Tag: এশিয়া কাপ ২০২৫

  • এশিয়া কাপের ব্যর্থতা পেছনে ফেলে আফগানিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল

    এশিয়া কাপের ব্যর্থতা পেছনে ফেলে আফগানিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল

    এবিএনএ: এশিয়া কাপে সুপার ফোরে ব্যর্থতার হতাশা কাটিয়ে নতুন উদ্যমে মাঠে নামতে চায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটিকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবেই দেখছেন দলের নতুন অধিনায়ক জাকের আলী।

    লিটন দাস চোটের কারণে ছিটকে যাওয়ায় দলের নেতৃত্ব এখন জাকেরের হাতে। তিনি মনে করেন, এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতাই ছিল সবচেয়ে বড় সমস্যা। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটিং ইউনিটকেই প্রধান ফোকাস হিসেবে নিচ্ছেন তিনি। জাকের বলেন, “নির্দিষ্ট দিনে ভালো খেলাটাই আসল চ্যালেঞ্জ। দল হিসেবে আমরা এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারিনি। এবার আমাদের পরিকল্পনা ব্যাটিংকে আরও শক্তিশালী করা।”

    এশিয়া কাপে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। তাকে নিয়ে আশাবাদী জাকের বলেন, “সাইফ ধারাবাহিকভাবে ভালো করছে। চাইব, এবারও সে বড় ইনিংস খেলুক। তার সঙ্গে অন্য ব্যাটাররা ভালো করতে পারলে সিরিজটা আমাদের জন্য দারুণ হবে।”

    লিটনের জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। তবে ভিসা সমস্যার কারণে এখনো সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। জাকের আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই সৌম্যকে পাওয়া যাবে।

    অন্যদিকে, আফগানিস্তান এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। অধিনায়ক রশিদ খান বলেন, “আমরা সবসময় জয়ের জন্য খেলি। এশিয়া কাপে ব্যর্থ হয়েছি, তবে সেখান থেকে শিখেছি। এই সিরিজ আমাদের বিশ্বকাপের জন্য বড় প্রস্তুতি।”

    তিনি আরও যোগ করেন, “মাঠের পারফরম্যান্স নির্ভর করে মাঠের বাইরের যত্নের ওপর। টানা খেলার কারণে রিকভারি আর ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে আমরা আরও ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে চাই।”

  • নিয়মরক্ষার ম্যাচে টসে হারল ভারত, ব্যাটিংয়ে নামছে সূর্যকুমারের দল

    নিয়মরক্ষার ম্যাচে টসে হারল ভারত, ব্যাটিংয়ে নামছে সূর্যকুমারের দল

    এবিএনএ: এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালিস্ট ইতোমধ্যেই নির্ধারিত—ভারত ও পাকিস্তান। তাই সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি কেবল নিয়মরক্ষার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে শ্রীলঙ্কা, ফলে ব্যাট হাতে মাঠে নামছে সূর্যকুমার যাদবের ভারত।

    ভারত এর আগেই দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানও নিশ্চিত করেছে শিরোপা লড়াই। আগামী রোববার এই দুই দল শিরোপার জন্য মুখোমুখি হবে।

    শ্রীলঙ্কা এরই মধ্যে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। তাই বিদায়ী ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে চাইছে আসালাঙ্কার দল। অন্যদিকে, ভারত এই ম্যাচটিকে দেখছে ফাইনালের আগে নিজেদের কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে।

    ভারতের একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

    শ্রীলঙ্কার একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জেনিথ লিয়ানাগে, দুশমন্থ চামেরা, মহিসা থেকশানা, নুয়ান থুসারা।

  • ফাইনালের দ্বারপ্রান্তে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিং

    ফাইনালের দ্বারপ্রান্তে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিং

    এবিএনএ: এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। জয়ী দল ফাইনালে খেলবে ভারতের সঙ্গে, আর হার মানেই বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। তবে ইনজুরির কারণে আবারও দলে নেই লিটন দাস।

    ভারতের বিপক্ষে না খেলা তাসকিন আহমেদকে ফিরিয়ে আনা হয়েছে পাকিস্তানের বিপক্ষে। মূলত এই ম্যাচকে সামনে রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। একই সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শেখ মাহেদী। বাদ পড়েছেন ওপেনার তানজিদ তামিম, স্পিনার নাসুম আহমেদ এবং পেসার সাইফউদ্দিন। তাদের জায়গায় নুরুল হাসান সোহান, শেখ মাহেদী ও তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    অন্যদিকে পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।

    ভারত ইতিমধ্যেই দুই ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান দুদলই শ্রীলঙ্কাকে হারিয়েছে, তাই আজকের জয়ী দল ফাইনালে জায়গা করে নেবে।

    বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

    পাকিস্তানের একাদশ: শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ূব, সালমান আঘা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

