Tag: এস জয়শঙ্কর

  • খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

    খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

    এবিএনএ: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে বুধবার সন্ধ্যার আগে তিনি রাজধানী ছাড়েন।

    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানায়, ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে বিকেল ৫টার দিকে জয়শঙ্কর ঢাকা ত্যাগ করেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তিনি বুধবার দুপুরে ঢাকায় আসেন।

    এই সফরে জয়শঙ্কর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেন। একই সঙ্গে ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকেও শোকবার্তা জানান তিনি।

    সংক্ষিপ্ত সফরকালীন সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

    এ ছাড়া ঢাকায় অবস্থানরত পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন জয়শঙ্কর।

    উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী, যিনি সরকারি সফরে ঢাকা এলেন।

  • মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে ভারতের আহ্বান

    মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে ভারতের আহ্বান

    এবিএনএ:  মার্কিন প্রশাসনের চাপ ও অতিরিক্ত শুল্কের হুমকির মাঝেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে নতুন করে জোর দিচ্ছে ভারত। মস্কো সফরের প্রথম দিনেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসারিত করার আহ্বান জানান।

    রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্তুরেভের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর বলেন, ভারতের বাজারে রাশিয়ার সংস্থাগুলোর জন্য বিপুল সম্ভাবনা রয়েছে এবং সেগুলোকে আরও কাজে লাগানো উচিত। তিনি জানান, গত চার বছরে ভারত-রাশিয়া বাণিজ্য পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে। তবে বাণিজ্য ঘাটতিও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

    জয়শঙ্করের ভাষায়, “বিশ্ব রাজনীতির জটিল পরিস্থিতির মধ্যেও দুই দেশের নেতৃত্ব কৌশলগত অংশীদারিত্ব অটুট রেখেছে এবং সেটি আরও প্রসারিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

    রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মন্তুরেভ জানান, গত পাঁচ বছরে দুই দেশের বাণিজ্য ৭০০ শতাংশের বেশি বেড়েছে এবং বর্তমানে ভারত রাশিয়ার শীর্ষ তিন বাণিজ্য অংশীদারের মধ্যে রয়েছে।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘মেক ইন ইন্ডিয়া’ ও নগরায়ণ প্রক্রিয়া বিদেশি ব্যবসার জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এসব উদ্যোগ রাশিয়ার কোম্পানির জন্য ভারতীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি করছে।

    তিনি আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং সরকার ও ব্যবসায়ীদের পরিকল্পনার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।”

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং ২৭ আগস্ট থেকে আরও ২৫ শতাংশ কার্যকর হবে। এতে মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশে। এই প্রেক্ষাপটেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য জোরদার করার বিকল্প পথ খুঁজছে ভারত।