খেলাধুলা

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে তিন নতুন মুখ, স্কালোনির চমকপ্রদ ঘোষণা!

প্রীতি ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করলেন ২৮ সদস্যের দল, যেখানে জায়গা পেয়েছেন তিন নতুন তারকা ফুটবলার।

এবিএনএ:  বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে নতুন পরিকল্পনায় মাঠে নামছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এ দুটি ম্যাচকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন ২৮ সদস্যের স্কোয়াড, যেখানে রয়েছে তিনটি নতুন মুখ।

লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত এই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিন তরুণ প্রতিভা—পালমেইরাসের আনিবাল মরেনো, রিভার প্লেটের লাওতারো রিভেরো এবং রেসিং ক্লাবের ফাকুন্দো ক্যামবেসেস। আর্জেন্টিনার কোচ স্কালোনি জানিয়েছেন, ভবিষ্যৎ দল গঠনের কথা মাথায় রেখেই এই তরুণদের সুযোগ দেওয়া হয়েছে।

এছাড়া, নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দুই ম্যাচের বিরতি কাটিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসিও, যিনি সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের জুনে।

দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুনদের মিশ্রণেই সাজানো হয়েছে এবারের স্কোয়াড। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, রদ্রিগো ডি পল ও নিকোলাস ওটামেন্ডি।

আর্জেন্টিনা ১০ অক্টোবর মুখোমুখি হবে ভেনেজুয়েলার এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ। এই দুটি ম্যাচে স্কালোনি তরুণদের খেলার সুযোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২৮ সদস্যের আর্জেন্টিনা দল:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button