Tag: মার্কিন দূতাবাস

  • মধ্যপ্রাচ্যে নিরাপত্তা শঙ্কা: সৌদি, ওমান ও সাইপ্রাস থেকে দূতাবাস কর্মী সরাতে যুক্তরাষ্ট্রের নির্দেশ

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তা শঙ্কা: সৌদি, ওমান ও সাইপ্রাস থেকে দূতাবাস কর্মী সরাতে যুক্তরাষ্ট্রের নির্দেশ

    এবিএনএ: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির মধ্যে তিন দেশ থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরব, ওমান ও সাইপ্রাসে কর্মরত মার্কিন দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মীদের দ্রুত দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে পাঠানো নোটিশে এই নির্দেশনার কথা জানানো হয়।

    রিয়াদে হামলার পর সতর্কবার্তা

    রিয়াদ-এ যুক্তরাষ্ট্রের দূতাবাসে সাম্প্রতিক হামলার ঘটনার পর ওয়াশিংটন আশঙ্কা করছে, ভবিষ্যতেও এ ধরনের আক্রমণ ঘটতে পারে। এ প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    ওমান ও সাইপ্রাসেও নিরাপত্তা উদ্বেগ

    ওমানসাইপ্রাস-এ পাঠানো বার্তায় সংক্ষেপে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মীদের দ্রুত প্রত্যাহার করা হবে।

    সোমবার সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। একই দিনে ওমানের দক্ষিণাঞ্চলীয় দুকম বন্দরেও একাধিক ড্রোন আক্রমণের খবর পাওয়া যায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র সতর্কতামূলক এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রভাব কূটনৈতিক মিশনগুলোতেও পড়ছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ওয়াশিংটন।

  • নির্বাচন সামনে রেখে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি

    নির্বাচন সামনে রেখে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি

    এবিএনএ: বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়, নির্বাচন কমিশনের ঘোষণায় আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ ও বিক্ষোভ তত বাড়তে পারে।

    দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া কর্মসূচিতেও হঠাৎ সংঘর্ষ বা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যেকোনো ধরনের বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

    এ ছাড়া নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির দিকে নজর রাখা, নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ করা, ভিড়পূর্ণ এলাকা পরিহার করা এবং অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

  • যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে জরুরি নির্দেশনা

    যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে জরুরি নির্দেশনা

    এবিএনএ:  যুক্তরাষ্ট্রে পড়াশোনার ইচ্ছা থাকলে দেরি না করে এখনই স্টুডেন্ট ভিসার আবেদন করুন—এই পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, উচ্চশিক্ষার জন্য আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের দ্রুত স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করা উচিত, যেন যথাসময়ে ভিসা প্রক্রিয়া শেষ করা যায়।

    পোস্টে বলা হয়, স্টুডেন্ট ভিসা (F-1) পেতে হলে একাধিক ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে অন্যতম হলো—দূতাবাসে সাক্ষাৎকার দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত রাখা। তাই সময় থাকতেই আবেদন প্রক্রিয়া শুরু করার তাগিদ দেওয়া হয়েছে।

    দূতাবাস আরও জানিয়েছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রের শত শত বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়ে থাকেন। এ বছর যাতে কেউ সুযোগ থেকে বঞ্চিত না হন, সেজন্য আগেভাগেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, মার্কিন দূতাবাস নিয়মিতভাবে তাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে স্টুডেন্ট ভিসা, সাক্ষাৎকারের প্রস্তুতি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত দিকনির্দেশনা দিয়ে থাকে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এসব তথ্য নিয়মিত অনুসরণ করার জন্য।