Tag: ফুটবল সংবাদ

  • মাঠে নামতে না পারলেও ভক্তদের পাশে মেসি, রোনালদোর নীরবতা নিয়ে উঠল প্রশ্ন

    মাঠে নামতে না পারলেও ভক্তদের পাশে মেসি, রোনালদোর নীরবতা নিয়ে উঠল প্রশ্ন

    এবিএনএ: চোটের কারণে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মায়ামি। ম্যাচে খেলতে না পারলেও ভক্তদের হতাশা বুঝে সামাজিক মাধ্যমে একটি হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

    ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি জানান, ইকুয়েডরে আগের ম্যাচে অস্বস্তি অনুভব করায় তাকে আগেভাগেই মাঠ ছাড়তে হয়। এরপর ক্লাব কর্তৃপক্ষ ও আয়োজকদের সঙ্গে আলোচনা করে পুয়ের্তো রিকোর ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ম্যাচটি নতুন তারিখে আয়োজন করা হবে এবং তখন ভক্তদের সঙ্গে দেখা হবে। আগেই টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে সমর্থকদের ভালোবাসা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতাও জানান মেসি।

    মেসির এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেক ভক্তই এটিকে পেশাদার আচরণ ও সমর্থকদের প্রতি সম্মানের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। একই সঙ্গে আলোচনা উঠেছে আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে।

    আল-নাসরের হয়ে কয়েকটি ম্যাচে না খেললেও রোনালদো এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেননি। ক্লাবের ট্রান্সফার নীতিতে অসন্তোষ থেকেই তার মাঠের বাইরে থাকা—এমন গুঞ্জন শোনা গেলেও ভক্তদের উদ্দেশে সরাসরি কোনো বার্তা আসেনি পর্তুগিজ তারকার পক্ষ থেকে।

    সমর্থকদের একাংশের মতে, অন্তত পরিস্থিতি পরিষ্কার করে একটি বক্তব্য দিলে হতাশা কিছুটা হলেও কমত। এই জায়গায় মেসির উদ্যোগকেই এগিয়ে রাখছেন অনেক ফুটবলপ্রেমী।

  • স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির হতাশা, গোলশূন্য ড্র করল ক্রিস্টাল প্যালেস

    স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির হতাশা, গোলশূন্য ড্র করল ক্রিস্টাল প্যালেস

    এবিএনএ:  ক্লাব বিশ্বকাপ জেতা চেলসির জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হলো প্রত্যাশামতো নয়। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসকে হারাতে ব্যর্থ হলো তারা। ৯০ মিনিট লড়াই করেও গোলের দেখা মেলেনি, শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো উভয় দলকে।

    পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি চেলসির খেলোয়াড়রা। অন্যদিকে, পাল্টা আক্রমণে একাধিকবার ব্লুজদের রক্ষণে চাপ সৃষ্টি করে প্যালেস। তবে শেষ বাঁশি পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।

    ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যাচ্ছিল ক্রিস্টাল প্যালেস। এবেরেচি এজের নিখুঁত ফ্রি কিক জালে ঢুকলেও ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় গোলটি। দেখা যায়, শট নেওয়ার সময় প্যালেসের এক খেলোয়াড় প্রতিপক্ষের মানব-প্রাচীরের এক মিটারের ভেতরে ছিলেন। নিয়ম ভাঙায় রেফারি গোলটি বাতিল করেন এবং চেলসিকে ইনডিরেক্ট ফ্রি কিক দেন।

    প্রথম ও দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় ম্যাচ শেষ হয়। মৌসুমের শুরুতেই পয়েন্ট হারিয়ে হতাশ চেলসি সমর্থকরা। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষকে আটকে রেখে সন্তুষ্ট ক্রিস্টাল প্যালেস।

  • মুরাসের কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিল ঢাকা আবাহনী

    মুরাসের কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিল ঢাকা আবাহনী

    এবিএনএ:  এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে ঘরের মাঠে জয় পেতে ব্যর্থ হয়েছে ঢাকা আবাহনী। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মারুফুল হকের দলকে।

    প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় মুরাস, তবে ওলে মারচুকের শট পোস্টের বাইরে চলে যায়। এরপর ১০ ও ১২ মিনিটে মিতুল মারমা দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। আবাহনীও পাল্টা আক্রমণ চালায়—১৩ মিনিটে শাকিল হোসেন, ১৮ মিনিটে সুলেমান দিয়াবাতে এবং ৩০ মিনিটে ইব্রাহিম গোলের ভালো সুযোগ মিস করেন। ফলে বিরতিতে গোলশূন্য সমতা নিয়েই যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপদে পড়ে আবাহনী। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে বাতসুলার ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন আতায় ঝুমাশেভ, যখন আবাহনীর রক্ষণভাগ ছিল অসংগঠিত। গোল খাওয়ার পর সমতায় ফেরার চেষ্টা করলেও মুরাসের গোলরক্ষক ওরেস কোস্তিক এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় শাকিল, দিয়াবাতে ও ইব্রাহিম।

    শেষ মুহূর্তে আক্রমণ বাড়াতে গিয়ে উল্টো বিপদে পড়ে আবাহনী। ৯০তম মিনিটে ডান দিক দিয়ে ঢুকে জোড়া গোল সম্পূর্ণ করেন আতায় ঝুমাশেভ। শক্তিশালী শট ঠেকাতে ব্যর্থ হন মিতুল মারমা।

    পুরো ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলের অভাবই হারের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সমর্থকদের সামনে হারের তিক্ত স্বাদ নিয়ে এবারের মতো বিদায় নিতে হয় ঢাকা আবাহনীকে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে।