Category: বিনোদন

  • অশ্রুসিক্ত গুয়াহাটি: লক্ষ মানুষের শেষ বিদায় সংগীততারকা জুবিন গার্গকে

    অশ্রুসিক্ত গুয়াহাটি: লক্ষ মানুষের শেষ বিদায় সংগীততারকা জুবিন গার্গকে

    এবিএনএ:  গুয়াহাটি রোববার সকাল থেকেই পরিণত হয়েছিল শোকের শহরে। আসামের প্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মরদেহ দেশে পৌঁছাতেই হাজারো মানুষ অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানাতে ভিড় করেন।

    লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন স্ত্রী গরিমা গার্গসহ রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফুলে সাজানো অ্যাম্বুলেন্সে মরদেহ নেওয়া হলে কান্নাভেজা কণ্ঠে শোনা যায়— “জুবিন দা, তুমি অমর।” এরপর শহরের বিভিন্ন সড়ক ঘুরিয়ে মরদেহ নেওয়া হয়, যেখানে সাধারণ মানুষ ফুল, গান ও অশ্রু দিয়ে ভরিয়ে দেন শেষ যাত্রাপথ।

    গুয়াহাটির প্রতিটি রাস্তায় ভক্তদের ঢল নেমে আসে। ভবনের ছাদ, রাস্তার মোড় কিংবা গাছের ডালে দাঁড়িয়ে তরুণ-তরুণী থেকে প্রবীণ— সবাই চোখের জলে স্মরণ করেন প্রিয় শিল্পীকে। অনেকে তাঁর জনপ্রিয় গান গেয়ে বিদায় জানান, শিশুদের হাতে ছিল ফুল, প্রবীণদের ঠোঁটে স্মৃতিচারণা।

    চার দশকের ক্যারিয়ারে জুবিন গার্গ শুধু আসামের নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। গায়ক, সুরকার ও অভিনেতা হিসেবে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বলিউডে তাঁর গাওয়া ‘ইয়া আলি’ গান তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি।

    তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আসাম সরকার ও সাংস্কৃতিক মহল। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, “জুবিনদার প্রয়াণ আমাদের সাংস্কৃতিক ইতিহাসে অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন আসামের গর্ব।”

    রবিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হয় অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানান। পরিবার জানায়, শেষকৃত্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির নেওয়া হবে।

    উল্লেখ্য, শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় ৫২ বছর বয়সী জুবিন গার্গের মৃত্যু হয়। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।

  • ওটিটিতে সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক ডকুফিল্ম ‘জুঁইফুল’ এখন ঘরে বসেই দেখুন

    ওটিটিতে সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক ডকুফিল্ম ‘জুঁইফুল’ এখন ঘরে বসেই দেখুন

    এবিএনএ:  বাংলা গানের অমর কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে কেন্দ্র করে নির্মিত ডকুফিল্ম ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’ এখন ঘরে বসেই দেখা যাবে। চ্যানেল আইতে প্রচারের পর এবার এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। চ্যানেল আইয়ের প্রেস উইং জানিয়েছে, দর্শকের চাহিদা ও আগ্রহ বিবেচনায় ডকুফিল্মটি অনলাইনে উন্মুক্ত করা হয়েছে।

    ডকুফিল্মটির পরিকল্পনা, নির্মাণ ও সঞ্চালনা করেছেন খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এতে দেখা যাবে আর্কাইভাল ফুটেজ, মঞ্চজীবনের দৃশ্য, রেকর্ডিং সেশন এবং পারিবারিক স্মৃতিচারণা। ষাটের দশক থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত সাবিনা ইয়াসমিনের দীর্ঘ শিল্পীজীবনের সংগ্রাম, সাফল্য ও অজানা অনেক গল্প উঠে এসেছে এতে।

    সাবিনা ইয়াসমিনের বিপুল সঙ্গীতভাণ্ডার থেকে মাত্র বারোটি গান নির্বাচিত হয়েছে এই চলচ্চিত্রে। কোনাল, লিজা, ইমরান, ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা নতুনভাবে গানগুলো পরিবেশন করেছেন।

    শাইখ সিরাজ জানিয়েছেন, “সাবিনা ইয়াসমিনের প্রায় পনেরো হাজার গানের মধ্যে বারোটি বেছে নেওয়া কঠিন কাজ ছিল। তবে এই গানগুলোই তাঁর শিল্পীর গভীরতা ও বহুমাত্রিকতা তুলে ধরবে।”

    ডকুফিল্মটিতে রয়েছে অপ্রকাশিত অনেক তথ্য ও মুহূর্ত—ব্যক্তিগত চিঠি, স্টুডিও নোটস, অনুশীলনের দৃশ্যসহ নানা স্মৃতি। সাবিনা ইয়াসমিন বলেছেন, “সিরাজ ভাই যেভাবে পুরো কাজটি সাজিয়েছেন, আমি বিস্মিত। দর্শকরা আমাকে নতুনভাবে দেখবেন। আমার শিল্পীজীবন ও সাফল্য আসলে সহকর্মী, পরিবার এবং শ্রোতাদের অবদানের ফল।”

    তিনি আরও বলেন, এই কাজ বাংলা গানের ইতিহাসকে সংরক্ষণের এক অসাধারণ প্রয়াস। টেলিভিশনে প্রচারের পর ব্যাপক সাড়া পাওয়া গেছে, আর ওটিটির মাধ্যমে এটি আরও বৃহৎ দর্শকের কাছে পৌঁছাবে।

    শাইখ সিরাজ জানান, নির্মাণের আগে দীর্ঘ গবেষণা ও শুটিং শেষে সম্পাদনায় বিশেষ সময় দেওয়া হয়েছে। এতে দেখা যাবে কীভাবে মাত্র ১২ বছর বয়সে আলতাফ মাহমুদের হাত ধরে চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পান সাবিনা ইয়াসমিন, প্রথম পারিশ্রমিকের অভিজ্ঞতা থেকে শুরু করে সাংস্কৃতিক ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা।

    এই ডকুফিল্ম শুধু সাবিনা ইয়াসমিনের জীবনের গল্প নয়, বরং বাংলা সংগীতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে।

  • সালমান শাহ ছিলেন প্রেরণার মহাতারকা: আবেগঘন স্মৃতিচারণায় শাবনূর

    সালমান শাহ ছিলেন প্রেরণার মহাতারকা: আবেগঘন স্মৃতিচারণায় শাবনূর

    এবিএনএ:  ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর ৫৪তম জন্মদিন আজ (১৯ সেপ্টেম্বর, শুক্রবার)। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নিয়েছিলেন তিনি। মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যুর কারণে তিনি বিদায় নিলেও কোটি ভক্তের মনে এখনো অমর হয়ে আছেন এই তারকা।

    চলচ্চিত্রে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটি ছিলেন সালমান শাহ ও শাবনূর। তাদের পর্দার রসায়ন দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। এ জুটি ঢাকাই চলচ্চিত্রে এক নতুন ইতিহাস গড়ে তুলেছিল।

    অস্ট্রেলিয়ায় বসবাসরত শাবনূর বিশেষ এই দিনে আবেগঘন বার্তা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন স্বপ্নের নায়ক। প্রয়াত সালমান শাহ বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা, যিনি এক অকৃত্রিম ভালোবাসার নাম। তিনি এখনো আমাদের হৃদয়ে বেঁচে আছেন, থাকবেন অনন্তকাল।”

    তিনি আরও জানান, “সালমান শাহর কালজয়ী সিনেমাগুলো এখনো দর্শকের হৃদয়ে অমলিন। চলচ্চিত্রে যারা নায়ক হতে এসেছেন, প্রায় সবাই বলেছেন—সালমান শাহ-ই ছিলেন তাদের প্রেরণার উৎস।”

    সবশেষে শাবনূর লিখেছেন, “জন্মদিনে ভালোবাসা আর শ্রদ্ধায় তোমায় স্মরণ করছি। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন, আমিন।”

  • দেশের বৃহত্তম মণিহার সিনেমা হল কি ইতিহাস হয়ে যাচ্ছে?

