বিনোদন

এক ফ্রেমে দুই কিংবদন্তি! ‘জেলার টু’-তে প্রথমবার মুখোমুখি রজনীকান্ত ও শাহরুখ খান

মার্চে শাহরুখের শুটিংয়ের সম্ভাবনা; ক্যামিও হলেও প্রভাবশালী চরিত্রে চমক দেখাবেন বলিউড কিং

এবিএনএ: ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও শাহরুখ খান প্রথমবারের মতো একই ছবিতে পর্দা ভাগ করতে যাচ্ছেন—এমন খবরে তোলপাড় বিনোদন অঙ্গন। বহুল প্রতীক্ষিত জেলার টু–এ এই দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে বলে জোর গুঞ্জন ছড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যে জানা গেছে, আগামী মার্চে শাহরুখ খানের অংশের শুটিং শুরু হতে পারে। তাঁর দৃশ্যগুলো সম্পন্ন করতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এই অংশের কাজ শেষ হলেই সিনেমার শুটিং কার্যক্রম পুরোপুরি গুটিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্র বলছে, শাহরুখ এখানে অতিথি চরিত্রে থাকলেও ভূমিকাটি হবে গল্পে মোড় ঘোরানো প্রভাবশালী এক উপস্থিতি।

এই চমকপ্রদ তথ্যটি প্রথম প্রকাশ্যে আনেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবিতে রজনীকান্তের পাশাপাশি মোহনলাল, রম্যা কৃষ্ণন ও শিবা রাজকুমার–কেও দেখা যেতে পারে। পাশাপাশি বিদ্যা বালান যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

জানা গেছে, চেন্নাইতে ছবিটির প্রথম দফা শুটিং চলাকালেই রজনীকান্ত তাঁর ৭৫তম জন্মদিন উদযাপন করেন। দর্শকদের প্রত্যাশা মাথায় রেখে ছবিতে থাকবে জমজমাট অ্যাকশন ও বড় ক্যানভাসের দৃশ্য। তবে প্রজেক্টটি নিয়ে রজনীকান্ত বা শাহরুখ—কেউই এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবু গুঞ্জন সত্যি হলে, এটাই হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় তারকা-জুটি চমক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button