নতুন রূপে ফিরলো বুলবুল আহমেদের ‘দেবদাস’ সিনেমার অমর গান
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো ‘মহানায়কের গান’ দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় পরিবেশনা, কণ্ঠে তাহসিন ফারজানা তিলোত্তমা।


এবিএনএ: দুর্গাপূজার আমেজে সিলন টির বিশেষ আয়োজন ‘মহানায়কের গান’-এর দ্বিতীয় মৌসুমে দর্শকের সামনে এলো নতুন গান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি অবলম্বনে নির্মিত ও বুলবুল আহমেদ অভিনীত ‘দেবদাস’ সিনেমার অমর গান ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ এবার প্রকাশিত হলো সম্পূর্ণ নতুন আঙ্গিকে।
এই মৌসুমে মোট ছয়টি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। সবগুলো গানেই কণ্ঠ দিয়েছেন মহানায়ক বুলবুল আহমেদের কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা।
এর আগে গত ৪ সেপ্টেম্বর, কিংবদন্তি অভিনেতার জন্মদিনে প্রকাশিত হয়েছিল প্রথম গান ‘সঙ্গিনী’ চলচ্চিত্রের ‘দুটি মন যখন কাছে এল’। গানটি ইতোমধ্যেই দর্শকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এটি গেয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আজাদ রহমানের সুর করা গান।
দ্বিতীয় মৌসুমে আরও থাকছে জনপ্রিয় কয়েকটি গান—‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আবার দুজনে দেখা হল’, এবং ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’।
আজ থেকে গানগুলো দেখা যাবে সিলন টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আয়োজকদের বিশ্বাস, এই পরিবেশনার মাধ্যমে মহানায়ক বুলবুল আহমেদ আবারও দর্শকদের স্মৃতিতে ফিরে আসবেন এক নতুন আবহে।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রথমবার বাবার অভিনীত গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন তিলোত্তমা। এরপর সিলন টির সহযোগিতায় ২০২৩ সালে প্রকাশিত হয় ‘মহানায়কের গান’-এর প্রথম মৌসুম, যা দর্শকমহলে প্রশংসিত হয়েছিল।