    দেশের বৃহত্তম মণিহার সিনেমা হল কি ইতিহাস হয়ে যাচ্ছে?

    এবিএনএ: বাংলাদেশের সিনেমা জগতের ইতিহাসে অন্যতম মাইলফলক ‘মণিহার সিনেমা হল’। যশোরে অবস্থিত এই প্রেক্ষাগৃহকে বলা হয় দেশের সবচেয়ে বড় সিনেমা হল। ১ হাজার ৪৩০ আসনের এই বিশাল প্রেক্ষাগৃহ এবার ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

    মণিহারের ব্যবস্থাপক ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, মালিকপক্ষ দীর্ঘদিন ধরেই এ সিদ্ধান্ত নিয়ে ভাবছিল। এতদিন ধরে চালানোর চেষ্টা করা হলেও এখন আর খরচ সামলানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “আগে ভাবা হতো ভালো পরিবেশ দিলে দর্শক আসবে। পরে মাল্টিপ্লেক্স করাও হলো। কিন্তু সিনেমাই যদি না থাকে, দর্শক কোথা থেকে আসবে? মাসে একটি ভালো ছবি থাকলেই টিকে থাকা সম্ভব হতো। এখন যে অবস্থা, শুধু মণিহার নয়, সব সিনেমা হলই বিপদের মুখে।”

    তবে মণিহার ভেঙে ফেলার পরও এর উত্তরাধিকার টিকে থাকবে। মালিকপক্ষ জানিয়েছে, নতুন করে গড়ে ওঠা মার্কেটের মধ্যেই মণিহার সিনেপ্লেক্স চালু রাখা হবে।

    হলের মালিক জিয়াউল ইসলাম মিঠু বলেন, “ছবি নেই, হলে চালাব কীভাবে? এখন বিদেশি সিনেমা চালাতে হচ্ছে, যেটা আগেও বারবার চালিয়েছি। আর সিনেপ্লেক্সে চলছে সালমান শাহ অভিনীত ‘বিক্ষোভ’। এইভাবে ব্যবসা আর টিকিয়ে রাখা সম্ভব নয়।”

    তিনি আরও জানান, বর্তমানে ২৫ জন কর্মীর বেতন, বিদ্যুৎ বিলসহ অন্যান্য ব্যয় এত বেড়ে গেছে যে আর তা বহন করা সম্ভব নয়। তাই শেষ বিকল্প হিসেবে হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ১৯৮৩ সালে সোহেল রানা ও সুচরিতা অভিনীত দেওয়ান নজরুলের পরিচালনায় ‘জনি’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করে মণিহার। নব্বইয়ের দশক পর্যন্ত প্রতিদিন চারটি শোতে দর্শকের ঢল নামত এই প্রেক্ষাগৃহে। এখন সেই গৌরবময় অধ্যায় শেষ হয়ে যাচ্ছে বলেই মনে করছেন অনেকে।

  • শাহরুখ-আমিরসহ বলিউড তারকাদের বিশেষ শুভেচ্ছা নরেন্দ্র মোদির জন্মদিনে

    শাহরুখ-আমিরসহ বলিউড তারকাদের বিশেষ শুভেচ্ছা নরেন্দ্র মোদির জন্মদিনে

    এবিএনএ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার পা রাখলেন ৭৫ বছরে। এই বিশেষ দিনে দেশজুড়ে শুভেচ্ছা বার্তার বন্যায় ভেসে যাচ্ছেন তিনি। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের শীর্ষ তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

    শাহরুখ খান নিজের ব্যস্ত শুটিংয়ের ফাঁকেই ভিডিও বার্তায় মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। হাত জোড় করে শাহরুখ বলেন, “একটি ছোট শহর থেকে বিশ্বমঞ্চে পৌঁছানো আপনার যাত্রা অসাধারণ অনুপ্রেরণাদায়ক। শৃঙ্খলা, কঠোর পরিশ্রম আর দেশের প্রতি আপনার নিবেদন আমাদের জন্য উদাহরণ।” তিনি আরও যোগ করেন, “৭৫ বছর বয়সেও আপনার শক্তি তরুণ প্রজন্মের কাছেও বিস্ময়কর। আমি আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।”

