Tag: ই পেমেন্ট গেটওয়ে

  • ঈদের দীর্ঘ ছুটি সামনে: এটিএমে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ

    ঈদের দীর্ঘ ছুটি সামনে: এটিএমে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ

    এবিএনএ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির সময় গ্রাহকদের আর্থিক লেনদেনে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়—সেজন্য দেশের সব তফসিলি ব্যাংককে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, ঈদের ছুটির সময় ব্যাংকিং সেবায় বিঘ্ন না ঘটাতে আগাম প্রস্তুতি নিতে হবে এবং গ্রাহকদের জন্য এটিএমসহ সব ধরনের ডিজিটাল লেনদেন ব্যবস্থা সচল রাখতে হবে।

    এটিএম সেবায় বিশেষ নির্দেশনা

    বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদের ছুটিতে গ্রাহকরা যাতে সহজে নগদ অর্থ তুলতে পারেন, সেজন্য এটিএম বুথগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এটিএম মেশিনে কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

    এছাড়া প্রতিটি বুথে নিরাপত্তা জোরদার করতে সার্বক্ষণিক পাহারাদার নিয়োজিত রাখা এবং নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

    পিওএস ও ই-পেমেন্ট সেবাও সচল রাখতে হবে

    কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পয়েন্ট অব সেল (পিওএস) সেবাও সবসময় চালু রাখতে হবে, যাতে গ্রাহকরা সহজে কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা মূল্য পরিশোধ করতে পারেন। একই সঙ্গে প্রতারণা বা জালিয়াতি ঠেকাতে ব্যবসায়ী ও গ্রাহকদের সচেতন করার ওপর জোর দেওয়া হয়েছে।

    ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের সময় টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখতে হবে, যাতে অনলাইন লেনদেন আরও নিরাপদ থাকে।

    মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে নিরবচ্ছিন্ন লেনদেন

    মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনাকারী ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ঈদের ছুটির পুরো সময় জুড়ে নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    গ্রাহকদের প্রতিটি লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে জানাতে হবে এবং ইলেকট্রনিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে প্রচার-প্রচারণাও চালাতে বলা হয়েছে। পাশাপাশি যেকোনো সমস্যায় দ্রুত সহায়তা দিতে সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    টানা সাত দিনের ঈদের ছুটি

    এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সরকার পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন ছুটি যুক্ত করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

    এর ফলে চলতি বছর সরকারি ও বেসরকারি অফিসে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন ঈদের ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে