আইনি প্রক্রিয়া শেষে মীর কাসেমের ফাঁসি কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ বি এন এ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মীর কাসেমের ফাঁসির রায় কার্যকর করা হবে। আজ বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর ডিগ্রি কলেজের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনী তাদের জীবন দিয়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা প্রতিরোধ করেছে। নিরাপত্তা বাহিনী দেশপ্রেম ও পেশাদারি দিয়ে মানুষের বন্ধু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে দেশবাসী আজ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কিন্তু দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বিশ্বনেতারা প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন। দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ টি এম আবদুল ওয়াহ্হাব, ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ বক্তব্য দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *