“পরমাণু নয়, আত্মসমর্পণ বাধ্য করতেই হামলা”—যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির

এবিএনএ:  ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো প্রকাশ্যে ভিডিও বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যেভাবে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, তা আসলে আমাদের আত্মসমর্পণে বাধ্য করার একটি অপচেষ্টা মাত্র।”

ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কটাক্ষ

খামেনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে যেমন অতিরঞ্জিত করে তুলেছেন, তাতে মনে হয় যুক্তরাষ্ট্র সত্য আড়াল করতে চাইছে। আমরা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করেছি, সেটিকে ছোট করে দেখাতে চাইছে ওরা।”

তিনি স্পষ্ট করেন, “এই সপ্তাহে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো মার্কিন হামলায় তেমন কিছুই ঘটেনি। বরং ট্রাম্প যে ‘পারমাণবিক কার্যক্রম ধ্বংস’ করার দাবি করছেন, সেটি নেহাতই মিথ্যাচার।”

‘ইরান কখনো আত্মসমর্পণ করবে না’

খামেনি বলেন, “আমাদের জাতি ঐক্যবদ্ধ। আমরা একটি কণ্ঠস্বর তুলে ধরেছি: আত্মসমর্পণ নয়। ট্রাম্পের মতো একজন রাষ্ট্রপ্রধানের মুখে আত্মসমর্পণের আহ্বান অপমানজনক।”

তিনি আরও যোগ করেন, “ইরানের মতো একটি সম্মানিত জাতিকে আত্মসমর্পণ করানোর চিন্তাটাই অপমান।”

মার্কিন ঘাঁটিতে ভবিষ্যৎ হামলার হুঁশিয়ারি

ভবিষ্যতে এমন হামলা হলে এর জবাব আরও কঠোর হবে বলে হুঁশিয়ার করেন খামেনি। বলেন, “যদি কেউ আমাদের আক্রমণ করে, শত্রুদের কঠিন মূল্য দিতে হবে।”

কাতারের ঘাঁটিতে হামলার কথাও উল্লেখ

ভাষণের আগেও খামেনি সামাজিকমাধ্যমে বলেন, “আমরা কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে প্রমাণ করেছি যে ইরান প্রতিরোধে পিছিয়ে নেই। যদিও এই হামলায় হতাহতের কোনো খবর নেই।”

ইসরায়েল প্রসঙ্গেও সাফ বার্তা

ইসরায়েলের বিরুদ্ধে জয় দাবি করে খামেনি বলেন, “এই যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে—এটা ইতিহাস মনে রাখবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *