Tag: বাগেরহাট সংবাদ

  • বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বিশৃঙ্খলা: নির্ধারিত সময়ে শুরু হয়নি র‍্যালি, ক্ষোভ অংশগ্রহণকারীদের

    বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বিশৃঙ্খলা: নির্ধারিত সময়ে শুরু হয়নি র‍্যালি, ক্ষোভ অংশগ্রহণকারীদের

    এবিএনএ,বাগেরহাট : বাগেরহাটে নানা অনিয়ম ও ব্যবস্থাপনার ঘাটতির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। নির্ধারিত সময়ের অনেক পরে কর্মসূচি শুরু হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

    রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নারী দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও র‍্যালি শুরু হয়নি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানস্থলে এসে নিজের গাড়িতেই অপেক্ষা করতে থাকেন।

    পরে জেলা প্রশাসক উপস্থিত হলে সকাল প্রায় ১০টার দিকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা থাকলেও মাত্র প্রায় ২৫০ গজ পথ অতিক্রম করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

    এরপর সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন এবং বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীনসহ অন্যান্যরা।

    তবে অনুষ্ঠানস্থলে গণমাধ্যমকর্মীদের জন্য বসার কোনো আলাদা ব্যবস্থা না থাকায় সাংবাদিকদের মধ্যেও অসন্তোষ দেখা যায়।

    র‍্যালি ও আলোচনা সভা চলাকালে কয়েকটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের ছবি তোলাকে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হতে দেখা যায়।

    র‍্যালিতে অংশ নিতে আসা কয়েকজন নারী জানান, রমজান মাস হওয়ায় সকালেই অনেক দূর থেকে এসে দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হলে এ ধরনের ভোগান্তির শিকার হতে হতো না।

    এসব বিষয় নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। একই সঙ্গে সংবাদকর্মীরাও আয়োজনে নানা ত্রুটি-বিচ্যুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

    এ বিষয়ে বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন বলেন, “আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি কিছুটা দেরিতে শুরু হয়েছে। তবে বড় ধরনের কোনো অব্যবস্থাপনা হয়নি।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা অনেক সময় ছোট বিষয়কে বড় করে তুলে ধরেন।” পরে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

  • শরণখোলায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. কামরুল ইসলাম

    শরণখোলায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. কামরুল ইসলাম

    এবিএনএ,শরণখোলা (বাগেরহাট):বাগেরহাটের শরণখোলায় বিআরডিবির চেয়ারম্যান পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ কামরুল ইসলাম চেয়ার মার্কায় ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আম মার্কার মোল্লা মিজানুর রহমান তিনি ২৩ ভোট পেয়েছেন।

    ২৩ ফেব্রুয়ারি সকাল দশটায় বিআরডিবি অফিস মিলনায়তনে ভোট শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৫ জন ভোটার ভোট প্রদান করে। একটি ভোট বাতিল হয়েছে। নির্বাচন পরিচালনা দায়িত্বে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল হাই তার সহযোগিতায় ছিলেন বাগেরহাট জেলা সমবায় অফিসের অডিট কর্মকর্তা মো: আসাদুজ্জামান ও বিআরডিবি উপজেলা কর্মকর্তা লাবনী আক্তার।

    পরে উপস্থিত ভোটার‌ ও সুধীজনদের সামনে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল হাই।

  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম: বাগেরহাটে উৎসবের আমেজ

    প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম: বাগেরহাটে উৎসবের আমেজ

    এবিএনএ,বাগেরহাট: প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই মন্ত্রিসভায় জায়গা করে নিয়ে চমক সৃষ্টি করেছেন লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে তিনি ১ লাখ ২ হাজার ১৯৩ ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হন। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।

    রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সুপরিচিত। বিশেষ করে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানসহ অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। স্থানীয় সূত্র জানায়, তার উদ্যোগে কয়েক লাখ মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন, যা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

    বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম প্রতিক্রিয়ায় জানান, ডা. লায়ন ফরিদুল ইসলাম বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় জেলাবাসী আনন্দিত। তিনি বলেন, অবহেলিত বাগেরহাটবাসীর জন্য এটি একটি বড় প্রাপ্তি।

    তিনি আরও উল্লেখ করেন, জেলাবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। আগামী দিনে সম্মিলিত প্রচেষ্টায় বাগেরহাট জেলার সার্বিক উন্নয়ন ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবাই কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

  • দলীয় শৃঙ্খলা ভাঙায় বাগেরহাটে বিএনপির ৬ নেতা বহিষ্কার

    দলীয় শৃঙ্খলা ভাঙায় বাগেরহাটে বিএনপির ৬ নেতা বহিষ্কার

    এবিএনএ: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাগেরহাট জেলার ছয়জন নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতারা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এজন্য তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    বহিষ্কৃত নেতারা হলেন— জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং মেহেবুবুল হক কিশোর। এছাড়া বাগেরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মাহবুবুর রহমান টুটুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রনি মিনা এবং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সোহেল হোসেন।

    দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • বাগেরহাট কারাগার থেকে ৩ মাস ৮ দিন পর মুক্তি পেলেন ২৩ ভারতীয় জেলে

    বাগেরহাট কারাগার থেকে ৩ মাস ৮ দিন পর মুক্তি পেলেন ২৩ ভারতীয় জেলে

    এবিএনএ: দীর্ঘ তিন মাসেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন বাগেরহাট কারাগারে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

    জানা গেছে, ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা এসব জেলেকে আটক করে। পরে তাদের মংলা থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে পুলিশ আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    কারামুক্তির সময় উপস্থিত ছিলেন খুলনায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার চন্দ্রজিন মুখার্জি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার সেলিম এবং বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) রাশেদুল ইসলাম রানা।

    বাগেরহাট কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে এবং কূটনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে ভারতীয় জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

    প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশের জলসীমা থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কোস্টগার্ডের কাছে এসব জেলেকে বুঝিয়ে দেওয়া হবে।

  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে কাঁকড়া পাচার: বিপুল পরিমাণ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে কাঁকড়া পাচার: বিপুল পরিমাণ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

    এবিএনএ,বাগেরহাট: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের গভীর এলাকা থেকে সংগৃহীত বিপুল পরিমাণ কাঁকড়াসহ পাঁচজন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

    গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতভর পরিচালিত অভিযানে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার কালাবগি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১২ মন ২৫ কেজি বা প্রায় ৪৯০ কেজি অবৈধভাবে আহরিত কাঁকড়া জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৩৯ হাজার টাকা।

    শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কাঁকড়ার প্রজনন মৌসুম চলাকালীন সময়ে নিষেধাজ্ঞা ভঙ্গ করে এসব কাঁকড়া সংগ্রহ ও মজুত করা হচ্ছিল।

    আটককৃত ব্যবসায়ীরা হলেন— তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানা। তারা সবাই খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি এলাকার বাসিন্দা।

    জব্দকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

    উল্লেখ্য, কাঁকড়ার প্রজনন সুরক্ষায় প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনে কাঁকড়া শিকার, পরিবহন ও বেচাকেনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে।

  • বাগেরহাট প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি শুনু, সম্পাদক লিটন নির্বাচিত

    বাগেরহাট প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি শুনু, সম্পাদক লিটন নির্বাচিত

    এবিএনএ: বাগেরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন লিটন।

    নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হয়েছেন, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি এস এম রাজ। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, যমুনা টেলিভিশনের সাংবাদিক ইয়ামিন আলী। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার আমিরুল ইসলাম বাবু।

    দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন- আর টিভির এস এম সামছুর রহমান। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন স্টার টিভির এস এস সোহান এবং ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪–এর প্রতিনিধি আরিফুল ইসলাম।

    এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সময় টিভির আলী আকবার টুটুল, এনটিভির তরফদার রবিউল ইসলাম, দৈনিক জন্মভূমির মোল্লা আব্দুর রব, বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, গ্লোবাল টিভির সোহেল রানা এবং দৈনিক ভোরের দর্পণের সৈয়দ শওকত হোসেন।

    নির্বাচন শেষে রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান। এ সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অলিপ ঘটক। নবনির্বাচিত কমিটির মাধ্যমে বাগেরহাটের সাংবাদিক সমাজে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

    বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন, আমেরিকা থেকে প্রকাশিত সংবাদ সংস্থা এবিএনএ এর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকত আলী শিমুল। বাগেরহাট টুয়েন্টিফোর এর সম্পাদক ও প্রকাশক খোন্দকার নিয়াজ ইকবাল।

  • রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে নিয়োগ ও অর্থ কেলেঙ্কারি: তদন্তে নামছে দুদক

    রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে নিয়োগ ও অর্থ কেলেঙ্কারি: তদন্তে নামছে দুদক

    এবিএনএ:  বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে দুর্নীতির অভিযোগে তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগ প্রক্রিয়া, টেন্ডার এবং সম্পদ বিক্রির ক্ষেত্রে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগে অনিয়ম, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং সরকারি মালামাল অবৈধভাবে বিক্রি করে অর্থ আত্মসাতের বিষয়টি অনুসন্ধান করবে দুদক।

    দুদক সূত্র বলছে, এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • দুই বাল্ব-এক ফ্যান-এক ফ্রিজ, বিদ্যুৎ বিল ৩ লাখ টাকা! চা দোকানির চরম বিস্ময়

    দুই বাল্ব-এক ফ্যান-এক ফ্রিজ, বিদ্যুৎ বিল ৩ লাখ টাকা! চা দোকানির চরম বিস্ময়

    এবিএনএ:  মাত্র দুটি বাল্ব, একটি ফ্যান আর একটি ফ্রিজ চালিয়ে মাসিক বিদ্যুৎ বিল দাঁড়াল ৩ লাখ ১ হাজার ৭৪৬ টাকা! এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাজারে। ছোট্ট চায়ের দোকান চালানো অপূর্ব কুন্ডু বিল হাতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন।

    অপূর্ব জানান, বহু বছর ধরে একই দোকানে ব্যবসা করছেন তিনি। সাধারণত মাসে ৩৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসত। গত মাসে হঠাৎ বিল হয়েছিল ১ হাজার ৮৭৬ টাকা। পরে ফকিরহাট জোনাল অফিস সেই বিল সংশোধন করে মাত্র ৩১৬ টাকা করে দেয়। কিন্তু এবার বিল হাতে পেয়ে তিনি অবাক হয়ে দেখেন, তার নামে এসেছে ৩ লাখ টাকারও বেশি বিদ্যুৎ বিল।

    ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত এসে বিলটি সংগ্রহ করেন। এ বিষয়ে ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ কুমার কুন্ডু বলেন, “বিলিং সহকারীর ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই বিল সংশোধন করে সঠিক পরিমাণে অর্থাৎ ৩১০ টাকা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মচারীকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে।”

    উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও ২০২৩ সালের ডিসেম্বর মাসে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের চা দোকানি তাইজুল ইসলামের নামে ১৩ লাখ ৮৭ হাজার টাকার বিল করা হয়েছিল। অথচ তার প্রকৃত বিল ছিল মাত্র ১৬২ টাকা।