  • এশিয়া কাপে ভারতের ঝড়ো ব্যাটিং, বাংলাদেশকে দিল ১৬৯ রানের টার্গেট

    এশিয়া কাপে ভারতের ঝড়ো ব্যাটিং, বাংলাদেশকে দিল ১৬৯ রানের টার্গেট

    এবিএনএ: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতীয়রা তোলে ১৬৮ রান।

    টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল সতর্ক। প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান তুলতে পেরেছিল ভারত। তবে এরপরই বদলে যায় চিত্র। পাওয়ার প্লের শেষ দিকে অভিষেক শর্মা ও শুবমান গিলের ব্যাটে ভারতীয় ইনিংস দ্রুত বড় হতে থাকে। প্রথম ছয় ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭২ রান, কোনো উইকেট ছাড়াই।

    বাংলাদেশ প্রথম সাফল্য পায় সপ্তম ওভারে। লেগ স্পিনার রিশাদ হোসেন ফিরিয়ে দেন শুবমান গিলকে (১৯ বলে ২৯)। নবম ওভারে তিনি ফেরান শিবম দুবেকে, যিনি করেন মাত্র ২ রান।

    তবে অপরপ্রান্তে ছিলেন অভিষেক শর্মা। দুর্দান্ত ব্যাটিং করে ৩৭ বলে তুলে নেন ৭৫ রান। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের থ্রোতে রান আউটে কাটা পড়েন তিনি।

    ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও বেশি দূর যেতে পারেননি। ১১ বলে ৫ রান করে মুস্তাফিজের বলেই ক্যাচ দেন। একই পথে হেঁটেছেন তিলক ভার্মা (৭ বলে ৫)।

    হার্দিক পান্ডিয়া ইনিংসের শেষ পর্যন্ত দৃঢ় ছিলেন। শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেছেন ৩৮ রান। তার সঙ্গে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল, করেছেন ১০ রান।

    বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন, তিনি নিয়েছেন ২৭ রানে ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

  • এশিয়া কাপে টিকে থাকার লড়াই: শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

    এশিয়া কাপে টিকে থাকার লড়াই: শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

    এবিএনএ:  এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ, কারণ জয় ছাড়া আর কোনো বিকল্প নেই তাদের সামনে।

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ফলে আগে ব্যাট করতে নামবে লঙ্কানরা। এর আগে সুপার ফোরে নিজেদের ম্যাচে হারের কারণে পয়েন্ট তালিকার নিচে অবস্থান করছে উভয় দলই। তাই এই ম্যাচে জয় পাওয়া মানেই ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখা।

    উল্লেখ্য, ২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল লঙ্কানরা। দীর্ঘদিন পর আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে একে অপরের বিপক্ষে লড়ছে দুই দল।

    পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

    শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা।

  • ভারতের বিপক্ষে ভালো শুরু করেও ১৭১ রানে থেমে গেল পাকিস্তান

    ভারতের বিপক্ষে ভালো শুরু করেও ১৭১ রানে থেমে গেল পাকিস্তান

    এবিএনএ:  এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। প্রথম ১০ ওভারেই ১ উইকেটে ৯১ রান তুলে দুইশ’র বেশি সংগ্রহের আভাস দিচ্ছিল তারা।

    তবে মিডল ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছন্দ হারায় পাকিস্তানের ইনিংস। এক পর্যায়ে বড় সংগ্রহের আশা ভঙ্গ হয়ে ২০ ওভার শেষে দল থামে ১৭১ রানে।

    ওপেনার ফখর জামান মাত্র ৯ বলে ১৫ রান করে ফিরে গেলেও, শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন। আইয়ুবের ১৭ বলে ২১ রানের ছোট ইনিংস থেমে গেলে চাপ বাড়তে থাকে। ফারহান অবশ্য ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। তিনি ৪৫ বলে ৫৮ রান করেন, যেখানে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা।

    তবে পরের ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। হুসেইন তালাত ১১ বলে ১০ রান, অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রান এবং মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ রান করে ফিরে যান। শেষ দিকে ফাহিম আশরাফ ৮ বলে ঝড়ো ২০ রান করলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি।

    ভারতের বোলারদের মধ্যে শিভাম দুবে সবচেয়ে কার্যকর ছিলেন। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বরুণ চক্রবর্তী নিয়ন্ত্রিত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৫ রান দেন। যদিও জাসপ্রিত বুমরাহ ব্যয়বহুল ছিলেন, তার বোলিংয়ে ৪ ওভারে এসেছে ৪৫ রান।

    অসাধারণ সূচনা করেও মিডল অর্ডারের ব্যর্থতায় পাকিস্তানকে শেষ পর্যন্ত থামতে হয় ১৭১ রানে। ভারতের সামনে জয়ের টার্গেট তুলনামূলকভাবে সহজ করে দিয়ে গেল বাবর আজমের দল।

  • এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

    এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

    এবিএনএ:  এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই পর্বে লাল-সবুজের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শনিবার অনুষ্ঠিত ম্যাচের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।

    শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে এসেছে দুটি পরিবর্তন। জায়গা পাননি উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। পরিবর্তে দলে ফিরেছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। দলের হয়ে খেলছেন দুনিথ ভেল্লালাগে, যিনি আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যুর সংবাদ পান।

