Tag: ঐক্যের ডাক

  • ঐক্যবদ্ধ না হলে আবারও গোপন স্বৈরাচার জন্ম নেবে: তারেক রহমান

    ঐক্যবদ্ধ না হলে আবারও গোপন স্বৈরাচার জন্ম নেবে: তারেক রহমান

    এবিএনএ:  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে সামনে দেশে গোপন স্বৈরাচারের উত্থান ঘটতে পারে। তিনি বলেন, বিগত ১৫-১৬ বছরে জনগণ স্বৈরশাসনের ভয়াবহতা দেখেছে—হত্যা, গুম, নির্যাতন, খুন এবং জালিয়াতি নির্বাচন। ওয়ান-ইলেভেন ও ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে দেশে যে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজও জাতির জন্য হুমকি হয়ে আছে।

    শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দিয়ে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ—এটাই আমাদের মূল নীতি। এখন প্রয়োজন জাতীয় ঐক্য এবং দেশ পুনর্গঠন।”

    শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, “হাজারো নেতাকর্মীকে জেল-হাজতে মৃত্যু, পঙ্গুত্ব আর নির্যাতন সহ্য করতে হয়েছে। তবে জনগণের শক্তিতে স্বৈরশাসন পতিত হয়েছে। এখন আমাদের লক্ষ্য দেশ গঠন।”

    সম্মেলনের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত সরকার সময়ে প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে, ব্যাংক খাত হয়েছে খেলাপি ঋণে জর্জরিত। তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে লুটপাট আর দমন-পীড়নের ইতিহাস।”

    তিনি জোর দিয়ে বলেন, বিএনপির ভিশন ২০৩০ ও ৩১ দফা দেশের জন্য একটি রোডম্যাপ। রাজনৈতিক প্রতারণার বিপরীতে জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে হবে।

    দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সভাপতি এবং সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথাও জানানো হয়।