খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ জানালেন শেখ হাসিনা

এবিএনএ: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস–কে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকারটি প্রকাশিত হয় মঙ্গলবার দুপুরে। সেখানে খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, “খালেদা জিয়া অসুস্থ—এ খবরটি আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমি চাই তিনি দ্রুত আরোগ্য লাভ করুন।”

২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর দীর্ঘ সময় অসুস্থতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। মহামারির সময় শর্তসাপেক্ষে তার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হলেও বিদেশে চিকিৎসার অনুমতি সে সময়ের সরকার মঞ্জুর করেনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়া পূর্ণ মুক্তি পান এবং দুর্নীতি মামলায় আদালত থেকে খালাসও লাভ করেন।

অন্যদিকে, আন্দোলন দমনে সহিংসতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে, যা বর্তমানে বহির্বিশ্বে আলোচনার বিষয় হয়ে আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *