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রাজীব কুমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।

    লালবাজারের গোয়েন্দা বিভাগ শান্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তার বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বিক্রমগড়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে পুলিশ।

    জানা গেছে, শান্তা পালের স্বামী ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তাদের নামেই ফ্ল্যাটে আধার ও রেশন কার্ড পাওয়া গেছে। এসব নথি কতটা বৈধ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শান্তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করলে বিচারক তাকে ৮ অগাস্ট পর্যন্ত পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।