    কিছুদিন আগেই কাঁধে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন শাহরুখ। তাই ভিডিওটি কখন ধারণ করেছেন তা পরিষ্কার না হলেও ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

    অন্যদিকে আমির খান লিখেছেন, “আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, স্যার। ভারতের জন্য আপনার অবদান অম্লান হয়ে থাকবে। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।”

    বলিউডের আরেক তারকা অনিল কাপুর বলেন, “প্রধানমন্ত্রীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন এবং দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান।”

    অজয় দেবগনও মোদির নেতৃত্বের প্রশংসা করে শুভকামনা জানান। বিজয় দেবরকোন্ডা লিখেছেন, “আপনি শক্তির প্রতীক, নিজের লক্ষ্যে সবসময় স্থির। দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন। আপনাকে সম্মান ও আলিঙ্গন।”

    অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত প্রধানমন্ত্রীকে অভিহিত করেন “ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী” হিসেবে।

    মোদের জন্মদিনে বলিউড তারকাদের এই শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

  • “১৬ বছর বয়সে মা হওয়া বাড়াবাড়ি ছিল” – খোলামেলা স্বীকারোক্তি শ্রাবন্তীর

    “১৬ বছর বয়সে মা হওয়া বাড়াবাড়ি ছিল” – খোলামেলা স্বীকারোক্তি শ্রাবন্তীর

    এবিএনএ: মাত্র দশ বছর বয়সেই অভিনয়ের দুনিয়ায় পা রাখেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দ্রুতই নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করলেও, জীবনের শুরুর দিকেই তিনি এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে এবং এর এক বছর পর সন্তান জন্ম দেন তিনি। এই ঘটনা তাকে বারবার আলোচনায় এনেছে এবং আজও প্রশ্নবাণে পড়তে হয় তাকে।

    সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী খোলামেলাভাবে বলেন, “তখন আমি ক্লাস টেনে পড়ি, আর আমার প্রথম সিনেমা ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পায়। এরপর ক্লাস ইলেভেনে পড়ার সময় মা হই। অনেকেই এটাকে অস্বাভাবিক মনে করে, কেউ কেউ বলে ‘এঁচোড়ে পাকা’। সমালোচনাও হয়েছিল প্রচুর।”

    তিনি যোগ করেন, “আসলে তখন বয়স খুবই কম ছিল। ১৬ বছর বয়সে মা হওয়া সত্যিই বাড়াবাড়ি। তবে একদিক দিয়ে সুবিধাও ছিল। কারণ সন্তান হওয়ার কয়েক বছরের মধ্যেই আমি আবার অভিনয়ে ফিরতে পেরেছিলাম। মাত্র ২১ বছর বয়সেই আবার ক্যারিয়ারে ঝাঁপিয়ে পড়ি।”

    অল্প বয়সের অভিজ্ঞতা হয়তো তাকে কঠিন করে তুলেছে, তবে নায়িকা হিসেবে নিজের অবস্থান তিনি শক্তভাবেই ধরে রেখেছেন। এখনো সমান তালে কাজ করে যাচ্ছেন। আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘দেবী চৌধুরাণী’, যা নির্মিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। দীর্ঘদিন পর এই ছবিতে আবারও জুটি হয়েছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী।

    নতুন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, “আমাদের প্রত্যেকের মধ্যেই ‘দেবী চৌধুরাণী’র শক্তি আছে। পরিস্থিতি মানুষকে লড়াই করতে শেখায়, জন্মের সঙ্গে সঙ্গে কেউ তা শিখে আসে না।”

  • অবশেষে সুসংবাদ? ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে প্রথম সন্তান নিয়ে জোর গুঞ্জন

    অবশেষে সুসংবাদ? ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে প্রথম সন্তান নিয়ে জোর গুঞ্জন

    এবিএনএ:  বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই তাদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর-নভেম্বরের মধ্যেই নতুন অতিথির আগমন ঘটতে পারে। যদিও এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

    গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার গর্ভাবস্থা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই তিনি মিডিয়ার সামনে খুব একটা দেখা দিচ্ছেন না। জানা গেছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা মাতৃত্বকালীন দীর্ঘ ছুটি নেবেন এবং সম্পূর্ণ সময়টি পরিবারকে দেবেন।

    সম্প্রতি ভিকি কৌশলের নতুন ছবি ব্যাড নিউজ-এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে তিনি মুচকি হেসে বলেন, “যদি কোনো সুসংবাদ থাকে, আমরা আনন্দের সঙ্গে তা সবার সঙ্গে ভাগ করে নেব। তবে এখন এর কোনো সত্যতা নেই। আপাতত ব্যাড নিউজ উপভোগ করুন, আর যখন গুড নিউজ থাকবে, তখন জানানো হবে।”

    উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গোপনীয়তা বজায় রেখে জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে বিভিন্ন সময় ইনস্টাগ্রামে নিজেদের বিশেষ মুহূর্ত শেয়ার করে ভক্তদের মন জয় করেছেন তারা।

    কাজের দিক থেকে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ঐতিহাসিক পটভূমির সিনেমা ছাভা-তে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ শেষ অভিনয় করেছেন বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবিতে।

  • শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, কুষ্টিয়ায় চিরনিদ্রায় লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীন

    শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, কুষ্টিয়ায় চিরনিদ্রায় লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীন

    এবিএনএ:  বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ও লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন। রোববার দুপুরে তাঁর মরদেহ আনা হলে শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদন করেন।

    শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। সেখানকার পৌর কবরস্থানে মা–বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

    সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সহযোগিতা করে জাসাস। শ্রদ্ধা জানান সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান, বিএনপির সংস্কৃতিক সম্পাদক চিত্রনায়ক উজ্জ্বল, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ বিশিষ্টজনেরা। ভিডিও কলে অংশ নিয়ে সংগীতশিল্পী রুনা লায়লাও ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    বাংলাদেশ বেতার, জাতীয় জাদুঘর, কবি নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন থেকেও শ্রদ্ধা জানানো হয়।

    ফরিদা পারভীন লালনগানকে জনপ্রিয় করতে অবিস্মরণীয় অবদান রেখেছেন। শুধু দেশে নয়, বিশ্বমঞ্চেও তিনি লালনের গান পৌঁছে দিয়েছেন। জাপান, সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নানা দেশে তাঁর কণ্ঠে লালনসংগীত মুগ্ধ করেছে শ্রোতাদের।

    ১৯৮৭ সালে একুশে পদক, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কার অর্জন করেন তিনি। লালনসংগীতের বাইরেও তাঁর কণ্ঠে ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’, ‘এই পদ্মা এই মেঘনা’সহ অনেক গান শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে।

    লোকসংগীতের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ফরিদা পারভীন চিরকাল বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে।

  • সংকটাপন্ন কিংবদন্তি: লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে

    সংকটাপন্ন কিংবদন্তি: লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে

    এবিএনএ:  বাংলা সংগীতাঙ্গনের অন্যতম নক্ষত্র ও লালন সংগীতের মহীরুহ ফরিদা পারভীনের শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    শনিবার দুপুরে শিল্পীর মেয়ে জিহান ফারিহা জানান, “আম্মার অবস্থা আগের তুলনায় অনেক খারাপ। উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।”

    শিল্পীর বড় ছেলে ইমাম জাফর নুমানী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “গত বুধবার থেকে আম্মাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ও রক্তচাপ বন্ধ হয়ে গেছে। বর্তমানে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস ও রক্তচাপ চালু রাখা হয়েছে। দুঃখজনক হলেও চিকিৎসকরা জানিয়েছেন, উন্নতির সম্ভাবনা খুবই ক্ষীণ।”

    পরিবারের সদস্যরা জানিয়েছেন, সরকারি পর্যায় থেকেও নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। তবে চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তার প্রয়োজন নেই। পরিবারের পক্ষ থেকে একটাই অনুরোধ— সবাই যেন ফরিদা পারভীনের জন্য দোয়া করেন।

    হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, “ফরিদা পারভীনের শরীরে মাল্টি অর্গান ফেইলিউর হয়েছে। তার কিডনি ও মস্তিষ্ক কাজ করছে না, ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে, হৃদযন্ত্রে অনিয়মিত স্পন্দন রয়েছে এবং রক্তের সংক্রমণ শরীরজুড়ে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ অতি কম থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হয়নি। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে এবং আগামী কয়েক দিন পরিস্থিতি কোন দিকে যাবে তা বোঝা যাবে।”

    উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে জুলাই মাসেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও নিয়মিত চিকিৎসা চলছিল। গত বুধবার তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে আবারও সংকট দেখা দেয়।

    দেশাত্মবোধক গান দিয়ে সংগীতজীবন শুরু করলেও লালন সংগীতের মাধ্যমেই তিনি নিজস্ব পরিচয় গড়ে তোলেন। গুরুদের কাছ থেকে লালনের দর্শন ও সংগীতের গভীরতা উপলব্ধি করে তিনি গেয়েছেন অসংখ্য কালজয়ী গান, যার মধ্যে রয়েছে ‘মিলন হবে কত দিনে’ ও ‘অচিন পাখি’।

    ১৯৭৮ সালে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক পান। এছাড়া জাপান সরকার তাকে কুফুওয়া এশিয়ান কালচারাল পুরস্কার প্রদান করে। দেশ-বিদেশে আরও অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।

    শুধু গানেই নয়, পরবর্তী প্রজন্মের কাছে লালনের দর্শন ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘অচিন পাখি স্কুল’, যেখানে শিশু-কিশোরদের লালন সংগীত শেখানো হয়।

  • প্রতারণা মামলায় আদালতের স্থগিতাদেশ, স্বস্তি পেলেন শাহরুখ ও দীপিকা

    প্রতারণা মামলায় আদালতের স্থগিতাদেশ, স্বস্তি পেলেন শাহরুখ ও দীপিকা

    এবিএনএ:  বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন রাজস্থানে দায়ের হওয়া প্রতারণা মামলায় আদালত থেকে স্বস্তি পেয়েছেন। হাইকোর্ট মামলাটিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন।

    ঘটনার সূত্রপাত ২৭ আগস্ট, যখন রাজস্থানের কীর্তি সিং নামের এক ব্যক্তি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। তার দাবি, প্রায় ২৩ লাখ ৯৭ হাজার রুপি খরচ করে হুন্দাই কোম্পানির একটি গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু কেনার পর থেকেই গাড়িটিতে নানান সমস্যা দেখা দেয়। বহুবার অভিযোগ জানানো হলেও কোম্পানির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

    গাড়িটি কেনার ক্ষেত্রে শাহরুখ ও দীপিকার করা বিজ্ঞাপনের প্রভাব কাজ করেছে বলে জানান কীর্তি সিং। তিনি দাবি করেন, বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়ে গাড়িটি কেনেন এবং সেই কারণেই দুই তারকার বিরুদ্ধেও মামলা করেন।

    পরে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন রাজস্থান হাইকোর্টে মামলা খারিজের আবেদন জানান। শুনানিতে শাহরুখের আইনজীবী কপিল সিবল যুক্তি দেন, “কোনো সেলিব্রিটি বিজ্ঞাপন করলেই পণ্যের মানের দায়ভার তার ওপর বর্তায় না।” দীপিকার আইনজীবীও একই বক্তব্য রাখেন।

    আইনজীবীরা আদালতকে আরও জানান, অভিযোগকারী প্রায় তিন বছর গাড়িটি ব্যবহার করেছেন এবং ৬৭ হাজার কিলোমিটার চালিয়েছেন। তাই বিষয়টি ভোক্তা আদালতে নিয়ে যাওয়া উচিত ছিল।

    বিচারপতি সুধেশ বংশাল পর্যবেক্ষণে বলেন, মামলার কোনো বাস্তব ভিত্তি নেই। তাই শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা স্থগিত করা হলো।

    উল্লেখ্য, শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। দীপিকা পাড়ুকোন ২০২৩ সালের ডিসেম্বরে একই দায়িত্বে যুক্ত হন।