    টস-পরবর্তী মন্তব্যে লিটন দাস বলেন, “প্রথম রাউন্ডে দেখেছি, যে দল পরে ব্যাট করেছে তারাই জিতেছে। তাই ফিল্ডিং নেওয়াই সঠিক মনে হয়েছে। আমরা আত্মবিশ্বাসী এবং সবাই দারুণ করছে।”

    শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানান, “টসে জিতলে আমরাও ফিল্ডিং নিতাম। তবে এখন ব্যাটিং করতে হচ্ছে। উইকেট কিছুটা ব্যবহৃত, তবে ব্যাটিংয়ের জন্য সুবিধাজনক হবে।”

    বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

    শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, দুনিথ ভেল্লালাগে।

  • এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশের সময়সূচি প্রকাশ, কবে কাদের মুখোমুখি টাইগাররা

    এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশের সময়সূচি প্রকাশ, কবে কাদের মুখোমুখি টাইগাররা

    এবিএনএ:  এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫–এর গ্রুপপর্ব প্রায় শেষের পথে। যদিও শুক্রবার ভারত ও ওমানের ম্যাচ বাকি রয়েছে, তবে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সুপার ফোরের চার দলের নাম ও পূর্ণাঙ্গ সূচি। ফলে আজকের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতাই বলা যায়।

    আবুধাবিতে অনুষ্ঠিত শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা। এতে আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয় এবং বাংলাদেশের সুপার ফোরে জায়গা পাকা হয়। অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান।

    সুপার ফোর পর্ব শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর এবং চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি দল অপর তিন প্রতিপক্ষের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

    লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। ২০ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা। এরপর একই ভেন্যুতে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

  • এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, হোটেল ছাড়তে দেরি করল দল

    এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, হোটেল ছাড়তে দেরি করল দল

    এবিএনএ: এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নির্ধারিত সময়ে টিম হোটেল ছাড়তে দেরি করায় এবং অভ্যন্তরীণ জটিলতায় ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

    ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানায়, পাকিস্তান দলকে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় হোটেল ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টা পর মাঠের উদ্দেশ্যে রওনা দেয় তারা। এর ফলে রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে যায়।

    পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র আমির মির জানান, পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির সঙ্গে বৈঠক করছেন। এ বৈঠকে সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠিও অংশ নিচ্ছেন।

    ভারতের বিপক্ষে আগের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের পর রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানায় পাকিস্তান। আইসিসি সেই দাবি মানতে অস্বীকৃতি জানালে পিসিবি বয়কটের হুমকি দেয়। বিষয়টি নিয়ে আইসিসি, এসিসি ও পিসিবি বৈঠক করলেও সমাধান আসেনি।

    এই জটিলতার কারণে পাক ক্রিকেটাররা নির্ধারিত সময়ে হোটেল ছাড়েননি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দল যথাসময়ে মাঠে উপস্থিত হয়ে ম্যাচ পূর্ব প্রস্তুতি সেরে নেয় এবং সম্প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলেন খেলোয়াড়রা।

    ম্যাচটি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ জয় পেলেই তারা জায়গা করে নেবে সুপার ফোরে। তবে দলের দেরি, পিসিবির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আইসিসির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ম্যাচের ভাগ্য এখনো অনিশ্চিত হয়ে আছে।

  • বাংলাদেশের লড়াকু ব্যাটিং, আফগানিস্তানের সামনে ১৫৫ রানের টার্গেট

    বাংলাদেশের লড়াকু ব্যাটিং, আফগানিস্তানের সামনে ১৫৫ রানের টার্গেট

    এবিএনএ:  এশিয়া কাপে সুপার ফোরের আশা জিইয়ে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করেছে বাংলাদেশ। মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৫৪ রান, ফলে আফগানিস্তানকে জয়ের জন্য ১৫৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ।

    বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি খেলেন ৫২ রানের দারুণ এক ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে, যিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ৩০ রান যোগ করেন।

    এই ম্যাচে বাংলাদেশ একাদশে আনা হয় চারটি পরিবর্তন। ওপেনার পারভেজ ইমনকে বাদ দিয়ে দলে সুযোগ পান সাইফ হাসান। বোলিংয়ে শরিফুল ইসলামের জায়গায় ফেরেন তাসকিন আহমেদ। স্পিন আক্রমণে পরিবর্তন এনে বাঁহাতি নাসুম আহমেদকে নামানো হয়, তিনি জায়গা নেন শেখ মাহেদীর পরিবর্তে। পাশাপাশি দলে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, বাদ পড়েন তানজিম সাকিব।

    বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

    আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজহমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গজনফার, ফজলহক ফারুকি।

    এখন আফগানিস্তানকে জিততে হলে করতে হবে ১৫৫ রান। ম্যাচটি উভয় দলের জন্য সমান গুরুত্বপূর্ণ, কারণ জয়ী দলই টিকে থাকবে সুপার ফোরের দৌড়ে।