Tag: আমীর খসরু

  • বিএনপি সরকার গঠন করলে গ্রামে গ্রামেই কাজের সুযোগ সৃষ্টি হবে : আমীর খসরু

    বিএনপি সরকার গঠন করলে গ্রামে গ্রামেই কাজের সুযোগ সৃষ্টি হবে : আমীর খসরু

    এবিএনএ:  বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী বা বড় শহরে কাজের খোঁজে মানুষকে আর ছুটে আসতে হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, বিএনপি সরকার গঠন করলে গ্রামীণ অর্থনীতি হবে কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু, যেখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ গ্রামেই কাজের সুযোগ পাবেন।

    সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)–এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দক্ষ জনশক্তি: দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমীর খসরু বলেন, “বিএনপি সরকার গঠনের পর প্রথম এক বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া— যেখানে জনসংখ্যা হবে জনসম্পদ।”

    তিনি আরও বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সমন্বয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই আইটি, কলসেন্টার, নার্সিং ও আধুনিক কুটির শিল্পে বিপ্লব ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ এবং তাদের তৈরি পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং নিশ্চিত করা হবে।

    সরকারি দপ্তরে হয়রানি ও দুর্নীতি কমাতে ডিজিটাল সেবার প্রসার ঘটানো হবে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, “জনগণের সময় ও অর্থের অপচয় বন্ধ করাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”

    বিএনপি নেতা আরও বলেন, ঢাকায় বসে নয়, জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য। এছাড়া ক্ষমতায় এলে কোনো মেগাপ্রকল্প নেওয়া হবে না, বরং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটের ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।

    সেমিনারে সভাপতিত্ব করেন আইডিইবি’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।

  • “অবাস্তব বাজেট নিয়ে কঠোর সমালোচনা আমীর খসরুর: রাজস্ব ঘাটতির শঙ্কা”

    “অবাস্তব বাজেট নিয়ে কঠোর সমালোচনা আমীর খসরুর: রাজস্ব ঘাটতির শঙ্কা”

    এবিএনএ, ঢাকা:

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটটি মূলত আগের সরকারের নীতিরই প্রতিফলন এবং এতে মৌলিক অর্থনৈতিক ভুল রয়েছে। তার মতে, রাজস্ব আয় ও বাজেটের আকারের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়নি, যা একটি বাজেট তৈরির সময় মূল বিবেচ্য হওয়া উচিত ছিল।

    আজ সোমবার বাজেট ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, বর্তমান আর্থিক বাস্তবতায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ না হলে এই বাজেট বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না।

    সরকারের উচিত ছিল বাস্তবতার আলোকে আরও সংক্ষিপ্ত বাজেট উপস্থাপন করা। এ বাজেটে যে ধরনের উচ্চাকাঙ্ক্ষা দেখানো হয়েছে, তা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলেও উল্লেখ করেন আমীর খসরু।

    এদিন বিকেলে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোট ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আসবে ৪ লাখ ৯৯ হাজার কোটি এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা।