Tag: ওয়াশিংটন হোটেলে গুলির ঘটনা

  • হোটেল লবিতে গুলির শব্দ, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    হোটেল লবিতে গুলির শব্দ, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    এবিএনএ: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সাংবাদিকদের জন্য আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হোটেলের লবিতে এক বন্দুকধারী গুলি ছোড়ার পর নিরাপত্তা সদস্যরা দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন।

    স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের একটি হোটেলে এ ঘটনা ঘটে। হোয়াইট হাউজের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ চলাকালে ট্রাম্প খাবার টেবিলে উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় বাঙ্কেট হলের কাছাকাছি বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই প্রেসিডেন্টের চারপাশে নিরাপত্তা বাহিনী অবস্থান নেয় এবং তাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যায়।

    ঘটনার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা সদস্যরা সবাইকে শান্ত থাকতে নির্দেশ দেন এবং হলের ভেতরে অবস্থান নিতে বলেন। একই সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও মঞ্চ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুজনই নিরাপদ রয়েছেন।

    কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে নিস্তেজ করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি। নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, একজন ব্যক্তি হোটেল লবিতে গুলি চালায়, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

    হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি সংস্থার সভাপতি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে। প্রতিবছর আয়োজিত এই নৈশভোজে সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া জগতের বিভিন্ন পরিচিত মুখ উপস্থিত ছিলেন। আকস্মিক গুলির ঘটনায় পুরো অনুষ্ঠানস্থলে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়।

    গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা বাঙ্কেট হল ঘিরে ফেলেন। তারা অতিথিদের নিরাপদে রাখার পাশাপাশি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে দ্রুত সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।