এবিএনএ: ম্যানচেস্টার ইউনাইটেডে শুরু হলো নতুন অধ্যায়। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটির অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক মিডফিল্ডার মাইকেল ক্যারিক। চাকরি হারানো রুবেন আমোরিমের জায়গায় দায়িত্ব বুঝে নিলেন ক্লাবের এই পরিচিত মুখ।
ইউনাইটেডের জার্সিতে টানা ১২ মৌসুম খেলেছেন ক্যারিক। এই সময়ে তিনি পাঁচবার প্রিমিয়ার লিগ ও একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অংশ ছিলেন। কোচিং ক্যারিয়ারেও তিনি ইতিবাচক ছাপ রেখেছেন; চ্যাম্পিয়নশিপের দল মিডলসবার্গের প্রধান কোচ হিসেবে তার কাজ প্রশংসিত হয়েছে।
খেলোয়াড়ি জীবন শেষে ক্যারিক ম্যানইউতেই কোচিংয়ে যুক্ত ছিলেন। ওলে গুনার শুলসার ও হোসে মরিনহোর অধীনে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। শুলসারের বিদায়ের পর টানা পাঁচ ম্যাচে অস্থায়ীভাবে দলের ডাগআউটে দাঁড়িয়ে চারটি জয় ও একটি ড্র এনে দেন ক্যারিক।
আগামী ১৭ জানুয়ারি ইউনাইটেডের পরবর্তী ম্যাচ। ঘরের মাঠে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ক্যারিকের প্রথম বড় পরীক্ষা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুম শেষে তার পারফরম্যান্স মূল্যায়ন করে স্থায়ী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দায়িত্ব নেওয়ার পরপরই নিজের কোচিং স্টাফ গঠন করেছেন ক্যারিক। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক সহকারী কোচ স্টিভ হল্যান্ডকে দলে ভিড়িয়েছেন তিনি। ড্রেসিংরুম সম্পর্কে গভীর ধারণার কারণে জনি ইভান্সকে রাখা হয়েছে কোচিং প্যানেলে। এছাড়া ট্রাভিস বিন্নিয়ন ও মিডলসবার্গের সতীর্থ জোনাথন উডগেটও যুক্ত হয়েছেন কোচিং স্টাফে। স্প্যানিশ ভাষায় দক্ষ হওয়ায় খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ সহজ করতে উডগেটকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে।
ক্যারিকের নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক তারকারা। মাইকেল ওয়েন মনে করেন, আগের অভিজ্ঞতার কারণে ম্যানইউতে মানিয়ে নিতে ক্যারিকের সমস্যা হবে না। ওয়েন রুনিও ক্যারিকের ডাগআউটে ফেরা নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন। এমনকি সুযোগ পেলে ক্যারিকের সহকারী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন রুনি, যদিও আপাতত সেই সুযোগ মিলছে না।

