খেলাধুলা

আড়াই দিনে সিরিজ জয়ে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের বড় লজ্জা

ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল কিউইরা

এবিএনএ:  বুলাওয়েতে টেস্ট সিরিজে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। আড়াই দিনেরও কম সময়ে ইনিংস ও ৩৫৯ রানের বিশাল জয় এনে দিয়ে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল কিউইরা। এটি নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।

প্রথম ইনিংসে ডেভন কনওয়ে (১৫৩), রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৭৬ রানের লিড তোলে নিউজিল্যান্ড। তৃতীয় দিনের শুরুতে কিউই বোলারদের তোপে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে।

অভিষেকেই আলো ছড়ালেন পেসার জ্যাকারি ফোকস। মাত্র ৩৭ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ম্যাট হেনরি দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট, সমান উইকেট নেন জ্যাকব ডাফি। সিরিজজুড়ে ১৬ উইকেট শিকার করে সিরিজসেরা হন হেনরি, আর ম্যাচসেরা হন কনওয়ে।

গতকাল ৩ উইকেটে ৬০১ রানে দ্বিতীয় দিন শেষ করেও তৃতীয় দিনে ব্যাট না করেই ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এরপর মাত্র ২৮.১ ওভারে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের লড়াই। সিরিজের চার ইনিংসেই ১৭০ রানের নিচে থামে তাদের সংগ্রহ, যা টানা ছয় টেস্টে হারের তিক্ত রেকর্ডে যোগ হলো।

দ্বিতীয় ইনিংসে একমাত্র প্রতিরোধ গড়েন নিক ওয়েলচ, যিনি ৭১ বলে অপরাজিত ৪৭ রান করেন। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করেছিল কিউইরা, ফলে সফর শেষ হলো পূর্ণ দাপটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button