Tag: ওয়াশিংটন ডিসি

  • হোয়াইট হাউসের পাশেই গুলিবর্ষণ, আফগান নাগরিক আটক—স্থগিত সব অভিবাসন প্রক্রিয়া!

    হোয়াইট হাউসের পাশেই গুলিবর্ষণ, আফগান নাগরিক আটক—স্থগিত সব অভিবাসন প্রক্রিয়া!

    এবিএনএ: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে ঘটে গেলো গুলির ভয়াবহ ঘটনা। স্থানীয় সময় বুধবার দুপুরে ফ্যারাগাট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে এক সশস্ত্র ব্যক্তি গুলি চালালে ন্যাশনাল গার্ডের দু’জন সদস্য আহত হন। দ্রুতই ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনী হামলাকারীকে আটক করে। হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছে আফগান নাগরিক হিসেবে।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে জানিয়েছেন, আটক হামলাকারী রাহমানুল্লাহ লাখানওয়াল ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আফগানিস্তান থেকে আগত সব অভিবাসীর বসবাসের আবেদন পুনর্মূল্যায়ন করারও নির্দেশ দেন তিনি।

    ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সব আফগান নাগরিকের অভিবাসন প্রক্রিয়া। যদিও হামলাকারীর অভিবাসন স্ট্যাটাস এখনো পরিষ্কার নয়, তবু তার নাম নিশ্চিত করা হয়েছে—রাহমানুল্লাহ লাখানওয়াল।

    ঘটনা ঘটার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের অতিরিক্ত ৫০০ সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আগে থেকেই ২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন ছিল, যা নিয়ে বিতর্ক চলছিল।

    নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার পর হামলাকারী নিজেও আহত হন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফ্যারাগাট ওয়েস্ট মেট্রো স্টেশন থেকে হোয়াইট হাউসের দূরত্ব মাত্র কয়েক ব্লক, যা ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

    শহরের মেয়র একে ‘টার্গেটেড শুটিং’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি কোনো এলোমেলো হামলা নয়—বরং উদ্দেশ্যপ্রণোদিত। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, বাড়ানো হয়েছে উচ্চ সতর্কতা।

    ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।